উদীচীর চট্টগ্রাম বিভাগীয় গণসংগীত প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার লড়াই আমার গান, উঠবে জেগে সর্ব প্রাণ’ স্লোগানে উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে গত শুক্রবার চট্টগ্রাম বিভাগীয় গণসংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নগরের এনায়েতবাজার মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় উদীচীর ১০টি সংসদের প্রতিযোগীরা অংশ নেন। সংসদগুলো হচ্ছে চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, রাঙামাটি, বান্দরবান, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
তিনটি বিভাগে দলীয় গণসংগীত প্রতিযোগিতায় ছয়টি দল ও একক প্রতিযোগিতায় ৫০ জন প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতায় বিচারক ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মৃণাল ভট্টাচার্য, গণসংগীতশিল্পী মিলন মজুমদার, শিল্পী কল্পনা লালা, মালবিকা দাশ, গোপা দাশগুপ্তা, শিপ্রা দে ও মৃণালিনী চক্রবর্তী। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সহসভাপতি রবিন দে। সাধারণ সম্পাদক অধ্যাপিকা শীলা দাশগুপ্তার সঞ্চালনায় বক্তব্য দেন উদীচীর বিভাগীয় কমিটির আহ্বায়ক ডা. চন্দন দাশ, কুমিল্লা জেলা সংসদের সহসভাপতি শেখ ফরিদ আহমেদ, চট্টগ্রাম জেলা সংসদের সহসভাপতি সুনীল ধর, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংসদের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় বিজয়ীদের সনদ বিতরণ করা হয়। ৩ মার্চ জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল।
উল্লেখ্য, ২৮ ও ২৯ মার্চ ঢাকায় শিল্পকলা একাডেমিতে জাতীয় গণসংগীত প্রতিযোগিতা ও সত্যেন সেন উৎসব অনুষ্ঠিত হবে।