১৯৯১ সালের ভয়াল ২৯ এপ্রিলের পর ২২ বছরেও ক্ষত সারেনি উপকূলের। নির্মিত হয়নি বিলীন বেড়িবাঁধ। সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রও। বর্ষা এলেই আতঙ্ক ভর করে সাগরপারের বাসিন্দাদের মধ্যে। এদিকে নগরেও দুর্যোগ মোকাবিলার প্রস্তুতির অবস্থা নামেমাত্র। এ নিয়ে আমাদের বিশেষ আয়োজননগরের প্রায় ৮০ শতাংশ বহুতল ভবন এখনো ঝুঁকিতে। এসব ভবনের কোনোটিতেই নিজস্ব অগ্নিনির্বাপণ এবং প্রতিরোধব্যবস্থা নিশ্চিত হয়নি। এ অবস্থায় নগরে ভূমিকম্পসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ভবন এবং ধ্বংসস্তূপ থেকে হতাহত ব্যক্তিদের দ্রুত উদ্ধারের প্রয়োজনীয় সরঞ্জাম নেই ফায়ার সার্ভিসের (অগ্নিনির্বাপণ বিভাগের)। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আহত ব্যক্তিদের চিকিৎসাসেবা দিতে হাসপাতালে নেওয়ার জন্য একটি অ্যাম্বুলেন্স এবং বহুতল ভবনের আগুন নেভানোর জন্য দুটি বিশেষ যানই ভরসা তাদের।প্রয়োজনীয় সরঞ্জাম না থাকার কথা স্বীকার করেছেন চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের উপসহকারী পরিচালক ও মিডিয়া সেলের সভাপতি মো. জসীম উদ্দিন। প্রথম আলোকে তিনি বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনাসহ বিভিন্ন সংকটের সময় আমরা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে গিয়ে তাদের বিপদমুক্ত করতে আপ্রাণ চেষ্টা চালাই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সীমাবদ্ধতার কারণে সেভাবে কাজ করা সম্ভব হয় না। আমাদের এসব সীমাবদ্ধতার কথা ঊর্ধ্বতন মহল অবগত আছেন। আশা করছি, কম সময়ের মধ্যে এসব সমস্যার সমাধান করতে পারব।’ সংশ্লিষ্ট সূত্র জানায়, ভূমিকম্প ও ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগে ক্ষতিগ্রস্ত ভবন থেকে হতাহত ব্যক্তিদের দ্রুত সরিয়ে আনার জন্য কোনো উদ্ধারযান (রেকার ভ্যান) নেই ফায়ার সার্ভিসের। এসব ক্ষেত্রে তাদের পুলিশ বাহিনী অথবা অন্য কোনো প্রতিষ্ঠানের উদ্ধারযানের জন্য অপেক্ষায় থাকতে হয়। এতে সময়মতো উদ্ধারকাজ চালানো যায় না। ফলে সংশ্লিষ্ট ব্যক্তির জীবনের ঝুঁকি বেড়ে যায়। সূত্র জানায়, নগরে অগ্নিনির্বাপণকেন্দ্র রয়েছে আটটি। কিন্তু উদ্ধার করা আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়ার জন্য শুধু আগ্রাবাদ অগ্নিনির্বাপণকেন্দ্রে একটি অ্যাম্বুলেন্স রয়েছে। অন্য একটি অ্যাম্বুলেন্স থাকলেও সেটি চলাচলের অনুপযোগী। আটটি অগ্নিনির্বাপণকেন্দ্রের প্রতিটির জন্য অন্তত একটি করে অ্যাম্বুলেন্স থাকা দরকার বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন।বহুতল ভবনের ঝুঁকি: ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, নগরে দ্রুতগতিতে বাড়ছে বহুতল ভবন। কিন্তু অনেক ভবনমালিক আগুনের ঝুঁকিমুক্ত ভবন তৈরির ব্যাপারে উদাসীন। এমনকি অগ্নিনির্বাপণব্যবস্থা নিশ্চিত করার জন্য ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তাগিদ দেওয়া হলেও কেউ কেউ বিরক্ত হন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, ‘আমরা ভবনমালিকদের নিরাপত্তার স্বার্থে বিভিন্ন সময়ে অভিযান চালাই এবং এ কর্মসূচির ধারাবাহিকতা (ফলোআপ) বজায় রাখতে গিয়ে ভবনমালিকদের কিছু বিষয়ে তাগিদ দিয়ে থাকি। কিন্তু এতে অনেকেই ক্ষুব্ধ হন। এমনকি আমাদের বিরুদ্ধে কেউ কেউ ওপরের মহলে মিথ্যা অভিযোগ জানান। ফলে এসব ভবন অগ্নিনিরাপত্তার ঝুঁকিতে থেকে যায়।’ ফায়ার সার্ভিসের হিসাব অনুযায়ী, নগরের প্রায় ৮০ ভাগ ভবন আগুনের ঝুঁকিতে থাকলেও হাতে গোনা কয়েকজন ছাড়া বাকিরা ফায়ার সার্ভিসের শর্ত মেনে ভবন তৈরি করছেন না। এসব শর্ত মানার ব্যাপারে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এবং সিটি করপোরেশন কর্তৃপক্ষের বাধ্যবাধকতা থাকা দরকার বলে মনে করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এদিকে, নগরের বহুতল ভবনে আগুন নেভানোর জন্য মাত্র দুটি বিশেষ যান রয়েছে। স্নোরকল নামে যানটির মাধ্যমে সপ্তম তলা পর্যন্ত এবং ট্রান ট্র্যাভেল লেডার দিয়ে ১৮তলা পর্যন্ত আগুন নেভানো সম্ভব। জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য ফায়ার সার্ভিসের এ রকম আরও একাধিক যান দরকার। বহুতল ভবন তৈরির শর্ত: জানা যায়, আগুনের ঝুঁকিমুক্ত বহুতল ভবন তৈরির ক্ষেত্রে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের কিছু শর্ত রয়েছে। এগুলো যথাযথভাবে পূরণ করার পরই একটি ভবনকে বসবাস উপযোগী বলে ছাড়পত্র দেওয়া হয়। এসব শর্তের মধ্যে রয়েছে ভবন তৈরির কাজ শুরুর ১৫ দিনের মধ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষকে বিষয়টি জানাতে হবে। নির্মাণকাজ চলার সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা ভবন পরিদর্শন করতে পারবেন। ভবন তৈরি শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে ভবন মালিককে বসবাস ও ব্যবহার ছাড়পত্রের জন্য আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে অনুমোদিত ফায়ার-ফাইটিং ফ্লোর প্ল্যান অনুযায়ী ভবনের স্থায়ী অগ্নিনির্বাপণ-ব্যবস্থা, জরুরি নির্গমন সিঁড়ি, ফায়ার লিফট এবং ফায়ার কমান্ড স্টেশন যথাযথ ও মানসম্মতভাবে নির্মাণ করা হয়েছে মর্মে সংশ্লিষ্ট স্থপতি ও প্রকৌশলীর প্রত্যয়নপত্র সংযুক্ত করতে হবে।