১২ আগস্ট নগরের ফুলকির এ কে খান মিলনায়তনে উদীচী চট্টগ্রাম জেলা সংসদ উদ্যোগে রবীন্দ্র-নজরুল-সুকান্ত স্মরণে আয়োজন করা হয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি বেগম মুশতারী শফির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজবিজ্ঞানী ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। অনুষ্ঠানে বক্তব্য দেন উদীচী চট্টগ্রামের সহসভাপতি অধ্যাপক বাদল বরণ বড়ুয়া। সঞ্চালনা করেন অনন্যা চৌধুরী ও উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক শীলা দাশ গুপ্তা।
আলোচনা সভার পর আয়োজন করা হয় তিন পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠানের। শুরুতে সত্যেন সেন গণসংগীত প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। সনদপত্র বিতরণের পর রবীন্দ্রসংগীত পরিবেশন করেন লাকী দাশ। এরপর রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করেন শারমিন মৃত্তিকা।
আসরে নজরুলসংগীত পরিবেশন করেন মালবিকা দাশ। নজরুলের কবিতা পাঠ করেন কঙ্কণ দাশ। এরপর রবীন্দ্র, নজরুল ও সুকান্তকে নিয়ে সমবেত সংগীত পরিবেশন করেন উদীচীর শিল্পীরা। সবশেষে সুকান্তের প্রিয়তমেষু কবিতা নিয়ে পরিবেশিত হয় নৃত্যনাট্য। নৃত্যনাট্য পরিচালনা করেন চন্দন দাশ। সংগীত পরিচালনায় ছিলেন রবীন দে।