উদীচীর সম্মেলন পান্থজনের কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা আয়োজনে নগরের ডিসি হিলে হয়ে গেল বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী জেলা শাখার চতুর্দশ সম্মেলন। দুদিনের অনুষ্ঠানমালায় ছিল শোভাযাত্রা, নাচ, গান, আবৃত্তি, গুণীজন সংবর্ধনা, নাটিকা ও চলচ্চিত্র প্রদর্শনী।১১ ফেব্রুয়ারি বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন বর্ষীয়ান সংগীতশিক্ষক রাজমোহন রায়। জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলাউদ্দিন। এ সময় সংগঠনের পতাকা উত্তোলন করেন উদীচীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুল আলম। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন উদীচীর শিল্পীরা। এরপর বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় শহীদ মিনার অভিমুখে। পুষ্পস্তবক অর্পণ শেষে আবার শোভাযাত্রাটি চলে আসে ডিসি হিলে। অধ্যাপক আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিশেষ অতিথি প্রবীর সরদার, সংগীতা ইমাম, সংগঠক এ কিউ এম সিরাজুল ইসলাম, অধ্যাপক রোজী সেন, নাজিমুদ্দিন শ্যামল, স্বর্ণময় চক্রবর্তী, রণজিত রক্ষিত ও চন্দন দাশ। শোক প্রস্তাব পড়েন জয় সেন। সম্মেলনের ঘোষণাপত্র পড়েন শীলা দাশগুপ্ত।বক্তারা বলেন, এ দেশের স্বাধীনতাসংগ্রামে উদীচীর গণসংগীত অগ্রণী ভূমিকা রেখেছে। যেখানে অন্যায় শোষণ সেখানেই উদীচীর কর্মীরা প্রতিবাদ করেছেন বীরকণ্ঠে। বক্তারা আরও বলেন, ‘উদীচী সুস্থ সাংস্কৃতিক চর্চার মাধ্যমে ঘুণে ধরা সমাজকে পুনরুজ্জীবিত করে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরছে নতুন প্রজন্মের কাছে।’এবার প্রতিভা মুৎসুদ্দী, পণ্ডিত বিজন চৌধুরী ও আহসান উল্লাহ চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে অংশ নেন প্রমা আবৃত্তি সংগঠন, পতেঙ্গা উদীচী, ফেইম স্কুল অব ডান্স ড্রামা অ্যান্ড মিউজিকের শিল্পীরা। সবশেষে ছিল উদীচী জেলা সংসদের নাটিকা ঝড় এবং জহির রায়হান পরিচালিত চলচ্চিত্র স্টপ জেনোসাইড। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন প্রবাল দে।পরদিন ১২ ফেব্রুয়ারি স্টুডিও থিয়েটারে দিনব্যাপী সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত হয়।পান্থজনের বিতর্ক কর্মশালা: পান্থজনের উদ্যোগে ‘যুক্তিবাদী সমাজ গড়ো, মাদক ও দুর্নীতিকে না বলো’ শীর্ষক দুদিনের বিতর্ক কর্মশালা হয়েছে নগরের জেলা শিল্পকলা একাডেমীতে। এতে ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৪৫ জন শিক্ষার্থী অংশ নিয়েছে।গত ২৭ জানুয়ারি সংগঠনের নির্বাহী প্রধান ব্রিজেত ডায়েসের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করেন পিসিএল ফাউন্ডেশনের চেয়ারম্যান আ জ ম নাছির। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর বিজয় কুমার চৌধুরী, এমডিসি গ্রুপের পরিচালক মোহাম্মদ আশরার ও লিটল জুয়েলস স্কুলের কো-অর্ডিনেটর ফারাহনাজ কাইয়ুম। স্বাগত বক্তব্য দেন ওয়াহেদ রাসেল। কর্মশালায় বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন আবৃত্তিকার অঞ্চল চৌধুরী, বিতার্কিক মাসুদ রানা, মিথুন মল্লিক, বদরুদ্দোজা জুয়েল, জিনিয়া আক্তার এবং এ টি এম মুহিত। কর্মশালার সনদ বিতরণ পর্বে অতিথি ছিলেন কবি অভীক ওসমান, মো. সানাউল্লাহ, ব্যাংকার রাশেদুল আমীন, দিদারুল আলম, আবদুল জলিল প্রমুখ।