উদ্দীপনে চার পদে ৪০০ নিয়োগ
বেসরকারি উন্নয়ন সংস্থা উদ্দীপনে চারটি পদে মোট ৪০০ জন লোক নিয়োগ হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তিটি ৩ মার্চ প্রথম আলোর ক্রোড়পত্র চাকরিবাকরির দ্বিতীয় পৃষ্ঠায় ছাপা হয়েছে। প্রতিষ্ঠানটিতে সিনিয়র প্রোগ্রাম অফিসার ও ব্রাঞ্চ ম্যানেজার পদে ৫০ জন, প্রোগ্রাম অফিসার পদে ১০০ জন, ফার্স্ট প্রোগ্রাম অফিসার ও ব্রাঞ্চ অ্যাকাউনট্যান্ট পদে ৫০ জন এবং ফার্স্ট ক্রেডিট অফিসার পদে ২০০ জনকে নিয়োগ করা হবে। এসব পদে আবেদন করা যাবে ২০ মার্চ পর্যন্ত।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সিনিয়র প্রোগ্রাম অফিসার ও ব্রাঞ্চ ম্যানেজার পদে আবেদন করতে হলে প্রার্থীদের যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাস হতে হবে। এ পদের প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে থাকতে হবে এবং সঞ্চয় ও ঋণ কার্যক্রমে শাখা ব্যবস্থাপক হিসেবে দুই থেকে চার বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
প্রোগ্রাম অফিসার পদের প্রার্থীদের যেকোনো বিষয়ে স্নাতকোত্তর পাস থাকতে হবে। বয়স হতে হবে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে। অন্যদিকে, ফার্স্ট প্রোগ্রাম অফিসার ও ব্রাঞ্চ অ্যাকাউনট্যান্ট পদের প্রার্থীদের বাণিজ্যে স্নাতক পাস হতে হবে। বয়স সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। এ পদের প্রার্থীদের অবশ্যই কম্পিউটারে এমএস ওয়ার্ড ও এক্সেলে কাজের দক্ষতা থাকতে হবে।
ফার্স্ট ক্রেডিট অফিসার পদের প্রার্থীরা এইচএসসি বা সমমান পাস হলেই এ পদে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে অনূর্ধ্ব ২৫ বছর। তবে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আগ্রহী প্রার্থীদের দুই কপি পাসপোর্ট সাইজ ছবি, পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি এবং দুজন পরিচয়দানকারী ব্যক্তির নাম, যোগাযোগের ঠিকানা, ফোন নম্বর উল্লেখসহ উপপরিচালক ও প্রধান, মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ, উদ্দীপন, প্রধান কার্যালয়, বাড়ি নম্বর: ০৯, রোড নম্বর: ০১, ব্লক: এফ, জনতা কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড, রিং রোড, আদাবর, ঢাকা-১২০৭ বরাবর আবেদন করতে হবে।
চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত সিনিয়র প্রোগ্রাম অফিসার ও ব্রাঞ্চ ম্যানেজার পদের প্রার্থীরা মাসিক ১৯ হাজার ৩৪৮ টাকা, প্রোগ্রাম অফিসার পদের প্রার্থীরা ১৩ হাজার ৬৬২ টাকা, ফার্স্ট প্রোগ্রাম অফিসার ও ব্রাঞ্চ অ্যাকাউনট্যান্ট পদের প্রার্থীরা ১১ হাজার ৭৮২ টাকা এবং ফার্স্ট ক্রেডিট অফিসার পদের প্রার্থীরা ১০ হাজার ৬৯৪ টাকা মাসিক বেতনসহ অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।