উত্তরের 'ডাক্তারনি দিদি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১২ সালে রাষ্ট্রীয় পুরস্কার পাওয়ার পর পীরগঞ্জে এক পরিচিতি অনুষ্ঠানে রাধারানী রায়। ছবিটি সে সময় তোলা l প্রথম আলো
২০১২ সালে রাষ্ট্রীয় পুরস্কার পাওয়ার পর পীরগঞ্জে এক পরিচিতি অনুষ্ঠানে রাধারানী রায়। ছবিটি সে সময় তোলা l প্রথম আলো

২০১৩ সালের জানুয়ারি মাস। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের ভাবনাগঞ্জ কমিউনিটি ক্লিনিক থেকে রাত একটার দিকে ফোন আসে রাধারানী রায়ের কাছে। অন্তঃসত্ত্বা এক নারী এসেছেন, এখন-তখন অবস্থা তাঁর। ক্লিনিকের এসবিএ (স্কিল্ড বার্থ অ্যাটেনডেন্ট) রাধারানী এই খবরে ছুটে আসেন ক্লিনিকে। দেখেন, থুমনিয়া গ্রামের দিনমজুর মাজেদুরের স্ত্রী ফরিদা বেগমকে ভ্যানে করে আনা হয়েছে। প্রসব-ব্যথায় কাতর তিনি। ফরিদাকে পঞ্চম সন্তান নিতে বারণ করেছিলেন রাধারানী। শোনেননি। ফরিদার অবস্থা দেখে ভয় পেয়ে যান রাধারানী। তাই পীরগঞ্জ উপজেলা সদরের কোনো ক্লিনিকে নিয়ে যেতে বললেন। কিন্তু মাজেদুরের অনুনয়, ‘আট-দশ হাজার টাকা কোথায় পাব? দিদি, উপরে আল্লাহ আর নিচে তুমিই ভরসা। দয়া করে চেষ্টা করে দেখো।’
মাজেদুরের অনুরোধে প্রাণান্ত পরিশ্রম করলেন রাধারানী। ভোর চারটায় ফরিদার কন্যাসন্তান প্রসব হলো। রাধারানী বলছিলেন, ‘আমি ফরিদার চেহারাটা আজও ভুলতে পারিনি।’
ফরিদার মতো আশপাশের দশ গ্রামের এমন শত শত স্বল্পবিত্ত অন্তঃসত্ত্বা নারীর আশা-ভরসায় পরিণত হয়েছেন রাধারানী। এযাবৎ যত প্রসব তিনি করিয়েছেন, একটিতেও বিফল হননি। স্বাভাবিক সন্তান প্রসবের লক্ষ্যপূরণে লাভ করেছেন রাষ্ট্রীয় পুরস্কার।
যেভাবে শুরু: পীরগঞ্জের আরাজি উজ্জ্বলকোঠা গ্রামের নিম্নমধ্যবিত্ত কৃষক নরেন্দ্র রায়ের মেয়ে রাধারানী রায় ১৯৯৯ সালে এসএসসি পাস করেন। কলেজে ভর্তি হলেও ২০০০ সালেই এক্তিয়ারপুর গ্রামের সুদীপ্ত রায়ের সঙ্গে বিয়ে হয়ে যায় রাধারানীর। সুদীপ্ত তখন বেকার যুবক। একটা চাকরির খুব প্রয়োজন হয়ে পড়ে রাধারানীর।
শুধু এসএসসি পাস মেয়ে রাধারানী কেমন চাকরিই বা পেতে পারেন?
