উত্সবে মুখর নগর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরের শুরুর তিন মাস এবং শেষের এক মাস চট্টগ্রাম হয়ে উঠেছিল উত্সবের নগর। ফেব্রুয়ারিতে ছিল একুশ মেলা, বসন্ত উত্সব, আন্তর্জাতিক শিল্পপণ্য মেলা, মার্চে স্বাধীনতার বইমেলা ও চট্টগ্রাম উত্সব এবং বাঙালি সংস্কৃতি মেলা । বাঙালিয়ানার জয়গান ছিল পয়লা বৈশাখের বৈচিত্র্যময় আয়োজনে। ডিসি হিল, সিআরবি, বাওয়া স্কুল মাঠ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হয়ে উঠেছিল বাঙালির মিলনকেন্দ্র। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে পয়লা বৈশাখের অনুষ্ঠান আলোড়ন সৃষ্টি করে। কারণ এর আগে একটি মৌলবাদী সংগঠন অঘোষিতভাবে ক্যাম্পাসে সাংস্কৃতিক কর্মকাণ্ড ও মুক্তবুদ্ধির চর্চার ওপর নিষেধাজ্ঞা জারি করে রেখেছিল। সিআরবির বর্ষবরণ ও বিদায় অনুষ্ঠানের অন্যতম আয়োজক নাট্যজন শেখ শওকত ইকবাল বলেন, ‘সিআরবিতে প্রথম আয়োজন হিসেবে ভয় ছিল, কেমন সাড়া পাই। তবে প্রাপ্তি ছিল অভূতপূর্ব। এবারও প্রস্তুতি শুরু করেছি। বড় আঙ্গিকে ব্যতিক্রমী কিছু উপহার দেওয়ার চেষ্টা করব।’অন্যদিকে ডিসেম্বরে মুক্তিযুদ্ধের বিজয় মেলা ও ‘স্মৃতি ৭১’ শীর্ষক মুক্তিযুদ্ধের বইমেলায় ছিল নতুন বাংলাদেশ গড়ার শপথ। এ ছাড়াও জাতীয় মূকাভিনয় উত্সব ও জাতীয় ছোটকাগজ উত্সব সাড়া জাগায় সাংস্কৃতিক অঙ্গনে।শওকত বাঙালি বলেন, ‘স্মৃতি ৭১ শীর্ষক মুক্তিযুদ্ধের বইমেলা হলেও তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করাই ছিল মূল লক্ষ্য। সেদিক দিয়ে আমরা সফল। বাংলা একাডেমী, নজরুল ইনস্টিটিউট, শিশু একাডেমীসহ ৩০টি প্রতিষ্ঠানের অংশগ্রহণও বইমেলার বড় প্রাপ্তি বলে আমি মনে করি। তবে দুঃখজনক যে, চট্টগ্রামের কোনো প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা পাইনি। সহযোগিতা পাইনি প্রকাশনা সংস্থাগুলোরও। আমরা করবো জয়-এর নিজস্ব তহবিল থেকেই অনুষ্ঠানের খরচ চালিয়েছি। আগামীদিনে আরও বড় আঙ্গিকে বইমেলা আয়োজনের ইচ্ছে আছে।’ অন্যদিকে গান, নাটক, আবৃত্তি অঙ্গন ছিল সরব-নীরব মিলিয়ে। তবে বছরের শেষদিকে বিভিন্ন প্রযোজনা নিয়ে ব্যস্ত ছিল নাট্যদলগুলো। এ বছর আমরা হারিয়েছি গণসংগীতের দিকপাল হরিপ্রসন্ন পাল, বাংলার হেমন্ত খ্যাত প্রবাল চৌধুরী ও মরমি গানের জনপ্রিয় শিল্পী সেলিম নিজামীকে। এ বছরের আলোচিত বিষয় ছিল চট্টগ্রামের অডিও বাজারে ধস ও প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে যাওয়া। গত বছরের ২০-২২ মার্চ থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে অনুষ্ঠিত হয় জাতীয় মূকাভিনয় উত্সব। মূকাভিনয়চর্চার সমস্যা ও সম্ভাবনা: প্রেক্ষিত বাংলাদেশ’ কর্মশালা ছাড়াও কয়েকটি মূক নাটক ছিল উল্লেখ করার মতো। সম্মিলিত পয়লা বৈশাখ উদ্যাপন পরিষদের আয়োজনে ১৩ ও ১৪ এপ্রিল ডিসি হিলে বসেছিল বর্ষবিদায় ও বরণ উত্সব। পয়লা বৈশাখ সকালে ছিল পান্তা-ইলিশ ভোজন। রেলওয়ে সিআরবিতেও প্রথমবারের মতো ব্যাপক আয়োজন ছিল। সরকারি চারুকলা কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রাম চারুশিল্পী সম্মিলন পরিষদ।