
মাদ্রিদের এক সন্ধ্যা। রেস্তোরাঁয় পরিচারকদের ব্যস্ত ছোটাছুটি। একটা টেবিলে বসেছেন হোসে সিলভা। তাঁর সামনের থালায় ভাত, মাংস ও কিছু সবজি। দিব্যি খাচ্ছেন তিনি।
সবকিছুই স্বাভাবিক। তবে একটা গুরুত্বপূর্ণ তথ্য: সিলভার পকেট ফাঁকা। এই খাবারের দাম দেওয়ার সামর্থ্যই নেই তাঁর। কী করে থাকবে? তিনি পাশেই কাসা দেল কাম্পো নামের পার্কে ঘুমান। সেখানে এ রকম আরও কয়েকজন থাকেন, যাঁদের ঘর নেই। ‘রবিন হুড’ নামে রেস্তোরাঁয় তাঁরা চলতি সপ্তাহ থেকে বিনা মূল্যে খাওয়ার সুযোগ পাচ্ছেন।
‘ম্যাসেঞ্জার অব পিস’ নামের একটা সংগঠন এই খরচা দিচ্ছে। ৭৯ বছর বয়সী অ্যাঞ্জেল গার্সিয়া এই উদ্যোগের নেতা। সাদা চুলের এই হাসিখুশি মানুষটি যাজক। সেবামূলক কাজকর্মও করেন। তাঁর সংগঠন ওই রেস্তোরাঁর জন্য কিছু তহবিলের জোগান দেয়। সেখানে সকাল-দুপুরে জনপ্রতি খাবারের দাম রাখা হয় ১১ ইউরো (প্রায় ১২ ডলার)। একই খাবার তারা উদ্বাস্তুদের খাওয়ায় বিনা মূল্যে।
মাদ্রিদে এ রকম আরও তিনটা জায়গায় ঘরহীন মানুষদের খাওয়ার ব্যবস্থা করতে চান গার্সিয়া। পরে স্পেনের অন্যান্য অংশেও চালু করবেন। দেশটিতে প্রতি পাঁচজনের একজন দারিদ্র্যসীমার প্রায় কাছাকাছি জীবনযাপন করছেন। কারণ, দেশটিতে বিপর্যয়কর অর্থনৈতিক সমস্যা চলছে।
গার্সিয়া বললেন, মানুষকে মর্যাদার সঙ্গে বাঁচার সুযোগ করে দেওয়াটা অনেক আনন্দের। গির্জায়ও অনেকে খাবারের আশায় আসে। সেখানে প্রতি সন্ধ্যায় প্রায় ২০০ জনের জন্য স্যান্ডউইচ, স্যুপ আর ফলমূল পরিবেশন করা হয়।