উত্তাল রজনী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের মতো কোথাও যাওয়ার আগে সেখানকার প্রকৃতি-সংস্কৃতি, সদাচার-অনাচারের একটা ছবি আমি মনে এঁকে রাখি। যাওয়ার পর মনে মনে খুঁজতে থাকি, সেই ছবির সঙ্গে আসল চিত্রের মিল-অমিল। ইউরোপে আসার পরও তার ব্যতিক্রম ঘটেনি। সুযোগ পেলেই বাংলাদেশ ও ইউরোপের মিল-অমিল নিয়ে ভাবা এবং লেখা এখন অভ্যাসে দাঁড়িয়ে গেছে। সেই অভ্যাসের তাড়না থেকেই গত শনিবার সন্ধ্যায় ক্যাম্পাসের অদূরে কুইন্স হেড নামে পাঁচতারকা মানের একটা পাবে বন্ধু অ্যাশলে, এডি ও ক্ল্যায়ারের সঙ্গে ঘুরতে গেলাম। মনে হলো, পাশ্চাত্য সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ বিষয় লেখা থেকে বাদ পড়ে গেছে। বিষয়টা হলো, সাপ্তাহিক ছুটিতে পাশ্চাত্য সমাজের উত্তাল রজনী। সপ্তাহের প্রথম কর্মদিবস সোমবার থেকে পুরোদমে কাজে ব্যস্ত থাকার পর শুক্রবার আসার সঙ্গে সঙ্গেই ইউরোপ-আমেরিকা তথা পাশ্চাত্যের দেশগুলোতে শুরু হয়ে যায় সাপ্তাহিক ছুটি উদ্যাপনের আয়োজন। কেউ কেউ পরিবারের সবাইকে নিয়ে শুক্রবার বা শনিবার রাতে খেতে যাওয়ার জন্য মানসম্পন্ন কোনো রেস্টুরেন্টে আগে থেকেই বুকিং দিয়ে রাখেন। নভেম্বর ও ডিসেম্বরে বড়দিন সামনে রেখে এই ছুটির আনন্দের মাত্রাটা বেড়ে যায়। বাংলাদেশের গ্রামগুলোতে ধান কাটার পর যেভাবে বাৎসরিক নবান্ন শুরু হয়, পরিশ্রমী মানুষগুলোর এ সাপ্তাহিক উদ্যাপনটা যেন অনেকটা তেমন। শুক্রবার অফিস শেষ হওয়ার পর পরই পাশ্চাত্যের দেশগুলোর এখানে-ওখানে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা পাব ও নাইট ক্লাবগুলোতে হুড়মুড়িয়ে ঢুকতে থাকে সারা সপ্তাহ ভরে ব্যস্ত থাকা মানুষগুলো। তরুণ-তরুণীদের দলে দলে রাস্তা ভরে হাঁটতে দেখা যায়। ক্লাবগুলোতে উচ্চশব্দের মিউজিকে কান ঝালাপালা হওয়ার মতো অবস্থা। যদিও কান ও মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য সেই শব্দ খুবই ক্ষতিকর। মাতাল ওই মানুষগুলোর মধ্যে সেই শব্দের ক্ষতি যাচাই করার কোনো প্রয়াসই নেই। সন্ধ্যা থেকে শুরু করে মাঝরাত পেরিয়ে প্রায় ভোর পর্যন্ত চলে এদের হইচই। তবে শুক্রবারের চেয়ে শনিবার রাতে ভিড় থাকে বেশি। কারণ, অধিকাংশ অফিসই শনিবার অর্ধদিবস পর্যন্ত খোলা থাকে। ইউরোপের বেশির ভাগ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে শুক্রবার ক্লাস হওয়ার পর সাপ্তাহিক ছুটি শুরু হয়ে যায়। একটা লক্ষণীয় বিষয় হলো, শুক্রবার কিংবা সোমবার ‘বাড়ির কাজ’ জমা দেওয়ার শেষ দিন হলেও সাপ্তাহিক ছুটি উদ্যাপনের জন্য পাশ্চাত্যের ছেলেমেয়েরা শুক্রবারেই কাজ শেষ করে রেখে দেয়। তাই দেখা যায়, প্রায় শুক্রবারেই কোনো না কোনো ব্যাচ বা বিভাগের হইহুল্লোড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় অঞ্চলের পাবগুলো সরগরম থাকে। নগরাঞ্চলে এই হইহুল্লোড়ের মাত্রাটা একটু বেশি। লন্ডনের কেন্দ্রভাগ অক্সফোর্ড সার্কাস, টটেনহাম কোর্ট, পিকাডেলি সার্কাস, ট্রাফালগার স্কয়ার, হলবোর্ন প্রভৃতি এলাকার মতো ইউরোপের প্রায় প্রতিটি নগরের কেন্দ্রভাগই শুক্র ও শনিবার জনসমাগমে ভরপুর থাকে। আর তাই এই দুই দিনের জন্য নগরগুলোতে অতিরিক্ত পুলিশ নিয়োগ করা থাকে। তবে শুধু নগরেই নয়, ছোট ছোট শহর ও গ্রামাঞ্চলে গড়ে ওঠা পাব-বারগুলোও কম-বেশি ভরপুর থাকে তরুণ-তরুণীদের সমাগমে। বছরের পর বছর ধরে সাপ্তাহিক ছুটি উদ্যাপনের এই রীতি পাশ্চাত্যের দেশগুলোতে চলে আসছে। আমার কাছে অবশ্য সব সময়ই আনন্দ উদ্যাপনের বাংলাদেশি রীতিটাই উৎকৃষ্ট মনে হয়।  লেখক: সদস্য, রয়েল সোসাইটি ফর পাবলিক হেলথ, যুক্তরাজ্য।