ফুটবল মাঠে তো কত অঘটনই ঘটে। তবে বিষয়টা যখন চিরবৈরী দুই দেশের জাতীয় পতাকা নিয়ে, তখন এমন ঘটনাকে ‘দুর্ঘটনা’ বলতেই হবে। ২০১২ সালের লন্ডন অলিম্পিক আসরে ঘটেছিল এমনই এক পতাকা-বিভ্রাট। মাঠে নামবে কলম্বিয়া ও উত্তর কোরিয়ার ফুটবল দল। তার ঠিক আগে আগেই অলিম্পিক কর্তৃপক্ষ উত্তর কোরিয়ার পতাকা না দেখিয়ে দক্ষিণ কোরিয়ার পতাকা প্রদর্শন করে। টেলিভিশন ভিডিও ক্লিপে পতাকা-বিভ্রাটের বিষয়টি দেখেন ফুটবলাররা। এমন আকস্মিক ঘটনায় চটে যান উত্তর কোরিয়ার ফুটবল দলের সদস্যরা। বেঁকে বসেন তাঁরা। আর যা-ই হোক, ভুল জাতীয় পতাকাকে সম্মান করে তো মাঠে নামা যায় না!
সে ঘটনার সুরাহা হতে সময় লেগেছিল এক ঘণ্টা। এরপর বল মাঠে গড়ায়। প্রতিবেশী দেশ দুই কোরিয়ার রাজনৈতিক বিতর্কের কারণে দা-কুমড়া সম্পর্ক। সেই শত্রুতার রেশটাই অলিম্পিকে গড়ায় বলে মনে করেছিলেন ক্রীড়া ধারাভাষ্যকারেরা। পরে অবশ্য আয়োজকেরা বিভ্রাটকে ‘লজ্জাজনক ভুল’ হিসেবে আখ্যায়িত করলেও ‘কোনো ক্ষতির কারণ নয়’ বলে দুঃখ প্রকাশ করেছিলেন। খেলার ফলাফলে অবশ্য ২-০ গোলে জিতে যায় উত্তর কোরিয়া।
বিবিসি অবলম্বনে