উদ্দীপনে ছয় পদে ৪৭৫ নিয়োগ

সম্প্রতি বেসরকারি উন্নয়ন সংস্থা উদ্দীপন তাদের ক্ষুদ্রঋণ কর্মসূচিতে ছয়টি পদে মোট ৪৭৫ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে ছয়টি পদের মধ্যে সিনিয়র প্রোগ্রাম অফিসার ও ব্রাঞ্চ ম্যানেজার পদে ৭৫ জন, প্রোগ্রাম অফিসার পদে ১০০ জন, ফার্স্ট প্রোগ্রাম অফিসার ও ব্রাঞ্চ অ্যাকাউন্ট্যান্ট পদে ১০০ জন এবং ফার্স্ট ক্রেডিট অফিসার পদে মোট ২০০ জনকে নিয়োগ দেওয়া হবে। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়া। আবেদন করা যাবে আগামী ২৭ আগস্ট ২০১৬ তারিখ পর্যন্ত।
আবেদনের যোগ্যতা
সিনিয়র প্রোগ্রাম অফিসার ও ব্রাঞ্চ ম্যানেজার পদে আবেদনের জন্য আবেদনকারীকে যেকোনো বিষয়ে কমপক্ষে স্নাতক হতে হবে। বয়স হতে হবে সর্বোচ্চ ৩৫ বছর। সঙ্গে বাড়তি যোগ্যতা হিসেবে লাগবে সুপ্রতিষ্ঠিত জাতীয় অথবা আন্তর্জাতিক পর্যায়ের প্রতিষ্ঠানে সঞ্চয় ও ঋণ কার্যক্রমে কমপক্ষে দুই থেকে চার বছর শাখা ব্যবস্থাপক হিসেবে কাজ করার বাস্তব অভিজ্ঞতা।
প্রোগ্রাম অফিসার পদে আবেদনের জন্য আবেদনকারীকে যেকোনো বিষয়ে কমপক্ষে স্নাতকোত্তর হতে হবে। বয়স হতে হবে সর্বোচ্চ ৩২ বছর। পদটির জন্য যদিও কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, তবে প্রোগ্রাম অফিসার হিসেবে দুই থেকে তিন বছর মাঠপর্যায়ে দরিদ্র জনগোষ্ঠীর সঙ্গে ক্ষুদ্রঋণ বিতরণ, সঞ্চয় আদায়, দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে বিভিন্ন সামাজিক উন্নয়ন ও অর্থনৈতিক কার্যক্রম পরিচালনায় অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতর বেতন বিবেচনা করা হবে।
ফার্স্ট প্রোগ্রাম অফিসার ও ব্রাঞ্চ অ্যাকাউন্ট্যান্ট পদে আবেদনের জন্য আবেদনকারীকে বাণিজ্য বিভাগ থেকে কমপক্ষে স্নাতক হতে হবে। বয়স হতে হবে সর্বোচ্চ ৩২ বছর। পদটির জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, তবে প্রার্থীর অবশ্যই কম্পিউটারে এমএস ওয়ার্ড ও এক্সেলে কাজের দক্ষতা থাকতে হবে এবং দরিদ্র মানুষের আর্থসামাজিক উন্নয়নে কাজ করার মানসিকতা থাকতে হবে।
ফার্স্ট ক্রেডিট অফিসার পদে আবেদনের জন্য আবেদনকারীকে এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বয়স হতে হবে কমপক্ষে ২৫ বছর। তবে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। পদটিতে আবেদনের জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, তবে মাঠপর্যায়ে দরিদ্র জনগণকে উদ্বুদ্ধ ও সংগঠিত করা, তাদের মাঝে সঞ্চয়ী মনোভাব গড়ে তোলা, ক্ষুদ্রঋণ বিতরণ ও আদায় করা। এ ছাড়া দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে বিভিন্ন সামাজিক উন্নয়ন ও অর্থনৈতিক কার্যক্রম পরিচালনায় অংশগ্রহণ করার মানসিকতা থাকতে হবে।
আবেদনের প্রক্রিয়া
