উত্তাপ ঘরের গ্যালারিতেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্লাস, ঘুম, খেলা দেখা—সব রুটিনই মেলাবে এই ফিকশ্চার৷ মডেল নাবিদ মুয়াম্মার ও সিনথিয়া আফরীন৷ ছবি: খালেদ সরকার
ক্লাস, ঘুম, খেলা দেখা—সব রুটিনই মেলাবে এই ফিকশ্চার৷ মডেল নাবিদ মুয়াম্মার ও সিনথিয়া আফরীন৷ ছবি: খালেদ সরকার

‘আবির, ঘুমাতে যাও!’ রাত জেগে চ্যাম্পিয়নস লিগ দেখতে বসলেই বাবার এই এক কথা। ঢাকার বনশ্রীর আবির রায়হান তাই এবার একটু ভয়ে ভয়েই ছিলেন। বিশ্বকাপ ফুটবল দেখতে বসলেও না জানি বাবার ধমক খেতে হয়। আবিরকে অবাক করে দিয়ে সেদিন খাবারের টেবিলে উল্টো বাবাই রাত জেগে খেলা দেখার পরিকল্পনা শুরু করলেন! মাঝ রাতে খাবারের মেন্যু কী হবে, ঘুম থেকে উঠে খেলা দেখা হবে, নাকি খেলা দেখে সবাই ঘুমাতে যাবে—এসব নিয়ে হয়ে গেল একপ্রস্থ আলোচনা। ইতিমধ্যে প্রিয় দলের পতাকা আর জার্সি কেনাও হয়ে গেছে। ঘরের দেয়ালে সেঁটে দেওয়া হয়েছে বিশ্বকাপের ফিকশ্চার। পরিবারের সবাই মিলে প্রিয় দলের খেলা উপভোগ করছেন। চাপা রোমাঞ্চ কাজ করছে বাড়ির সবার মধ্যে। করবে না-ই বা কেন, ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ বলে কথা!
‘খেলা তো দেখছি ঠিকই, কিন্তু সকাল সকাল ক্লাস ধরতে একটু সমস্যাই হচ্ছে। অবশ্য খেলা তো আর আমি একা দেখি না। ক্লাসের সবাই-ই দেখে। দেখা যায়, ক্লাসের সবাই ঢুলুঢুলু চোখে বসে আছে!’ বলছিলেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া আবির। আবিররা অবশ্য ইতিমধ্যে কয়েকজন শিক্ষকের সঙ্গে ‘নতুন নিয়ম’ করে নিয়েছেন। ব্রাজিল আর আর্জেন্টিনার খেলার পরদিন আটটার ক্লাস শুরু হয় আটটা পনেরো মিনিটে। এর চেয়ে বেশি ছাড় পাওয়ার সুযোগ অবশ্য নেই। খেলা নিয়ে উন্মাদনা যতই থাকুক, দৈনন্দিন কাজগুলো তো করতেই হয়। বিশ্বকাপের মধ্যেও তাই ক্লাস-পরীক্ষা-অ্যাসাইনমেন্টের ধকল চলছে।
মোহাম্মদপুরের নাবিদ মুয়াম্মার অবশ্য এ ক্ষেত্রে রেহাই পাচ্ছেন। মাত্রই এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির চাপ থাকলেও পড়ার সময়টা এদিক-ওদিক করে কিছুটা সামলে নিচ্ছেন। ‘আশপাশের সবাই খেলা দেখার প্রস্তুতি নিয়েছে অনেক আগে থেকেই। বড় বড় পতাকা টানিয়ে এলাকা সাজিয়ে ফেলেছে। পরীক্ষার জন্য আমরা বন্ধুরা এত দিন এসবে ছিলাম না৷ ভাগ্যিস খেলা শুরুর আগে আগেই পরীক্ষাটা শেষ হয়েছে!’ বোঝা গেল, এইচএসসি পরীক্ষার্থীদের দলটাও এবার পুরো উদ্যমে যোগ দিয়েছে বিশ্বকাপ উন্মাদনায়। ‘বাসায় তো খেলা দেখছিই। সেকেন্ড রাউন্ডের কয়েকটা খেলা বন্ধুর বাসায় সবাই মিলে দেখব বলে ভাবছি।’ বলছিলেন নাবিদ।

যেন মাঠেই আছি
যেন মাঠেই আছি

বড় বোন সিনথিয়া আফরীনের অবশ্য সেই সুযোগ হবে না। সিনথিয়া বলছিলেন, ‘বাসার বাইরে হয়তো খেলা দেখা হবে না। তবে খেলা দেখার সময় এসএমএস আর ফেসবুকের মাধ্যমে বন্ধুদের সঙ্গে যোগাযোগ থাকছে। বাসায়ও আমরা সবাই খুব মজা করে খেলা দেখছি।’
খেলা শুধু দেখা নয়, উপভোগ করাই উদ্দেশ্য। গলি-ঘুপচির ঢাকা শহরে এক ফ্ল্যাটের বাসিন্দার তালির শব্দও নির্বিঘ্নে পাশের ফ্ল্যাটে পৌঁছে যায়। তাই বলে প্রিয় দল গোটা দুই গোল দিয়ে ফেললে তো মুখে বালিশচাপা দিয়ে চিৎকার করা চলে না! এই একটা মাস, প্রতিবেশীরা একে অপরকে একটু ছাড় দিয়ে সবাই মিলে সময়টা উপভোগ করবে বলেই তরুণদের বিশ্বাস। কাপ কোন দল পাবে বা গোল্ডেন বুট শেষ পর্যন্ত কার হাতে পৌঁছাবে জানা নেই, তবু ছোলা-বুট আর চা-বিস্কুটের বন্দোবস্ত করে প্রতি রাতেই টেলিভিশনের সামনে বসে যাচ্ছেন ফুটবলপ্রিয় দর্শক। নিজেদের ঘরটাই তো তাঁদের কাছে এখন বিশ্বকাপের গ্যালারি৷