উত্ত্যক্তকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিদ্যালয়-কলেজগামী ছাত্রী অথবা যেকোনো নারী ও শিশুকে কেউ উত্ত্যক্ত করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। উত্ত্যক্তকারী প্রভাবশালী ব্যক্তি হলে স্থানীয় লোকজন যেন গোপনে তা প্রশাসনকে জানান। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে।’ ২ অক্টোবর কাপ্তাইয়ে ইভ টিজিং, মাদকের অপব্যবহার, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী আলোচনা সভায় পার্বত্য প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার এসব কথা বলেন। তিনি বলেন, ‘একইভাবে মাদকসেবন করে কেউ বিশৃঙ্খলা করলে এবং সন্ত্রাস ও জঙ্গিবাদের সঙ্গে জড়িত থাকলে তাঁকেও আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়া হবে।’ উপজেলা চেয়ারম্যান অংসুই চাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাজেরা খাতুন, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির সরকার। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজালালের উপস্থাপনায় আলোচনায় অংশ নেন কেপিএম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, কর্ণফুলী কলেজের অধ্যক্ষ মোমিনুল ইসলাম, বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আনোয়ার হোসেন, চিৎমরম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থোয়াইচিং মারমা, উপজেলা তথ্য কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার ও কর্ণফুলী কাগজকল সিবিএ সাধারণ সম্পাদক মাকছুদুর রহমান। এর আগে ইভ টিজিং, মাদকের অপব্যবহার এবং সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে শোভাযাত্রা বের করা হয়।