চট্টগ্রাম উত্তর জেলা বিএনপিতে এখন চলছে ভাঙা-গড়া। যার সূচনা হয় গত ২৬ এপ্রিল। ওই দিন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া উত্তর জেলার কমিটি ভেঙে দেন। সেই শুরু। এর ধারাবাহিকতায় উত্তর জেলার সব কটি উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন কমিটি ভেঙে নতুন করে গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। এ নিয়ে চলছে নানামুখী মেরুকরণও।
দলীয় সূত্র জানায়, আন্দোলন-সংগ্রামে ব্যর্থতার অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া উত্তর জেলার কমিটি ভেঙে দেন। একই দিন আসলাম চৌধুরীকে আহ্বায়ক ও রাউজান পৌরসভার চেয়ারম্যান কাজী হাসানকে সদস্যসচিব করে দুই সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। আসলাম চৌধুরী উত্তর জেলার ভেঙে দেওয়া কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।
জেলা কমিটি ভেঙে দেওয়ার সপ্তাহ খানেকের মধ্যে উত্তর জেলার অন্তর্ভুক্ত ইউনিয়ন, থানা ও পৌর কমিটি ভেঙে দেওয়া হয়। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এ-সংক্রান্ত একটি চিঠি ৩ মে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরীর কাছে পৌঁছায়। তাতে চট্টগ্রাম উত্তর জেলার আওতাধীন সাতটি উপজেলা ও তিনটি পৌর কমিটি ভেঙে দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার প্রথম আলোকে বলেন, ‘সাংগঠনিক ব্যর্থতার কারণে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি ও তৃণমূল পর্যায়ের কমিটিগুলো ভেঙে দেওয়া হয়। গঠনতন্ত্র অনুযায়ী নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে বলে শুনেছি। আহ্বায়ক কমিটি সভা করে কাজ করার একটি কর্মপন্থাও তৈরি করেছে। তবে মহানগর ও দক্ষিণ জেলা কমিটি ভাঙার কোনো সম্ভাবনা নেই।’
গোলাম আকবর আরও বলেন, ‘আগামী দিনের সাংগঠনিক কর্মকাণ্ড এবং দলের প্রতিটি কর্মসূচি পরিপূর্ণভাবে বাস্তবায়নে নতুন নেতৃত্ব সক্ষম হবে বলে আমরা আশাবাদী। কারণ, আগের কমিটি দলের প্রত্যাশা পূরণ করতে পারেনি। সেই ব্যর্থতা মাথায় রেখে নতুন কমিটির নেতারা সংগঠনকে এগিয়ে নিয়ে যাবেন। সরকার পতনের আন্দোলনে তাঁরা দক্ষতা দেখাতে পারবেন বলে আমরা প্রত্যাশা করছি।’
নেতা-কর্মীরা জানান, বিদায়ী সভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে সাধারণ সম্পাদক আসলাম চৌধুরীর দ্বন্দ্বের কারণে সরকারবিরোধী আন্দোলন জমে ওঠেনি বলে কেন্দ্রের অভিযোগ। বিশেষ করে গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে নিষ্ক্রিয় থাকার অভিযোগ ওঠে। সময়মতো তিনি নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করে আন্দোলন জোরদার করতে পারেননি। এই বার্তা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে পৌঁছে যায়। ফলে শীর্ষ নেতৃত্ব উত্তর জেলার বেশির ভাগ নেতার ওপর ক্ষুব্ধ হন। এদিকে বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী সেই তুলনায় সরকারবিরোধী আন্দোলনে অনেক সক্রিয় ছিলেন। যে কারণে সীতাকুণ্ড এলাকাকে চট্টগ্রামসহ সারা দেশ থেকে কিছুদিনের জন্য হলেও বিচ্ছিন্ন রাখা সম্ভব হয়। এতে আমদানি-রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ে। তাতে সরকারেরও উদ্বেগ বাড়ে। একপর্যায়ে সীতাকুণ্ড এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শত শত সদস্য মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হয়। ওই আন্দোলনে কপাল খুলে যায় আসলাম চৌধুরীর।
আন্দোলনের ব্যর্থতার কথা মানতে নারাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, ‘আন্দোলন ব্যর্থ হয়নি। গোলাম আকবর খোন্দকাররা ষড়যন্ত্র করে কমিটি ভেঙে দিয়েছেন। ভবিষ্যতে আন্দোলন-সংগ্রামে আমরাই মাঠে-ময়দানে থাকব। সেখানেই এসবের জবাব দেব।’
উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘উত্তর জেলা বিএনপির তৃণমূল পর্যায়ের কমিটি গঠন করে ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের নির্দেশনা আছে। প্রতিটি এলাকার রাজনৈতিক অবস্থা ও পরিস্থিতি বিবেচনা করে আমরা বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা কমিটি গঠনের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করেছি। এই মুহূর্তে তৃণমূল পর্যায়ের প্রত্যেক নেতার মনোবল চাঙা করে সংগঠনের মধ্যে গতি আনাই প্রধান কাজ।’
উত্তর জেলা বিএনপির ভেঙে দেওয়া কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের বিতাড়িত করে তৃণমূলে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। ভাঙা-গড়ার বৃত্তের মধ্যে উত্তর জেলা বিএনপির তৃণমূলের নেতারা ঘুরপাক খাচ্ছেন। এসব ভাঙাভাঙিতে সংগঠন কতটুকু গতি পাবে, সেটা সময় বলে দেবে।’