উদীচীর সম্মেলনে প্রাণের সুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গান, নাচ, আবৃত্তি ও কথামালায় উদীচী শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদের সপ্তম সম্মেলন অনুষ্ঠিত হয়। ২৪ ও ২৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ছিল নানা আয়োজন।

প্রথম দিন বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সম্মেলন উদ্বোধন করেন শহীদজায়া বেগম মুশতারী শফী। এ সময় জাতীয় সংগীত ও উদীচীর গণসংগীত পরিবেশন করেন শিল্পীরা। উদ্বোধনের পর বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ থেকে। শোভাযাত্রার পর উদীচী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি অধ্যাপক গণেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে শুরু হয় কথামালা। এতে প্রধান অতিথি ছিলেন উদীচীর কেন্দ্রীয় সংসদের সহসভাপতি রতন সিদ্দিকী। অতিথি ছিলেন কেন্দ্রীয় সংসদের সদস্য সুনীল ধর ও আয়াজ মাবুদ। বক্তব্য দেন উদীচী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক বোরহান মাহমুদ ও প্রসূন চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদীচীর সাধারণ সম্পাদক তাফহীমুল সিফাত।

কথামালার পর উদীচীর সংগীত বিভাগ পরিবেশন করে গণসংগীত। ‘এই সম্মেলনে সমবেত হয়ে গাই জীবনের জয় গান’ এই গণসংগীত দিয়ে শুরু হয় সাংস্কৃতিক পর্ব। এরপর শিল্পীরা একে একে গাইলেন ‘মোদের গরব, মোদের আশা’, ‘মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান’, ‘মাঠে মাঠে সোনালি ধান’, ‘এই পতাকা শ্রমিকের রক্ত পতাকা’ ও ‘সেই দিন দূরে নয়’। গণসংগীতে অংশ নেন অদিতি বিশ্বাস, উপমা চৌধুরী, শতাব্দী নন্দী, সানজিদা সোমা, তাসনিয়া প্রিয়তা, মামুনুর রহমান, রাকিবুল ইসলাম, জিল্লুর রহমান, ধর্মরাজ তঞ্চঙ্গ্যা, প্রীতম ভট্টাচার্য ও বৃষ্টি দত্ত। গণসংগীতের পর উদীচীর নৃত্য শিল্পীরা পরিবেশন করেন ত্রিপুরা নাচ ‘ফাইদি ফাইদি’। চাকমা ও বাংলা গানের মিশ্রণে পাহাড়ি জুম নাচ ‘মাতাল সুরে বাজল বাঁশি’ পরিবেশন করেন উসাইন্দা মারমা, উত্তরা ত্রিপুরা, মিনা দেওয়ান। গণসংগীত ও নাচের পর আবৃত্তি নিয়ে আসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের শিল্পীরা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের আবৃত্তির পর সাংস্কৃতিক ইউনিয়ন পরিবেশন করে দুইটি গান। এরপর ব্যান্ডদল শহুরে পরিবেশন করে আরও কয়েকটি গান।

দ্বিতীয় দিন ২৫ নভেম্বর গণেশ চন্দ্র রায়কে সভাপতি ও রাকিবুল ইসলাম সাধারণ সম্পাদক ৩১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।