উত্তাল দার্জিলিং
উত্তাল ভারতের পশ্চিমবঙ্গের একমাত্র পাহাড়ি জেলা দার্জিলিং। দিনের পর দিন ধরে চলছে বন্ধ্। দাবি একটাই, পশ্চিমবঙ্গ ভেঙে দার্জিলিংকে আলাদা একটি রাজ্যের মর্যাদা দিতে হবে। গোর্খাদের ভাষা, সংস্কৃতি ও স্বাতন্ত্র্য রক্ষায়প্রতিষ্ঠা করতে হবে পৃথক রাজ্য গোর্খাল্যান্ড।গোর্খাল্যান্ডের দাবি নতুন নয়; যেমন নতুন নয় বন্্ধ্। কিন্তু এবার জোরেশোরে এ দাবি ওঠার কারণ হলো তেলেঙ্গানা রাজ্য করার সরকারি সিদ্ধান্ত। কেবল দার্জিলিং নয়, ভারতের দিকে দিকে নতুন-পুরোনো অনেক রাজ্যের দাবিই আবার উচ্চারিত হতে শুরু করেছে। গত ৩০ জুলাই ভারতের কেন্দ্রীয় সরকার দক্ষিণের অন্ধ্র প্রদেশ ভেঙে পৃথক তেলেঙ্গানা রাজ্য গড়ার ঘোষণা দেয়। অন্ধ্র প্রদেশের ২৩ জেলার মধ্য থেকে ১০টি জেলা নিয়ে গঠিত হবে তেলেঙ্গানা রাজ্য। রাজ্য ভাঙা নিয়ে বিরোধিতা থাকায় অস্থিরতা চলছে অন্ধ্রেও।দার্জিলিং আলাদা হয়ে যাক—পশ্চিমবঙ্গের কোনো মূলধারার রাজনৈতিক দলই তা চায় না। সাধারণ মানুষের বেশির ভাগও চায় না গোর্খাল্যান্ড। জাতীয় কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বাম দল বা বিজেপির পশ্চিমবঙ্গের নেতৃত্ব কেউই পশ্চিমবঙ্গকে ভেঙে দার্জিলিংকে পৃথক রাজ্যের মর্যাদা দিতে রাজি নয়।পশ্চিমবঙ্গের বিবেচনায় তুলনামূলকভাবে ছোট জেলা দার্জিলিং। তিন হাজার ১৪৯ বর্গকিলোমিটার আয়তনের এই জেলার জনসংখ্যা ১৮ লাখ ৪২ হাজার ৩৪। রয়েছে মাত্র চারটি মহকুমা। এর একটি আবার প্রায় সমতল। বাঙালি-অধ্যুষিত শিলিগুড়ি মহকুমা। শিলিগুড়ির বাঙালিরা স্বাভাবিকভাবেই চায় না পাহাড়ি রাজ্য গোর্খাল্যান্ডের অন্তর্ভুক্ত হতে। শিলিগুড়িতে গোর্খাল্যান্ডের বিরুদ্ধে আন্দোলনও শুরু করেছে বাঙালিদের সংগঠন ‘আমরা বাঙালি ও বাংলা ভাষা বাঁচাও কমিটি’। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের পৃথক রাজ্যকামী পাহাড়িদের দাবির মধ্যে অনেকেই তেমন যুক্তি দেখেন না।অন্যদিকে, রাজ্যের বিপক্ষে যত যুক্তিই থাক, গোর্খা জনমুক্তি মোর্চা গোর্খাল্যান্ডের দাবিতে অনড়। অব্যাহতভাবে চলছে তাদের বন্ধ্। অনির্দিষ্টকালের এ বন্ধ্ শুরু হয়েছে সেই ৩ আগস্ট। কেবল ছাড় দেওয়া হবে ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের দিন থেকে চার দিনের জন্য। তৃণমূল সরকারের হম্বিতম্বি ও উচ্চ আদালতের নির্দেশনার পরও বন্্ধ্ থেকে পিছু হটছে না মোর্চা। চলমান বনেধর মধ্যে আবার ১৩ ও ১৪ আগস্ট মোর্চা দার্জিলিংজুড়ে পালন করে ‘জনতার কারফিউ’। বলা হচ্ছে, রাজ্যের দাবিতে সহিংস প্রতিবাদ মিছিল করা থেকে বিরত থাকার ব্যাপারে কলকাতা হাইকোর্টের নির্দেশনা বিবেচনায় নিয়ে জনগণকে দিয়েই বন্ধ্ পালনের চেষ্টা এই ‘জনতা কারফিউ’ কর্মসূচি।বনেধর মধ্যে ৭ আগস্ট কলকাতা হাইকোর্ট একটি জনস্বার্থ মামলায় দার্জিলিংয়ের বন্ধ্ অবৈধ এবং অসাংবিধানিক বলে ঘোষণা দেন। আদালত সেখানে স্বাভাবিক জীবন সচল রাখার নির্দেশও দেন জেলা প্রশাসনকে।