উত্সাহ বাড়িয়ে দিল প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষক গাজি রাকায়েতের সহযোগিতায় চলছে দৃশ্যধারণ। ছবি: সংগৃহীত
শিক্ষক গাজি রাকায়েতের সহযোগিতায় চলছে দৃশ্যধারণ। ছবি: সংগৃহীত

সময়টা বিকেল গড়িয়ে সন্ধ্যা। কিন্তু কারোরই বাড়ি ফেরার তাড়া দেখা যাচ্ছে না। সবাই বেশ উত্তেজিত। এ রকম বড় পরিসরে প্রথম প্রদর্শনী বলে কথা! কেউ বলছেন, ‘এই এখন আমার শো’, আরেকজন বলছেন, ‘মিস করেছিস বন্ধু, লক্ষ্যাপাড়, মানসী আর মুক্তাঞ্চলের শোটা একটু আগেই শেষ হয়ে গেল।’ দেয়াল সেজেছে বেলুন আর লাল-নীল কাপড়ে। সেখানে দাঁড়িয়েই ছবি তুলছিলেন কয়েকজন।
তাঁরা সবাই বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রথম ব্যাচের শিক্ষার্থী। গত ১ নভেম্বর ছিল বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। এই উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি ১ ও ২ নভেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করে। উদ্যাপনের দুই দিনই প্রথম ব্যাচের শিক্ষার্থীদের নির্বাচিত কিছু ডিপ্লোমা চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠান প্রদর্শনী হয়েছে। তাঁদের সঙ্গে কথা বলতেই ২ নভেম্বর বিকেলে হাজির হই জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে।
প্রথম চলচ্চিত্র নির্মাণ প্রশিক্ষণ কোর্সের শিক্ষার্থী হুমায়ুন কবির। তাঁর চলচ্চিত্রটির নাম ওঙ্কার। তিনি বলেন, ‘ইনস্টিটিউট থেকে আমাদের সব ধরনের সহযোগিতা করা হয়েছে। তাই খুব বেশি সমস্যায় পড়তে হয়নি। কিন্তু শুটিংয়ের সময় অনেক ধরনের কাজই আমাকে করতে হয়েছে। যেমন আলোকসজ্জার জন্য সিলিংয়ের ফ্যান খুলে সেখানে লাইট লাগিয়েছি। একটা দৃশ্যে ছিল, অভিনেতা পানির কল খুলে মুখ ধুচ্ছেন। দেখা গেল খুলতে গিয়ে কলটি ভেঙেই ফেললেন। আমি ওই শটটিই রাখলাম। মনে হলো তাতে করে চরিত্রটির বিক্ষিপ্ত মানসিক অবস্থা ভালোভাবে বোঝানো যাবে।’
পাশে দাঁড়িয়ে ছিলেন চৌধুরী নাইম বিন আতিক। ‘আমার চলচ্চিত্রটির নাম অ্যাট দ্য অ্যান্ড অব অ্যা এন্ডলেস রিভার। এই ছবিতে দেখিয়েছি সমাজের সন্ত্রাসবাদ।’
আপনার ছবিতে চিত্রগ্রহণ, সম্পাদনার কাজ কারা করেছেন? প্রশ্ন করতেই হেসে বললেন, ‘আমরা সবাই মিলেই করেছি। যেমন আমার ছবির সম্পাদনা করেছেন হুমায়ুন কবির আর শিল্প নির্দেশনায় ছিলেন মনতোষ চক্রবর্তী। আবার হুমায়ুন কবিরের চলচ্চিত্রে আমি ছিলাম প্রোডাকশন ম্যানেজারের দায়িত্বে। বলতে পারেন, সবার চলচ্চিত্রেই সবাই কাজ করেছি। মিলেমিশে।’
এ আয়োজন নিয়ে কথা হলো বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রধান নির্বাহী মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘এ রকম আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতে আয়োজনের পরিধি আরও বাড়বে। অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের চলচ্চিত্র ও টেলিভিশন শিক্ষায় যাঁরা পড়াশোনা করছেন, তাঁদের চলচ্চিত্র নিয়েও আমরা উত্সবের আয়োজন করব। তরুণদের চিন্তার প্রতিফলন দেখা যায় তাঁদের চলচ্চিত্রে। তাই তাঁদের যত বেশি পৃষ্ঠপোষকতা দেওয়া যাবে, ভবিষ্যৎ প্রজন্ম ততই এর সুফল পাবে।’