উত্তাল মার্চে উত্তাল বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধুর সাতই মার্চের কালজয়ী ভাষণের ঢেউ লেগেছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও। ৮ মার্চ বেতারে প্রচারিত হয় ওই ভাষণ। আর ওই দিনই শুরু হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের মুক্তিসংগ্রামের আনুষ্ঠানিক প্রস্তুতি। ৮ মার্চ বেলা ১১টার দিকে সভা অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের একটি কক্ষে, এতে স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীরা। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য এ আর মল্লিক। স্বাধীনতাসংগ্রামের প্রতি একাত্মতা প্রকাশ করে সভায় বক্তব্য দেন অধ্যাপক সৈয়দ আলী আহসান, আবদুল করিম, রফিকুল ইসলাম চৌধুরী, ফজলী হোসেন, আনিসুজ্জামানসহ অনেকে। এ সভায় গঠিত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংগ্রাম পরিষদ। উপাচার্য ও ছাত্রদের কৌশলগত কারণে এ কমিটিতে রাখা হয়নি। পরিষদের যুগ্ম আহ্বায়ক করা হয় গণিত বিভাগের ফজলী হোসেন ও বাংলা বিভাগের মাহবুব তালুকদারকে। অসহযোগ আন্দোলনে ছাত্রসংগঠন-অফিসার সমিতি-কর্মচারী সমিতি সক্রিয় ছিল। ১০ মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদের (চাকসু) সহসভাপতি (ভিপি) মোহাম্মদ ইবরাহিম ও সাধারণ সম্পাদক আবদুর রব বিবৃতিতে সশস্ত্র বাহিনীর বাঙালি কর্মকর্তা ও সদস্যদের আহ্বান জানিয়ে বলেন, তাঁরা যেন কোনো অবস্থায়ই অস্ত্রসমর্পণ না করেন।১২ মার্চ বিকেলে অধ্যাপক আবুল ফজলের কাজীর দেউড়ির বাসা ‘সাহিত্য নিকেতন’-এ বুদ্ধিজীবী ও সংস্কৃতিসেবীরা মিলিত হন। সভায় ‘শিল্পী-সাহিত্যিক সংস্কৃতিসেবী প্রতিরোধ সঙ্ঘ’ নামে একটি সংগঠন গঠন করা হয়। সভায় চট্টগ্রাম বেতারের ভূমিকার নিন্দা জানান বক্তারা।এ সংগঠনের উদ্যোগে ১৫ মার্চ লালদীঘি মাঠে গণসমাবেশ হয়। অধ্যাপক আবুল ফজলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন এ আর মল্লিক, সৈয়দ আলী আহসান, নাজমুল আলম, মমতাজউদ্দিন আহমদ, মাহমুদ শাহ কোরেশী, আনিসুজ্জামান এবং ছাত্রনেতাদের মধ্যে আবদুর রব ও মাহবুবুল হক।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক শামসুল আলমের বাসায় ১৭ মার্চ রাতে গোপন বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আতাউর রহমান খান কায়সার, আবু জাফর, ক্যাপ্টেন রফিকুল ইসলাম, ক্যাপ্টেন হারুন আহমেদ চৌধুরী, ক্যাপ্টেন অলি আহমদ ও ক্যাপ্টেন খালেকুজ্জামান চৌধুরী। বৈঠকে পাকিস্তানি হানাদার বাহিনীর সম্ভাব্য আক্রমণ প্রতিরোধ সম্পর্কে আলোচনা হয়।২৪ মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতি প্যারেড মাঠে সাম্প্রতিক গণ-আন্দোলনভিত্তিক সভা, গণসংগীত এবং নাট্যাভিনয়ের আয়োজন করে। প্রাক্তন ছাত্র সমিতি কর্মসূচি-সংবলিত আগুন নামে একটি স্মরণিকা প্রকাশ করে। ওই দিন বিকেলে মুসলিম ইনস্টিটিউট থেকে এ আর মল্লিকের নেতৃত্বে একটি মিছিল প্যারেড মাঠে এসে শেষ হয়।