বলা হয় ‘ছাত্রনাম অধ্যয়নং তপ।’ তার মানে কি সকাল-দুপুর-রাতজুড়ে কেবল অধ্যয়ন, অধ্যয়ন আর অধ্যয়ন? মোটেও তা নয়। অন্তত বিপ্লব, রুদ্র, মিঠুন, রুশো, মাহমুদ, সোমা, পূরবী, কণা ও সুজন তা মনে করেন না। তাঁদের কাছে শিক্ষাজীবন মানে শুধুই লেখাপড়া নয়, জীবন মানে আরও অনেক কিছু। গল্প, আড্ডা, গান... জীবনের আরেক নাম ‘আনন্দ-বেদনার কাব্য’। তাই কারমাইকেল কলেজের প্রধান ফটক পেরিয়ে সামনে এগোতেই বাংলা মঞ্চে দেখা মিলল এই আড্ডাবাজ তরুণদের সঙ্গে। ‘পড়ালেখা তো থাকবেই, তাই বলে আড্ডা বন্ধ থাকবে কেন? আড্ডাই তো পড়ালেখায় প্রাণসঞ্চার করে!’ অভিমত পদার্থবিজ্ঞানের শিক্ষার্থী বিপ্লবের।এ দলের সঙ্গে কথা বলে আরও জানা গেল, তাঁরা বই পড়েন, গান শোনেন, চলচ্চিত্র দেখেন এমনকি চলচ্চিত্র বানান! ইতিমধ্যে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে হাত দিয়েছেন কারমাইকেল কলেজ ফিল্ম সোসাইটির এই সদস্যরা। আড্ডায় তাঁরা যখন এসব বলছেন তখন পাশে বসে এক মনে গিটার বাজাচ্ছেন সুজন। বোঝা গেল, সংগীতের প্রতি তাঁর ভালো লাগা আছে বেশ খানিকটা। তাঁর কথায়ও বিষয়টি স্পষ্ট, ‘আমরা গানও করি কিন্তু চলচ্চিত্রের প্রতি আমাদের টান অন্য রকম।’এ সময় গিটারের টুংটাংয়ের ফাঁকে ফিল্ম সোসাইটির সভাপতি রুদ্র বললেন, ‘সবকিছু ঠিকঠাক থাকলে কিছুদিন পরই আমাদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আলোর মুখ দেখবে আশা করি।’ এই চলচ্চিত্রপ্রেমীর দলে আরও আছেন সোমা, মিঠুন ও বিপ্লব। তিনজনই পড়ছেন পদার্থবিজ্ঞানে শেষ বর্ষে। ‘শিক্ষাজীবন তো শেষের পথে, ভবিষ্যতের ভাবনা কি শুধুই চলচ্চিত্র?’ ‘একেবারেই না। তবে যা-ই করি না কেন, বিজ্ঞান ও চলচ্চিত্রের প্রতি ভালোবাসা থাকবে আজীবন।’ বলছিলেন মিঠুন। মিঠুনের কথায় ভরসা রাখা যায় নিঃসন্দেহে। কেননা, এর মধ্যেই বেশ কটি বিজ্ঞান মেলায় অংশ নিয়েছেন এই তরুণ মেধাবীরা।এ তো গেল চলচ্চিত্রপ্রেমী আর বিজ্ঞানপ্রেমীদের কথা। ওদিকে ব্যবস্থাপনা পড়ুয়া মাহমুদের দিন কাটে কী নিয়ে? ‘পেটের দায়ে টিউশনি আর মনের দায়ে আড্ডা! পড়ালেখার ফাঁকে ফাঁকে এই নিয়েই কাটে বেলা...!’ খানিকটা ছন্দের ঢঙে জানালেন মাহমুদ। কিন্তু মাহমুদের বন্ধু রুশো আবার এসব দায়টায় মানেন না। রসায়নবিজ্ঞান পড়ুয়া এই মেধাবী মনে করেন, নিয়মতান্ত্রিকভাবে চললেই জীবনে সাফল্য আসে। তিনি জানালেন, ‘জীবন তো একটাই, সফল হতে গেলে নিয়ম না মেনে উপায় নেই।’কারমাইকেল কলেজের আড্ডায় কথায় কথায় গড়িয়ে যাচ্ছে সময়। ওঁরা সবাই নিজেদের স্বপ্নের কথা বলছেন। এই তরুণদের সেই স্বপ্নের মধ্যেই হয়তো লুকিয়ে আছে আগামী দিনের সম্ভাবনা।