পশ্চিমবঙ্গের পাহাড়ে অশান্তি আর তা প্রশমনের চেষ্টা চলছে বহুদিন থেকেই। পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে আন্দোলন শুরু সেই ১৯৮০ সালের দিকে। শুরুটা করেছিলেন জিএনএলএফ (গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট) নেতা সুবাস ঘিসিং। তখনো দার্জিলিং জ্বলে উঠেছিল। পাহাড় ছেড়েছিল দেশি-বিদেশি পর্যটক আর ছাত্রছাত্রীরা। পুড়িয়ে দেওয়া হয়েছিল বাড়িঘর ও হোটেল। এভাবেই বছরের পর বছর চলে। ১৯৮৮ সালের ৫ সেপ্টেম্বর রাজ্য সরকার, জিএনএলএফ ও কেন্দ্রীয় সরকারের উদ্যোগে পৃথক স্বশাসিত অঞ্চল ‘দার্জিলিং-গোর্খা পার্বত্য পরিষদ’ গঠন করে সামাল দেওয়া হয় পৃথক রাজ্যের আন্দোলনকে।সে সময় দার্জিলিং সমস্যা সমাধানের জন্য এগিয়ে এসেছিলেন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। সুবাস ঘিসিংকে পার্বত্য পরিষদের চেয়ারম্যান করা হয়। আজকের জনমুক্তি মোর্চা নেতা বিমল গুরুংও ছিলেন জিএনএলএফের অন্যতম নেতা। কিন্তু পরবর্তী সময়ে সুবাস ঘিসিংয়ের সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি জিএনএলএফ ছেড়ে গোর্খা জনমুক্তি মোর্চা গঠন করেন। ২০০৭ থেকে নতুন করে গোর্খাল্যান্ড রাজ্যের আন্দোলনে নামেন বিমল গুরুং।২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসে দার্জিলিং সমস্যা সমাধানের জন্য উদ্যোগী হন। এই লক্ষ্যে গোর্খা জনমুক্তি মোর্চা, ভারতের কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মধ্যে এক ত্রিপক্ষীয় চুক্তি হয়। গঠন করা হয় স্বশাসিত জিটিএ বা গোর্খাল্যান্ড টেরিটরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। জিটিএর প্রধান হন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং।সেই থেকে মোটামুটি ঠিকমতোই চলছিল। কিন্তু ছন্দপতন ঘটায় তেলেঙ্গানা রাজ্য গঠনের ঘোষণা। গোর্খা জনমুক্তি মোর্চা আবার রাস্তায় নেমে দাবি তোলে পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের। এই লক্ষ্যে প্রথম পর্যায়ে তারা গত ২৯ জুলাই থেকে পালন করে ৭২ ঘণ্টার বন্ধ্। তবে তাতে সাড়া দেয়নি কেন্দ্রীয় বা রাজ্য সরকার কেউই। এর পরই ৩ আগস্ট থেকে মোর্চা শুরু করে চলমান অনির্দিষ্টকালের বন্ধ্।টানা বনেধ দার্জিলিংয়ের স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। বন্ধ রয়েছে দোকানপাট, স্কুল-কলেজ ও বেসরকারি অফিস। পর্যটনের পাশাপাশি শিক্ষাশহর হিসেবে পরিচিত দার্জিলিংয়ে পড়তে আসা দেশি-বিদেশি শত শত ছাত্রছাত্রী চলে গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া হুমকি দিয়ে জানিয়ে দেন, রাজ্য সরকার কিছুতেই দার্জিলিংকে পৃথক রাজ্যের মর্যাদা দেওয়ার পক্ষে নয়। দার্জিলিং পশ্চিমবঙ্গেরই অবিচ্ছেদ্য অঙ্গ থাকবে। অন্যদিকে, গোর্খা জনমুক্তি মোর্চাও ঘোষণা দেয়, তারা পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবি থেকে একচুলও সরবে না। আন্দোলন চালিয়ে যাবে। ফলে, এ ইস্যুতে মুখোমুখি হয়ে পড়েছে রাজ্য সরকার ও গোর্খা জনমুক্তি মোর্চা। আন্দোলন দমাতে রাজ্য সরকার ব্যাপক ধরপাকড় চালাচ্ছে। রাজ্যের দাবিতে আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে পুলিশ জিটিএর সাতজন সদস্যসহ প্রায় ২০০ জনকে গ্রেপ্তার করেছে এ পর্যন্ত। কিন্তু ধরপাকড় চালিয়ে যে এ সমস্যার সমাধান হবে না, তা ইতিমধ্যেই প্রমাণিত; যেহেতু ভারতের অন্যান্য অংশে একই ধরনের দাবির সঙ্গে বিষয়টি যুক্ত।