সশস্ত্র যুদ্ধের প্রস্তুতিউপাচার্য এ আর মল্লিকের সহায়তায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মলোটভ ককটেল প্রস্তুতের উদ্যোগ নেওয়া হয়েছিল। এ উদ্যোগের পেছনে ছিলেন কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের চট্টগ্রাম কেন্দ্রের আবদুল হাই, পদার্থবিদ্যা বিভাগের অধ্যক্ষ মোহাম্মদ শামসুল হক, এখলাস উদ্দিন আহমদ ও মিছবাহ উদ্দিন আহমেদ। বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে মলোটভ ককটেল তৈরির এ পরিকল্পনা পরে পরিত্যক্ত হয়। ককটেল তৈরির জন্য কুণ্ডেশ্বরী ঔষধালয় লিমিটেড থেকে আনা বোতলের কাচ ছিল প্রয়োজনের তুলনায় বেশি পুরু। এজন্য ককটেলগুলো যথাসময়ে বিস্ফোরিত হতো না।এ ছাড়া ইতিহাস বিভাগের শিক্ষক ইনামুল হক উপাচার্যের পরামর্শে সশস্ত্র প্রশিক্ষণের জন্য ছাত্র বাছাই করেন ও ডামি রাইফেলগুলো সচল করার উদ্যোগ নেন। স্বল্পসংখ্যক রাইফেল ও গ্রেনেড সংগ্রহ করে ক্যাম্পাসে অল্পদিনের জন্য কিছু ছাত্রকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। কালরাত্রিতে বিশ্ববিদ্যালয় পরিস্থিতিপঁচিশে মার্চ রাতে হানাদার বাহিনী ঢাকায় ঘুমন্ত জনগণের ওপর ঝাঁপিয়ে পড়ে। সেদিন রাত ১১টার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষে বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষকেরা মিলিত হন। ছাব্বিশে মার্চ ক্যাম্পাসে ইস্ট পাকিস্তান রাইফেলসের (ইপিআর) সদস্যদের নিয়ে বেজ ক্যাম্প গঠনের সিদ্ধান্ত হয় এখানে। বিশ্ববিদ্যালয়ের দুই আবাসিক হল আলাওল এবং এফ রহমান হলের প্রাধ্যক্ষ যথাক্রমে রফিকুল ইসলাম চৌধুরী ও আনিসুজ্জামানকে এ ক্যাম্প গঠনের দায়িত্ব দেওয়া হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক হোসাইন কবির তাঁর এক প্রবন্ধে উল্লেখ করেন, ‘ছাব্বিশে মার্চ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তর পরিণত হয়েছিল একধরনের সমর দপ্তরে।’ক্যাম্পাসে পাকিস্তানি বাহিনীর উপস্থিতিক্যাম্প গঠনের খবর পেয়ে পাকিস্তানি বাহিনী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দখল নেয়। তারা আলাওল হলের ছাত্রসংসদের কক্ষে আগুন ধরিয়ে দেয়। আর ক্যাম্পাস ছেড়ে মুক্ত স্বদেশ গড়ার লক্ষ্যে স্বাধীনতাকামী শিক্ষক-শিক্ষার্থীরা রণাঙ্গনে ছড়িয়ে পড়েন। ক্যাম্পাসে মুক্তিবাহিনীচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুক্তিবাহিনীর সদস্যরা পৌঁছেন ১৪ ডিসেম্বর বেলা একটার দিকে। গবেষক মাহবুবুল হকের মতে, ১৩ ডিসেম্বর সন্ধ্যায় যৌথ বাহিনীর নির্দেশে জাফর ইমামের নেতৃত্বে মুক্তিবাহিনীর সদস্যরা সীতাকুণ্ড থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। ১৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় আনুষ্ঠনিকভাবে শত্রুমুক্ত হয়। যুদ্ধদিনের প্রিয় বন্ধু২৯ মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নগরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরদিন থেকে ক্যাম্পাস ছাড়তে শুরু করেন সবাই। এ ক্রান্তিলগ্নে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন কুণ্ডেশ্বরী ঔষধালয় লিমিটেডের প্রতিষ্ঠাতা নূতন চন্দ্র সিংহ। তিনি তাঁরই হাতে গড়া কুণ্ডেশ্বরী বালিকা বিদ্যালয়ের ছাত্রীনিবাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের থাকার ব্যবস্থা করেন। এ কাজে বাবাকে সহয়তা করেন তাঁর ছেলে প্রফুল্লরঞ্জন সিংহ ও তাঁর ভাইয়েরা।