উদ্ধার হলো বিপুল টাকা ও সোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান মুক্তিযুদ্ধের সময়কার এক দুঃসাহসিক অভিযানের গল্প নানাভাবে আগেও শুনেছি। তবে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (বিপিএসসি) সদস্য অধ্যাপক হামিদুল হকের কাছে জানলাম সবিস্তার। তিনি তাঁর বাবা পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আবুল হোসেনের কাছে সংরক্ষিত নথি ঘেঁটে তুলে এনেছেন প্রামাণ্য তথ্য। এতে উঠে এসেছে মহান মুক্তিযুদ্ধের সময় সরকারি কোষাগার থেকে উদ্ধার করা বিপুল পরিমাণ মুদ্রা ও সোনা কীভাবে ভারতের কোচবিহারে পৌঁছানো হয়, আবার কোচবিহারের প্রশাসনের কাছ থেকে গচ্ছিত সম্পদগুলো কীভাবে মুজিবনগর সরকারের কাছে পৌঁছায়, সেই কাহিনি।

অধ্যাপক হামিদুল হক বলছিলেন, এই চিঠিগুলো আমার আব্বা খ্যাতিমান রাজনীিতবিদ আবুল হোসেনের কাছে একটি ফাইলে বন্দী অবস্থায় ছিল। আমাদের বাড়ি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিরা পুড়িয়ে দিয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পরবর্তী সময়ে আব্বাকে ২৮ মাস জেলে রাখা হয়। রাজনৈতিক পালাবদলে আরও কয়েকবার অগ্নিসংযোগ করা হয় আমাদের বাড়িতে। প্রতিবারই মুক্তিযুদ্ধের সময়ের ফাইলটি তিনি পরম যত্নে সংরক্ষণ করেছেন। আমি আব্বার সেই ফাইল ঘেঁটে অভিযানের ইতিহাস সম্পর্কে বিস্তারিত জেনেছি।

টাকা ও সোনা উদ্ধারের ঘটনা

মুক্তিযুদ্ধের সময়কার অভিযানটির সঙ্গে যাঁরা যুক্ত ছিলেন তাঁদেরই খোঁজ করছিলাম। যাঁদের মধ্যে অনেকে প্রয়াত হয়েছেন। মুক্তিযুদ্ধ গবেষক ও উত্তরবঙ্গ জাদুঘরের প্রতিষ্ঠাতা এস এম আব্রাহাম লিংকন একদিন এ প্রসঙ্গে বলছিলেন, ‘কুড়িগ্রাম থেকে অর্থ ভারতে নিয়ে যাওয়ার ক্ষেত্রে পরামর্শসহ সংরক্ষণ ও অস্থায়ী সরকারের কাছে হস্তান্তর করার ক্ষেত্রে আবুল হোসেনের বিশেষ অবদান ছিল। আমার জানামতে, বর্তমানে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক হায়দার আলী ছাড়া ওই অভিযানে অংশগ্রহণকারীদের কেউই বেঁচে নেই।’

৮ ডিসেম্বর গিয়েছিলাম বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক হায়দার আলীর কাছে। রংপুর শহরে তাঁর বাসা। বয়স হয়েছে। তবে সেই অভিযানের স্মৃতি এখনো অম্লান।

দিনটি ১৮ এপ্রিল ১৯৭১। আগের দিন অস্থায়ী সরকার শপথ গ্রহণ করেছে। হায়দার আলী বলেন, ‘দুপুরে নামাজের পর আমরা কয়েকজন ট্রেজারির (কোষাগার) সম্পদ উদ্ধার অভিযানের পরিকল্পনা করি। কুড়িগ্রামের তৎকালীন মহকুমা প্রশাসক (এসডিও) মামুনুর রশিদের কাছে জানতে পারি মুক্তিযুদ্ধ শুরু হওয়ার কিছুদিন আগে ট্রেজারির অংশে একটি ঘুলঘুলি শুধু ইট দিয়ে মেরামত করা হয়েছে। তাই ভেতরে প্রবেশ করতে ওই ঘুলঘুলি ভাঙা সহজ হবে।’

পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আবুল হোসেন

মামুনুর রশিদের কথামতো একদল মুক্তিযোদ্ধা যান ট্রেজারির সম্পদ উদ্ধারে। শাবল দিয়ে ঘুলঘুলি ভাঙেন। কিন্তু ঘুলঘুলি ছোট। উপস্থিত মুক্তিযোদ্ধাদের মধ্যে হায়দার আলী ছিলেন সবচেয়ে শীর্ণকায়। ‘সবাই মিলে আমাকে ভেন্টিলেটর দিয়ে ভেতরে ঢুকিয়ে দিলেন।’ বললেন হায়দার আলী।

এরপর শাবল দিয়ে আলমারির তালা ভাঙতে থাকেন। ভাঙতে থাকেন সিন্দুকের মুখ। টাকা আর সোনাগুলো ভরতে থাকেন বস্তা আর কাঠের বাক্সে। একে একে ৫৭টি বস্তা ভরে যায় টাকায়, আরও প্রায় ২৫টি বস্তায় ভরানো হয় ধাতব মুদ্রা, কাঠের ২৯টি বাক্সে সোনা। হায়দার আলী বলেন, ‘যখন ট্রেজারি ভাঙা হচ্ছিল তখন আমরা জীবন বাজি রেখেই এ কাজে নেমেছিলাম। ভয়ে শরীর কাঁপছিল। কখন পাকিস্তানিরা আমাদের আক্রমণ করে। বাঁচি কি মরি, তার নিশ্চয়তা নেই।’

অভিযানে আরও ছিলেন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য শামসুল হক চৌধুরী, বোরহান উদ্দিন, আরব আলীসহ আরও কয়েকজন। আনসার কমান্ডার মহিউদ্দিন আহমেদ এবং কয়েকজন আনসার পাহারা দেওয়ার কাজ করেছেন।

বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক হায়দার আলী

অর্থ ও সোনা নিয়ে ভারতে যাত্রা

বিশাল অঙ্কের অর্থ ও সোনা পরিবহন করা তখন সহজ ছিল না। বেশ কয়েকটি গরুর গাড়িতে এই টাকা পরিবহন করা হয়। তিনি বললেন, ‘একটি জিপ গাড়িও ছিল। ধরলা নদী পার হওয়ার পর একটি ট্রাকে সব বস্তা ও বাক্স তুলে নিয়ে আমরা সীমান্তে পৌঁছাই।’

যখন এই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল, ততক্ষণে পাকিস্তান সেনাবাহিনী খবর পেয়েছিল কোষাগারের অভিযান সম্পর্কে। পাকিস্তান সেনাবাহিনী অনেকটা কাছেও চলে এসেছিল। অনবরত গুলির শব্দ পেয়েছেন মুক্তিযোদ্ধারা। ভূরুঙ্গামারী দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার সীমান্তে পৌঁছান তাঁরা।

হায়দার আলী বলে যান, ‘এত টাকা ও সোনা নিয়ে রাতে আর আমরা কোচবিহার শহরে যাইনি। সীমান্তবর্তী ভারতের সাহেবগঞ্জে আমাদের আত্মীয় সাবান ব্যাপারীদের বাড়িতে রাত কাটাই। ওই সময় বীর মুক্তিযোদ্ধা ইপিআর রংপুর উইংয়ের উপ-অধিনায়ক ক্যাপ্টেন নওয়াজেশ উদ্দিনও উপস্থিত ছিলেন। ত্রিপল দিয়ে টাকা ও সোনা ঢেকে রেখে আমরা পাহারা দিয়েছি।’

