কানাডার শীতকাল বেশ লম্বা। তাই বসন্তের প্রথম দিনেই কানাডাবাসী বদ্ধ ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসে খোলা জায়গায়। এমনি এক বসন্তের সকালে ওন্টারিওর পাঁচ অফিস কর্মচারী লাঞ্চ ব্রেকে অফিসের বাইরে এক আইসক্রিম বারে গিয়ে বসল। তারা দালানের সামনে পেতে রাখা বেঞ্চে বসে সূর্যের তাপ উপভোগ করছিল। আইসক্রিম বারের সামনে ছিল একটি ব্যাংকের ব্রাঞ্চ অফিস।হঠাৎ ওরা খেয়াল করে দেখল, ব্যাংকের ড্রাইভওয়েডে একটা লক্কড়ঝক্কড় গাড়ি এসে থামল। ওরা স্পষ্ট দেখতে পেল গাড়ির ভেতর তিনজন ছিল। ড্রাইভারের পাশের সিটে বসা লোকটি এবং পেছনের সিটে বসা লোকটি দ্রুত মুখের ওপর মাস্ক টেনে দিয়ে হাতে বন্দুক বাগিয়ে দ্রুত ব্যাংকের ভেতর ঢুকে গেল। ওদিকে ড্রাইভার গাড়িটিকে পেছনে নিয়ে মূল ফটকের সামনে রাখল, যাতে দ্রুত বেরিয়ে যেতে পারে। গাড়ি স্টার্ট দেওয়াই ছিল। পাঁচ কর্মচারী নিজেদের ভেতর চাওয়াচাওয়ি করল হতবুদ্ধি হয়ে। পাঁচজন তৎপর হয়ে ওঠার আগেই ব্যাংকের ভেতর যে দুজন ঢুকেছিল তারা টাকার ব্যাগ হাতে দ্রুত বেরিয়ে এল বাইরে।এক মুখোশধারী গাড়ির পেছনের দরজার কাছে এসেই হোঁচট খেল। হাতে ধরা বন্দুকের ট্রিগারে পড়ল চাপ এবং নিজ পায়ে করে ফেলল গুলি। অন্য মুখোশধারী চেঁচিয়ে বলে উঠল, ‘ওকে আঘাত করেছে!’ দৌড়ে গাড়ির অন্য দরজার দিকে গেল নিজে গাড়িতে ওঠার জন্য। ড্রাইভার তার কথামতো গাড়ি ছেড়ে দিল তীব্র এক আওয়াজ তুলে, গাড়ি তখনো ব্যাক গিয়ারে ছিল। দ্বিতীয় গানম্যানকে এক ধাক্কায় মাটিতে ফেলে দিল। তবে ড্রাইভার সময়মতো ব্রেকে পা দাবিয়ে ছিল। ঠিক সেই সময় দুটো পুলিশ-কার সেখানে এসে উপস্থিত হলো।হ্যান্ডকাফ পরিয়ে তিন তস্করকে গ্রেপ্তার করার পরও পাঁচ কর্মচারীর মুখ বিস্ময়ে হাঁ হয়ে ছিল, তাকিয়ে দেখছিল একটু আগে ঘটে যাওয়া দুই মিনিটের চেয়েও কম সময়ের স্থূল রসাত্মক নাটকটি। ১০ মিনিটেরও কম সময়ের ভেতর অ্যাম্বুলেন্স এসে আহত ডাকাতটিকে নিয়ে গেল। পুলিশ ব্যাংকের টাকা ব্যাংকে ফিরিয়ে দিল। আর ওদিকে পাঁচ কর্মচারীর ব্রেক টাইমও শেষ হয়ে গেল।ডানিয়েল বাটলার এবং অ্যাথেন রে-এর দ্য ওয়ার্ল্ডস ডাম্বেস্ট ক্রিমিনাল বই থেকে হাসান খুরশীদ