উত্তাল সমুদ্রেও প্রাণ হাতে নিয়ে মালয়েশিয়া যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তাল সমুদ্রেও প্রাণ হাতে নিয়ে মালয়েশিয়া পাড়ি দিচ্ছে হাজারো মানুষ। দালাল চক্র জেলার অন্তত ৬০টি স্থান দিয়ে মানব পাচার করছে। গত শুক্র, শনি ও রোববার পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্টগার্ডের সদস্যরা জেলার উখিয়া, মহেশখালী ও টেকনাফ উপকূলে অভিযান চালিয়ে সাতজন দালালসহ ১২৮ যাত্রীকে আটক করেছেন।
অনুসন্ধানে জানা গেছে, ঈদের পর ৩০ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত শহরের নুনিয়াছটা, ফিশারিঘাট, নাজিরাটেক, সমিতিপাড়া, সোনাদিয়া, মহেশখালীর গোরকঘাটা, কুতুবজোম, উখিয়ার সোনারপাড়া, ইনানী, ছেপটখালী, টেকনাফের বাহারছড়া, সাবরাং ও শাহপরীর দ্বীপ উপকূল দিয়ে অন্তত ১৫টি ট্রলারে করে সাড়ে তিন হাজার মানুষকে দালাল চক্র মালয়েশিয়া পাঠানোর নামে উত্তাল সমুদ্রে ঠেলে দিয়েছে। এর মধ্যে কয়েকটি ট্রলার মিয়ানমার হয়ে থাইল্যান্ড পৌঁছালেও কিছু ট্রলারের হদিস নেই। ওসব ট্রলারের অধিকাংশ যাত্রী রাজশাহী, রংপুর, কুড়িগ্রাম, নরসিংদী, ময়মনসিংহ, নারায়ণগঞ্জসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার বাসিন্দা। মালয়েশিয়ায় ভালো চাকরির প্রলোভন দিয়ে নগদ ২০ থেকে ৩০ হাজার টাকা হাতিয়ে নিয়ে দালাল চক্র প্রথমে যাত্রীদের মাছ ধরার ছোট ট্রলারে তুলে দেয়। থাইল্যান্ড পৌঁছে যাত্রীদের আটকে রেখে পরবর্তী সময়ে দালাল চক্র মাথাপিছু এক লাখ ৯০ হাজার টাকা করে হাতিয়ে নিচ্ছে।
৪ আগস্ট যাত্রীবোঝাই একটি ট্রলার শহরের নাজিরাটেক এলাকায় বিধ্বস্ত হয়। এ সময় নরসিংদীর আলম শেখ (৩৫) নামের এক যাত্রীর মৃত্যু হয়। স্থানীয় লোকজন উদ্ধার করায় অন্য যাত্রীরা প্রাণে রক্ষা পায়।
ওই ট্রলার থেকে উদ্ধার হওয়া যাত্রী নরসিংদীর রায়পুর উপজেলার আদিয়াবাসকান্দা গ্রামের জহিরুল হকের ছেলে মোহাম্মদ শাহীন (৩৫) জানান, তিনিসহ ৩০ জন যাত্রী মালয়েশিয়া যাত্রাকালে উত্তাল সমুদ্রের ঢেউয়ের তোড়ে ট্রলারটি বিধ্বস্ত হয়। এ সময় একটি তেলের ড্রাম ধরে তিনি উপকূলে ফিরে আসেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান জানান, গত শনিবার রাত ১০টার দিকে পুলিশ শহরের সাংস্কৃতিক কেন্দ্রের সামনের ‘সি-টাউন’ নামের একটি হোটেলে অভিযান চালিয়ে দুই দালালসহ মালয়েশিয়াগামী ১৩ জন যাত্রীকে আটক করে। তিনি আরও বলেন, বৈরী পরিবেশের কারণে সাগর উত্তাল থাকা সত্ত্বেও দালাল চক্র মালয়েশিয়া পাঠানোর নামে অসহায় লোকজনকে ইঞ্জিনচালিত নৌকায় তুলে সাগরে ঠেলে দিচ্ছে।
কোস্টগার্ড কক্সবাজার স্টেশনের কন্টিজেন্ট কমান্ডার শহীদুল ইসলাম বলেন, ৯ আগস্ট রাত সাড়ে নয়টার দিকে সোনাদিয়া চ্যানেলে অভিযান চালিয়ে মালয়েশিয়াগামী ৫৬ জন যাত্রীকে আটক করা হয়। মানবপাচার বন্ধ করতে দালালদের ধরার চেষ্টা চলছে।
উখিয়া থানার ওসি অংসা থোয়াই জানান, ১০ আগস্ট বিকেলে যশোরের দালাল নোমান (২২) একটি মাইক্রোবাসে করে নয় যাত্রীকে মালয়েশিয়া পাচারের জন্য টেকনাফের উদ্দেশে রওনা হন। এ সময় কোটবাজার থেকে পুলিশ তাঁদের আটক করে। এর আগে উখিয়া ও টেকনাফ থানার পুলিশ ও বিজিবি পৃথক অভিযান চালিয়ে পাঁচ দালালসহ আরও ৫০ জন যাত্রীকে আটক করে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন জনপ্রতিনিধি জানান, সোনাদিয়া, মহেশখালী, নাজিরাটেক, সমিতিপাড়া, ইনানী, বাহারছড়া, টেকনাফ, শাহপরীর দ্বীপ, সাবরাং, জালিয়াপাড়াসহ জেলার অন্তত ৬০টি স্থানে ১৯টি সিন্ডিকেটের চার শতাধিক সদস্য (দালাল) সমুদ্রপথে মালয়েশিয়ায় মানবপাচারে তৎপর রয়েছে। মাঝেমধ্যে যাত্রীসহ কিছু দালাল ধরা পড়লেও অন্যরা থাকে ধরাছোঁয়ার বাইরে।
পুলিশের এক কর্মকর্তা জানান, আগে কক্সবাজারের মানুষ সমুদ্রপথে মালয়েশিয়া যেত। এখন উত্তরাঞ্চলের অভাবী মানুষ মালয়েশিয়া যাওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ছে। এর মধ্যে ৫ শতাংশ যাত্রী প্রায় দুই লাখ টাকা পরিশোধ করে মালয়েশিয়া পৌঁছতে সক্ষম হলেও অন্যদের জায়গা হয় মিয়ানমার ও থাইল্যান্ডের কারাগারে। কেউ কেউ সমুদ্রে নিখোঁজ হচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ বলেন, কক্সবাজারসহ দেশের ১৯িট জেলার ছয় শতাধিক দালালকে ধরার জন্য পুলিশ মাঠে নেমেছে। ইতিমধ্যে ২০ জনের বেশি দালালকে ধরা হয়েছে। গত সাত দিনে পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মালয়েশিয়া পাচারের সময় তিন শতাধিক যাত্রীকে উদ্ধার করেছেন। তার পরও কিছু দালাল আত্মগোপনে থেকে মানবপাচারের কাজ চালিয়ে যাচ্ছে।