উদ্ধারকারী রোবট
অগ্নিকাণ্ডের ঘটনা প্রায়ই ঘটে। আর এই সময়টায় আমাদের দেশে তো অগ্নিকাণ্ডের ঘটনা একটু বেশিই ঘটে। জাপান গার্ডেন সিটি অথবা গাজীপুরের তৈরি পোশাক কারখানার কথাই চিন্তা করা যাক। এসব ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রতিনিয়ত অনেক মানুষ প্রাণ হারাচ্ছে। আগুনের মাত্রা বেড়ে গেলে উদ্ধারকাজেও বেগ পেতে হয়। এ সমস্যার কথা মাথায় রেখে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দ্বিতীয় বর্ষের চারজন শিক্ষার্থী উদ্ভাবন করেছেন উদ্ধারকারী রোবট। চার নির্মাতা হলেন ইনসান আরাফাত, কামরুল হাসান, রেজাউর রহমান এবং তানজীর আহমেদ। অগ্নিকাণ্ড বা যেকোনো প্রাকৃতিক দুর্যোগ থেকে দুর্গত মানুষদের উদ্ধার ও সাহায্য করার জন্য এ রোবটগুলো কাজ করবে। রোবটটির কার্যপ্রক্রিয়া সম্পর্কে গবেষকেরা বলেন, উদ্ধারকারী সিরিজ রোবটের আওতায় সর্বপ্রথম যে রোবটটি তৈরি করা হয়েছে তা অগ্নিকাণ্ড থেকে দুর্গতদের উদ্ধারে কাজ করবে।প্রাথমিকভাবে রোবটটিকে লাইন ফলোয়ার হিসেবে কাজ করানো হয়েছে। এ রোবটটি ঘরে আগুন লাগলে স্বয়ংক্রিয়ভাবে কাজ শুরু করবে, সতর্কসংকেত দেবে এবং উদ্ধারকাজ শুরু করবে। নতুন সংযোজন হিসেবে আগুন থেকে উদ্ধার করার জন্য রোবটে একটি যন্ত্রাংশব্যবহার করা হয়েছে। এটি তাপমাত্রা একটি নির্দিষ্ট মাত্রা অতিক্রম করলে নিজ থেকেই কাজ শুরু করবে এবং এর মাইক্রো কন্ট্রোলারে যে লজিক দেওয়া আছে সে অনুসারে উদ্ধার প্রক্রিয়া শুরু করবে। গবেষকেরা জানিয়েছেন, এখন উদ্ধারকারী রোবট নিয়ে গবেষণার কাজ চলছে। এগুলো হচ্ছে ভূমিকম্প উদ্ধারকারী রোবট, উভচর রোবট ইত্যাদি। চুয়েটের রোবটবিষয়ক গবেষণাকারী সংগঠন ‘অ্যাসরো’ (এন্ড্রমিডা স্পেস অ্যান্ড রোবটিক রিসার্চ অ্যাসোসিয়েশন)-এর দুটি দল বর্তমানে উদ্ধারকারী রোবট গবেষণায় কাজ করে যাচ্ছে। এর মধ্যে উভচর রোবটের কাজ প্রায় শেষের পথে। এ ধরনের রোবটের মূল কাজ হবে জলোচ্ছ্বাস দুর্গত মানুষকে উদ্ধার ও সাহায্য করা। একই সঙ্গে রোবটটিকে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে নিয়ন্ত্রণ করার প্রক্রিয়াটিও প্রায় সম্পূর্ণ হওয়ার পথে। উদ্ধারকারী রোবট গবেষণায় তাদের সাহায্য করছেন বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের শিক্ষক ড. সজলচন্দ্র বণিক।চুয়েটের এই দলটি রোবট নিয়ে কাজ করতে গিয়ে সবচেয়ে বড় যে সমস্যার সম্মুখীন হতে হয় তা হলো প্রয়োজনীয় উপকরণের অভাব। গবেষকেরা জানিয়েছেন, দেশে রোবট তৈরির জন্য প্রয়োজনীয় উপাদান একেবারেই পাওয়া যায় না। সিরিজের পরবর্তী রোবটগুলোয় ইনফ্রারেড ক্যামেরা যুক্ত করে জীবন্ত প্রাণী শণাক্ত করার প্রযুক্তি ব্যবহারের চেষ্টা চালানো হচ্ছে। এ সংযোজনটি নিঃসন্দেহে এ সিরিজের রোবটগুলোকে আরও কার্যকর করে তুলবে।