উত্তর জেলা যুবদলে উত্তেজনা চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের কেন্দ্রঘোষিত কমিটির পাল্টা হিসেবে সাতজনের আরেকটি পাল্টা কমিটি ঘোষণা হওয়ায় স্থানীয় রাজনীতিতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর জের ধরে ১৯ ফেব্রুয়ারি কেন্দ্রের অনুমোদিত কমিটির সভাপতিসহ আটজনের ওপর হামলা চালানো হয়। দলীয় কার্যালয় নাসিমন ভবনে এক প্রস্তুতি সভা শেষ করে বের হওয়ার সময় এই হামলা হয়।রাজধানী ঢাকার জনসভায় যোগ দিতে উত্তর জেলা বিএনপি এই প্রস্তুতি সভার আয়োজন করেছিল। যুবদলের একাংশ এই হামলাকে ‘পরিকল্পিত সন্ত্রাস’ বলে মন্তব্য করেছেন।দলীয় নেতারা জানান, ১৯ ফেব্রুয়ারি নাসিমন ভবন চত্বরে হামলার ঘটনায় উত্তর জেলা যুবদলের সভাপতি কাজী সালাহউদ্দিনসহ আটজন আহত হন। এর মধ্যে দুজনের আঘাত বড় ধরনের। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। যুবদলের একাংশ এই হামলাকে ‘পরিকল্পিত সন্ত্রাস’ বলে মন্তব্য করেছেন।উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক সোলায়মান মনজু ১৯ ফেব্রুয়ারির হামলাকে ‘পরিকল্পিত ও সন্ত্রাসী হামলা’ আখ্যা দিয়ে এ জন্য উত্তর জেলা বিএনপির দুই নেতাকে দায়ী করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘তাঁরা গঠনতন্ত্র মানেন না। পেশিশক্তি দিয়ে সবকিছু আদায় করে নিতে চান। কিন্তু সংগঠন চলবে গঠনতন্ত্র মোতাবেক, গায়ের জোরে নয়।’সোলায়মান আরও বলেন, ‘দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনুমোদন নিয়ে যুবদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক উত্তর জেলা যুবদলের কমিটি ঘোষণা করে। এই কমিটি নিয়ে আপত্তি থাকলে কেন্দ্রের কাছে সংশ্লিষ্ট ব্যক্তিরা অভিযোগ দিতে পারেন। কিন্তু পাল্টা কমিটি গঠন করে তাঁরা সংগঠনকে দুর্বল করে দিতে চায়। তাঁদের ব্যাপারে আমাদের আপত্তি আছে। বিষয়টি আমরা কেন্দ্রকে জানিয়েছি।’ দলীয় সূত্র জানায়, গত বছরের ২ নভেম্বর কেন্দ্র থেকে উত্তর জেলা যুবদলের সাত সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এতে কাজী সালাহউদ্দিনকে সভাপতি এবং সোলায়মান মনজুকে সাধারণ সম্পাদক করা হয়। কমিটিতে তিনজন সহসভাপতি, একজন সাংগঠনিক সম্পাদক ও একজন প্রথম যুগ্ম সম্পাদকের নাম ঘোষণা করা হয়। এরপর স্থানীয় বিএনপি নেতারা পাল্টা আরেকটি কমিটি ঘোষণা করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় নেতাদের ঘোষিত পাল্টা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মনসুরুল আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘কেন্দ্র থেকে যুবদলের একটি কমিটি ঘোষণা করা হয়েছে। এরপর গিয়াসউদ্দিন কাদের চৌধুরীও পাল্টা কমিটি গঠন করেন। রাজনীতিতে তিনি আমাদের খুব শ্রদ্ধাভাজন ব্যক্তি এবং তাঁকে মুরুব্বি হিসেবে জানি। পাল্টা কমিটিতে আমাকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়। তাঁর সঙ্গে আমার দেখা হবে। যুবদলের কমিটি বা পাল্টা কমিটির বিষয়ে তাঁর নির্দেশনা আমার কাছে শেষ কথা। তিনি যা বলবেন আমরা তা-ই করব।’ নামিসন ভবনে যুবদলের নেতাদের ওপর হামলার সমালোচনা করে মনসুরুল আলম বলেন, ‘এটা সংগঠনের জন্য ক্ষতি হয়েছে। যাঁরা হামলা চালিয়েছে, তাঁরা সংগঠনের ভালো চান না বলে আমার মনে হচ্ছে। এই কাজ ঐক্যবদ্ধ আন্দোলন-সংগ্রামের জন্য ক্ষতি হয়েছে।’ দলীয় সূত্র জানায়, যুবদলের পাল্টা কমিটির সভাপতি হাসান জসিম কেন্দ্রঘোষিত কমিটিরও সহসভাপতি। তবে ১২ ফেব্রুয়ারি উত্তর জেলা যুবদলের পাল্টা কমিটির যে সভা ডাকা হয়েছে সেখানে তিনি উপস্থিত ছিলেন না। জানতে চাইলে হাসান জসিম বলেন, ‘১২ ফেব্রুয়ারি আমি ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিলাম। তাই ওই দিন সভায় উপস্থিত থাকতে পারিনি।’ আসল কমিটি নাকি পাল্টা কমিটিতে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন—এমন প্রশ্নের জবাবে হাসান বলেন, ‘এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই।’