>আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার হয়েছেন আমাদের সবার প্রিয় ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমান। বিশ্ব ক্রিকেটে তাঁর বল যাঁরা খেলেছেন, তাঁদের কয়েকজনের মুখোমুখি* হওয়ার চেষ্টা করেছিলেন আহমেদ খান


রোহিত শর্মা
: আপনি তো মোস্তাফিজকে খেলেছেন, আপনার অনুভূতি কী?
: কোনো অনুভূতি নেই।
: মানে?
: মানে মোস্তাফিজকে খেলার পর থেকে ক্রিকেট থেকে সব অনুভূতি চলে গেছে। ভাবছি, একটা শর্মা হাউস খুলব। কিন্তু বিরাট কোহলি পার্টনারশিপ চায়!

ক্রিস গেইল
: হাই গেইল! মোস্তাফিজকে আপনার কেমন লাগে?
: ধাঁধা।
: কেন?
: এটাও জানো না, গাধা!

হাশিম আমলা
: আপনি তো মোস্তাফিজকে খেলেছেন...
: না!
: কিন্তু আমরা তো দেখেছি, আপনি তাঁর বলে আউট হয়েছেন!
: তারপরও আমি মোস্তাফিজকে খেলিনি। কারণ, মোস্তাফিজকে খেলা যায় না!

এম এস ধোনি
: টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন কুল, আপনি যদি মোস্তাফিজ সম্পর্কে বলতেন।
: মোস্তাফিজকে কনুই মারার পর আমাকে কেউ এখন আর ক্যাপ্টেন কুল বলে না! কেউ কেউ তো ক্যাপ্টেনও বলে না!

বিরাট কোহলি
: মোস্তাফিজ সম্পর্কে আপনার কাছে একটা প্রশ্ন ছিল...
: নো কমেন্ট।
: একবার যদি বলতেন আপনি যখন মোস্তাফিজের স্লোয়ারে আউট হলেন তখন...
: নো কমেন্ট।
: শুনলাম, রোহিত শর্মা আর আপনি নাকি শর্মা হাউস দিচ্ছেন?
: বললাম না, নো কমেন্ট! নো কমেন্ট মানে নো কমেন্ট!
* মুখোমুখি হওয়া যায়নি বলে কল্পনার আশ্রয় নিতে হয়েছে!