ছয়টি পদে আবেদনের জন্য আবেদনকারীকে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি এবং দুজন পরিচয়দানকারী ব্যক্তির নাম, যোগাযোগের ঠিকানা, ফোন নম্বর উল্লেখসহ উপপরিচালক ও প্রধান মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ, উদ্দীপন প্রধান কার্যালয়, বাড়ি নম্বর ৯, রোড নম্বর ০১, ব্লক এফ, জনতা কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড, রিং রোড, আদাবর, ঢাকা ১২০৭ এই ঠিকানায় আগামী ২৭ আগস্ট ২০১৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে। আবেদনপত্রে অবশ্যই প্রার্থীর মোবাইল নম্বর ও যোগাযোগের ঠিকানা উল্লেখ করতে হবে। এ ছাড়া খামের ওপর পদের নাম এবং ফার্স্ট ক্রেডিট অফিসার পদের জন্য প্রার্থী ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, বরিশাল, পিরোজপুর, পটুয়াখালী, কুষ্টিয়া, বগুড়া, সুনামগঞ্জ, রাজশাহী, চাঁদপুর, যশোর এবং রংপুরের মধ্যে কোথায় পরীক্ষা দিতে ইচ্ছুক, তা-ও উল্লেখ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডার অথবা পোস্টাল অর্ডারের মাধ্যমে ২০০ টাকা উদ্দীপনের অনুকূলে জমা দিয়ে তার রসিদ সংযুক্তি হিসেবে দিতে হবে।
নিয়োগ প্রক্রিয়া
প্রাথমিকভাবে আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর সেখান থেকে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে এবং চূড়ান্ত পরীক্ষার মাধ্যমে তাঁদের নিয়োগ দেওয়া হবে।
বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা
সিনিয়র প্রোগ্রাম অফিসার ও ব্রাঞ্চ ম্যানেজার পদে চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের মাসে ১৮ হাজার ২৭০ টাকা বেতন প্রদান করা হবে। সঙ্গে মোটরসাইকেল ভাতা ২ হাজার ১০০ টাকা, দায়িত্বভার ভাতা ৪৫০ টাকা এবং মোবাইল বিল ৩০০ টাকা প্রদান করা হবে। প্রোগ্রাম অফিসার পদে চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের মাসে ১২ হাজার ৮৯৯ টাকা, ফার্স্ট প্রোগ্রাম অফিসার ও ব্রাঞ্চ অ্যাকাউন্ট্যান্ট পদে চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের মাসে ১১ হাজার ১২৪ টাকা এবং ফার্স্ট ক্রেডিট অফিসার পদে চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের মাসে ১০ হাজার ৯৮ টাকা হারে বেতন প্রদান করা হবে। এ ছাড়া সকল পদে চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা সংস্থার মানবসম্পদ ব্যবস্থাপনা নীতিমালা অনুযায়ী অন্যান্য ভাতা এবং সুযোগ-সুবিধা যেমন বার্ষিক ইনক্রিমেন্ট, বার্ষিক মুদ্রাস্ফীতি সমন্বয়, বার্ষিক দুটি উৎসব বোনাস, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, কর্মী কল্যাণ তহবিল সুবিধা, দূরত্ব ভাতা এবং মেট্রোপলিটন এলাকার বাইরে কর্মরত প্রার্থীদের জন্য বিনা মূল্যে বাসস্থান ইত্যাদি সুবিধাদি ভোগ করবেন।
বিস্তারিত জানতে যোগাযোগ
উদ্দীপন প্রধান কার্যালয়
বাড়ি নম্বর ৯, রোড নম্বর ০১, ব্লক এফ, জনতা কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড, রিং রোড, আদাবর, ঢাকা ১২০৭।