অস্থায়ী সরকারের কাছে হস্তান্তর

মুক্তিবাহিনীর সদস্যরা সোনা ও অর্থ কোচবিহারের কর্তৃপক্ষের কাছে জমা দেন ২০ এপ্রিল। কোচবিহারের জেলা প্রশাসক কেন্দ্রীয় সরকারের কাছে অনুমতি নিয়ে সেই টাকা জমা করেন। সেখানে টাকা ও সোনা কোচবিহার জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে হস্তান্তর করা হয়। হস্তান্তরের আগে টাকা গুনে দেখা হয়। টাকার পরিমাণ ছিল প্রায় ১ কোটি ৪০ লাখ। প্রাদেশিক পরিষদ সদস্য আবুল হোসেন এবং ভারতের লোকসভার সদস্য বিনয়কৃষ্ণের যৌথ সইয়ে টাকা সেখানে রাখা হয়। ভারতীয় সরকারের লিখিত কাগজেই ৫৭ বস্তা টাকা এবং ২৯ বাক্স সোনার উল্লেখ রয়েছে। হায়দার আলী বলেন, কাগজের মুদ্রা ছাড়াও ধাতব মুদ্রার প্রায় ২৫টি বস্তা ছিল। ধাতব মুদ্রা কোচবিহারের জেলা প্রশাসক রাখেননি। ২৫টি বস্তা বীর মুক্তিযোদ্ধা শামসুল হক চৌধুরীকে দেওয়া হয়েছিল মুক্তিযুদ্ধের কাজে ব্যয় করার জন্য।

কোচবিহার থেকে টাকা মুজিবনগর সরকারের কাছে পৌঁছে দেওয়ার কাজে কুড়িগ্রাম মহকুমা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক ও সত্তরের নির্বাচনে জয়ী হওয়া প্রাদেশিক সদস্য আবুল হোসেন অগ্রণী ভূমিকা পালন করেন।

গচ্ছিত অর্থ উত্তোলনের জন্য কুচবিহার প্রশাসনের কাছে পাঠানো মুজিবনগর সরকারের চিঠি

কোচবিহারে সম্পদ রাখার পর আবুল হোসেন ছুটে গিয়েছিলেন কলকাতায়। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের কাছে এই খবর তিনি পৌঁছে দেন। তাজউদ্দীন আহমদ তাঁকে অর্থ উত্তোলনের কাজ করার জন্য পাঠান দিল্লিতে বিনয়কৃষ্ণের কাছে। আবুল হোসেন চলে যান দিল্লিতে। দিল্লিতে বিনয়কৃষ্ণ সেই টাকা তোলার জন্য আবুল হোসেনকে ক্ষমতা প্রদান করেন। বিনয়কৃষ্ণের একটি চিঠিতে সেই ক্ষমতা প্রদানের বিষয়টি দেখা যায়। আবুল হোসেনকে দেওয়া এ–বিষয়ক একটি টেলিগ্রামও পাওয়া যায়। কলকাতায় মুজিবনগর সরকারের কাছে এই টাকা ও সোনা পৌঁছানোর জন্য একটি চার্টার্ড (ভাড়া করা) বিমানের ব্যবস্থা করা হয়। কোচবিহারে এসেছিলেন মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলী। উদ্ধার করা টাকা ও সোনা তিনি গ্রহণ করেন।

কুড়িগ্রামের সংগ্রাম কমিটি সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রীয় কোষাগার থেকে সংরক্ষিত অর্থ ও সোনা উদ্ধারের অভিযানটি পরিচালনা করা হয়। মুক্তিযুদ্ধের সময় উদ্ধার করা বিপুল পরিমাণ টাকা ও সোনা মুক্তিযুদ্ধের কাজে অনেক বড় অর্থনৈতিক শক্তি ছিল। সারা দেশে এত বিপুল পরিমাণ টাকা একসঙ্গে সরকারের কাছে দেওয়ার দৃষ্টান্ত খুবই কম।