উদ্ধারকাজে এবার রোবট তেলাপোকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

তেলাপোকা বা আরশোলা যেকোনো সরু জায়গায় অনায়াসে ঢুকে পড়তে পারে। এদের বিচরণ সবখানেই। প্রাণীবিজ্ঞানীরা বলেছেন, তেলাপোকা প্রয়োজনে শরীরকে স্বাভাবিক আকারের পাঁচ ভাগের এক ভাগ চ্যাপ্টা করেও দ্রুতগতিতে দৌড়াতে পারে।
প্রাণীটির এই অদ্ভুত সামর্থ্যের আদলে যুক্তরাষ্ট্রের কয়েকজন বিজ্ঞানী একটি রোবট বানিয়েছেন। এটিও নিজেকে চ্যাপ্টা করে দ্রুতবেগে অলিগলি ধরে এগিয়ে যেতে পারে। গবেষকদের আশা, এ রোবট তেলাপোকা কোনো দুর্গত এলাকায় উদ্ধার অভিযানে সহায়তার কাজে বিশেষ দক্ষতা দেখাতে পারবে। এরা ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষকে খুঁজে বের করে তার ব্যাপারে তথ্য পাঠাতে পারবে উদ্ধারকর্মীদের কাছে।
বার্কলেতে অবস্থিত ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের (ইউসি বার্কলে) গবেষক কৌশিক জয়রামের নেতৃত্বে ওই বিজ্ঞানীরা তেলাপোকার চলাফেরা গভীরভাবে পর্যবেক্ষণের পরই ওই রোবট তৈরির কাজ শুরু করেন। তাঁরা দেখতে পান, প্রাণীটি শরীরের ওজনের চেয়ে ৯০০ গুণ ভারী কিছুর ধাক্কাও সামলে সামনে এগিয়ে যেতে পারে।
তেলাপোকার গতিবিধি এবং শরীরের নিয়ন্ত্রণের অনুকরণে ওই গবেষকেরা একটি সহজ ও সাশ্রয়ী ছোট্ট রোবট বানানোর উদ্যোগ নেন। এটি আঘাতের মুখোমুখি হলে পাগুলো ছড়িয়ে এবং বাঁকা করে চলাচল অব্যাহত রাখতে পারে। প্রাণীটির পিঠে যে রকম খোলস বা আবরণ রয়েছে, রোবটটির জন্যও সে রকম করে প্লাস্টিকের আবরণ তৈরি করেছেন বিজ্ঞানীরা। এ গবেষণা প্রতিবেদনটি প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস সাময়িকীতে প্রকাশিত হবে।
ইউসি বার্কলের জীববিদ্যার অধ্যাপক রবার্ট ফুল বলেন, ভূমিকম্পের মতো দুর্যোগে উদ্ধারকর্মীদের প্রথমেই ধ্বংসস্তূপের মধ্যে নিরাপদ জায়গাটার ব্যাপারে তথ্য প্রয়োজন হয়। তবে কঠিন ব্যাপারটা হলো, অধিকাংশ রোবটই ওই ধ্বংসস্তূপের মধ্যে ঢুকতে পারে না। অথচ ওই স্তূপের মধ্যেও অসংখ্য ফাটল বা সরু পথ থাকে। তেলাপোকা আকৃতির রোবট সেখানে সহজেই যেতে পারবে।