উত্তরণ মডেল স্কুলে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরতলির বাইপাস সড়ক এলাকায় অবস্থিত উত্তরণ মডেল হাইস্কুলে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন গত ৩১ মার্চ অনুষ্ঠিত হয়েছে। এই বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী সুবিধাবঞ্চিত পরিবারের শিশু-কিশোর।

শিক্ষা মন্ত্রণালয় ঘোষিত স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে ওই দিন সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত বিদ্যালয়ের শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে ভোট দেয়। ৪০০ ভোটার ভোট দিয়ে আটজন প্রতিনিধি নির্বাচিত করে। নির্বাচনে প্রার্থী হয়েছিল ১৮ জন শিক্ষার্থী।

সকাল সাড়ে নয়টায় ওই বিদ্যালয়ে গেলে দেখা যায়, বিপুলসংখ্যক শিক্ষার্থী সারিতে দাঁড়িয়ে ভোট দিচ্ছে। ভোট দিতে কেমন লাগছে, জানতে চাইলে অষ্টম শ্রেণির ছাত্রী তানিয়া খানম ও আসমা আকতার জানায়, ‘জীবনের প্রথম ভোট দিলাম। খুব মজা হচ্ছে। পছন্দের প্রার্থী জিতলে বেশি খুশি হব।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন বলেন, বিদ্যালয়ে শিক্ষার্থী প্রায় ৮০০। এর মধ্যে ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৪০৫ শিক্ষার্থী ভোট দিয়েছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এম এম সিরাজুল ইসলাম বলেন, ‘এই বিদ্যালয়ের অধিকাংশ ছেলেমেয়ে সুবিধাবঞ্চিত পরিবারের। আমরা চাই শিক্ষা থেকে তারা যেন ঝরে না পড়ে। পাশাপাশি বিদ্যালয় থেকেই যেন গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে বড় হয়। এ জন্যই এমন নির্বাচনের আয়োজন করা হয়েছে।’