উদ্বিগ্ন পাহাড়ের মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রাতৃঘাতী সংঘাতে প্রাণহানির ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন খাগড়াছড়ি জেলার আদিবাসী সমাজের বিশিষ্টজনেরা। আদিবাসী-সমর্থিত বিবদমান আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর প্রতি সংঘাত বন্ধ করে সংযম প্রদর্শনের আহ্বান জানান তাঁরা।

গত দুই মাসে খাগড়াছড়ি জেলায় ভ্রাতৃঘাতী সংঘাত ও খুনোখুনির ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে সাধারণ আদিবাসী নাগরিকদের মধ্যে। জেলার বিশিষ্ট নাগরিকেরা জানান, সুনির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থক হওয়ায় অনেকেই প্রতিপক্ষ দলের নিয়ন্ত্রণে থাকা এলাকায় যেতে পারেন না। ফলে বহু আদিবাসী রাজনৈতিক কর্মী এখন নিজেদের পরিবার ও স্বজনদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। পাশাপাশি নিজেদের মধ্যে অব্যাহত কোন্দলের কারণে পার্বত্য চুক্তি বাস্তবায়নের মতো বৃহত্তর রাজনৈতিক অর্জন এখনো সম্ভব হয়নি বলে তাঁরা মনে করেন।

সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, গত মার্চ মাস থেকে খাগড়াছড়ি জেলায় হঠাৎ করেই ভ্রাতৃঘাতী সংঘাতের ঘটনা বৃদ্ধি পেয়েছে। গত ৯ মার্চ দিঘীনালা উপজেলার বাবুছড়া এলাকায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্য সুদৃষ্টি চাকমা (৩৫) নিহত ও অপর এক সদস্য আহত হন। ৫ এপ্রিল জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় সশস্ত্র হামলায় জেএসএস সন্তু লারমা পক্ষের সদস্য নারায়ণ চন্দ্র মারমা (২৬) নিহত হন ও অপর এক সদস্য আহত হন। ১২ এপ্রিল আদিবাসীদের ঐতিহ্যবাহী উৎসব বিজুর প্রথম দিনে খাগড়াছড়ি সদরের ভাইবোনছড়া এলাকার বড়ইতলী নামক স্থানে ইউপিডিএফের দুই সদস্য নতুন কুমার চাকমা (৪৫) ও প্রতুলময় চাকমা (৩২) খুন হন। সর্বশেষ ১৯ এপ্রিল লক্ষ্মীছড়ি উপজেলা সদরের জুর্গাছড়ি গ্রামে ব্যবসায়ী জয় কুমার চাকমা (৫০) নিহত ও অপর একজন আহত হন। জয় কুমার চাকমা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না হলেও ভ্রাতৃঘাতী সংঘাতে প্রাণ হারিয়েছেন।

খাগড়াছড়ি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বোধিসত্ত্ব দেওয়ান বলেন, সম্প্রতি খাগড়াছড়ি জেলায় খুনের ঘটনা বৃদ্ধি পাওয়ার বিষয়টি খুবই উদ্বেগজনক। আন্দোলন সংগ্রামে কৌশল ভিন্ন থাকা অস্বাভাবিক কিছু নয়। সবাইকে সহিষ্ণু মনোভাব নিয়ে গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে লড়াই করতে হবে।

জেলার বিশিষ্ট ব্যবসায়ী শুভমঙ্গল চাকমা বলেন, প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে সহিংসতা খুবই নিন্দনীয় কাজ। এটি অবিলম্বে বন্ধ করা উচিত। বর্তমানে আঞ্চলিক দলগুলো যে কাজে লিপ্ত রয়েছে, তা আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠায় বাধা হয়ে দাঁড়াবে।

খাগড়াছড়ি সদরের তরুণ সমাজকর্মী ধীমান খীসা ও খাগড়াছড়ি জেলা হেডম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক স্বদেশ প্রীতি চাকমা বলেন, ‘হাঠৎ করে ভ্রাতৃঘাতী সংঘাত বৃদ্ধি ও খুনোখুনির ঘটনায় আমরা বিচলিত। আমরা সংশ্লিষ্ট দলগুলোর প্রতি সংযম প্রদর্শন করার আহ্বান জানাচ্ছি।’ তাঁরা পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় অবিলম্বে সরকারের কাছে পার্বত্য চুক্তি বাস্তবায়নের আহ্বান জানান।

বিশিষ্টজনদের উদ্বেগ প্রসঙ্গে জানতে চাইলে ইউপিডিএফের প্রচার শাখার সদস্য নিরণ চাকমা বলেন, বহু আগে থেকেই ইউপিডিএফ ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে আসছে।

যতবার এ আহ্বান জানানো হয়েছে, ততবার তা ভেস্তে গেছে এবং ইউপিডিএফ কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। এর পরও যদি কেউ ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধের উদ্যোগ নেয়, তাহলে ইউপিডিএফ সে উদ্যোগকে স্বাগত জানাবে। জনসংহতি সমিতি সন্তু লারমা পক্ষের সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বলেন, পাহাড়ে সন্ত্রাস বেড়ে যাওয়ার ঘটনায় জনসংহতি সমিতি উদ্বিগ্ন। চুক্তিবিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে এসব দুঃখজনক ঘটনা ঘটানো হচ্ছে। চুক্তি বাস্তবায়ন হলে এসব ঘটনা বন্ধ হবে। তিনি পার্বত্য চুক্তি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি দাবি জানান।

উল্লেখ্য, এক তথ্যে জানা যায়, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চুক্তি স্বাক্ষরের পর পার্বত্য চট্টগ্রামে এ পর্যন্ত ভ্রাতৃঘাতী সংঘাতে ইউপিডিএফের ২৫৯ জন এবং জনসংহতি সমিতি সন্তু লারমা পক্ষের ৭৮ জনসহ ৩০০ নেতা-কর্মী সমর্থক খুন ও নিখোঁজ হয়েছেন।