উত্তরিলা ও তার বাবা
উত্তরিলা আমাদের কল্পনার সাথি, আমাদের অস্তিত্ব, আমাদের অনুপ্রেরণা। সে তার বাবার মেয়ে। এখনো তার শারীরিক স্পর্শ আমরা অনুভব করিনি। কিন্তু প্রতি রাতেই ও তার বাবার মাথায় বিলি কেটে ঘুম পাড়িয়ে দিত আলতো আলতো হাতে। তার বাবা আমায় সব সময় বলত মেয়ের জন্য নূপুর কিনে আনবে। নূপুর পরে সারা ঘর হাঁটবে আর ঝনঝন শব্দের মোহনীয়তায় মুগ্ধ হব আমরা।
একজন বাবা তার মেয়ের কল্পনাতে বুঁদ হতে হতে এমনই অবস্থা। কখনো তার মাথায় আসেনি আমি উত্তরিলার মা, উত্তরিলাকে এই পৃথিবীতে আসতে দিইনি। আমাদের সম্পর্ককে আমি নিজের হাতে হত্যা করেছি। যাওয়ার আগে ওর বাবা আমাকে কোলে তুলে দিয়ে গেছে উত্তরিলার প্রতীকী এক পুতুলকে। আর নিয়ে গেছে এক জোড়া ছোট জুতা। কথা ছিল জন্মানোর পর পরই প্রথম যখন জুতা পরবে এই জোড়াই পরবে।
আমাদের সংসার হয়নি। তাতে কিছু কারও আসে-যায়নি। কিন্তু একজন বাবা তার মেয়ে হারানোর শোকে সেই ছোট জুতাগুলো হাতে নিয়ে কিন্ডারগার্টেন স্কুলের সামনে দাঁড়িয়ে থাকে। আর ছোট মেয়ে দেখলেই তাকে ধরে জুতা পরানোর চেষ্টা করে। সঙ্গে সঙ্গে সব লোকজন আশপাশ থেকে ছুটে আসে।
একটা পাগলের হাত থেকে মেয়েটাকে রক্ষা করে।
মেয়েটার আঁতকে ওঠা মুখ দেখে সবাই পাগলটাকে পাথর ছুড়তে থাকে। কেউ আর পাগলটার দিকে তাকিয়ে দেখে না, এক মমতাময়ী বাবা তার উত্তরিলার দিকে তাকিয়ে আছে জ্বলজ্বল চোখে। উত্তরিলা, যার কথা ছিল নূপুর পরে সারা ঘর হাঁটার, যার কথা ছিল বাবার হাত ধরে ওই জুতা পরে স্কুলে যাওয়ার। এক বাবার করুণ পরিণতি, এখানেই এক বাবার আত্মার মৃত্যু।
l চট্টগ্রাম বন্ধুসভা