২০০৯ সালের মার্চ মাসে ‘ইএসডিও’ নামের বেসরকারি সংগঠনের কমিউনিটি হেলথ ভলান্টিয়ার (সিএইচভি) পদে কাজ করার সুযোগ আসে। এই কাজের সুবাদে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ দিনের প্রশিক্ষণ নেন। ওই মাসেই পীরগঞ্জের ভাবনাগঞ্জ কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য স্বেচ্ছাসেবিকা পদে যোগ দেন। অন্তঃসত্ত্বা মায়েদের সেবা করার দীর্ঘদিনের লালিত নেশা এত দিনে পেশায় পরিণত হয়। স্বাভাবিক সন্তান প্রসব করানোর মধ্য দিয়ে দশ গ্রামের গরিব দুঃখী মানুষের কাছে এসে দাঁড়াতে চান রাধারানী।
প্রশিক্ষণ, কাজ ও পুরস্কার: ২০১০ সালের জুলাই মাসে উপজেলা মাতৃস্বাস্থ্য ও নবজাতক স্বাস্থ্য কমিটির সহায়তায় (এমএনএইচ) রাধারানীকে টাঙ্গাইলের মির্জাপুর ‘কুমুদিনী’ হাসপাতালে প্রশিক্ষণে পাঠানো হয়। সেখানে ছয় মাসের প্রশিক্ষণ নিয়ে ২০১১ সালের ফেব্রুয়ারিতে তিনি এসবিএ হিসেবে ভাবনাগঞ্জের ক্লিনিকে যোগদান করেন।
২০১১ সালের ১৫ ফেব্রুয়ারি। ওই দিন ভাবনাগঞ্জ কমিউনিটি ক্লিনিকে উপজেলার পানিহাটা গ্রামের চম্পারানীর সফল ‘নরমাল ডেলিভারি’ করান। সেই শুরু। এরপর দিনরাত কাজ আর কাজ। ক্লিনিক থেকে যখনই ডাক আসে, তখনই ছুটে যান।
ভাবনাগঞ্জ কমিউনিটি ক্লিনিকের আশপাশের গ্রামগুলোতে রাধারানী রায় ‘ডাক্তারনি দিদি’ নামে পরিচিতি লাভ করেন।
রাধারানীর মতো এসবিএরা কিন্তু সরকারি কোনো আর্থিক সহায়তা পান না। ইএসডিএ ২০১২ সালের জানুয়ারি মাস থেকে মাসিক ৫০০ টাকা হারে সম্মানী দেওয়া শুরু করে রাধারানীকে। এতে দিনে তাঁর বেতন দাঁড়ায় সাড়ে ১৬ টাকা।
২০১২ সালের মার্চ পর্যন্ত ভাবনাগঞ্জ ক্লিনিকে রাধারানীর হাতে সম্পন্ন হয় ৫৯টি স্বাভাবিক ডেলিভারি। ‘জরুরি প্রসূতিসেবায় উল্লেখযোগ্য অবদানের জন্য’ ওই বছর ভাবনাগঞ্জ কমিউনিটি ক্লিনিক রংপুর বিভাগের মধ্যে প্রথম স্থান অধিকার করে। ভাবনাগঞ্জ কমিউনিটি ক্লিনিকটি ‘নিরাপদ মাতৃত্ব দিবস-২০১২’ পুরস্কার লাভ করে। ওই বছরের ২৮ মে ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাধারানীর হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।
রাধারানী ২০১৪ সালের ২৩ জুন পর্যন্ত ২১৫টি স্বাভাবিক প্রসব করান।
ভরসার নাম: পীরগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল মজিদ বলেন, নিরাপদ মাতৃসেবায় রাধারানীর দক্ষতার পরিচয় পেয়ে ক্লিনিকের আশপাশের একাধিক গ্রামের অন্তঃসত্ত্বা মায়েরা সেবা নেওয়ার জন্য তাঁর কাছে ভিড় করছেন।
ভাবনাগঞ্জ ক্লিনিকে আসা সব গর্ভবতী মায়েরই বিনা খরচে স্বাভাবিক প্রসব হচ্ছে রাধারানীর হাতে।
ঠাকুরগাঁও জেলার মাতৃমৃত্যুর হার এখন জাতীয় হারের চেয়ে কম, জানান এমএনএইচ কর্মসূচির জেলা কর্মকর্তা মো. শামসুজ্জামান।