উদ্বেগ-উৎকণ্ঠার মহাসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় মহাসেন নিয়ে সবার মধ্যে বিরাজ করছে উদ্বেগ-উৎকণ্ঠা। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। তার পরও ভাঙা বেড়িবাঁধ নিয়ে আতঙ্কিত উপকূলের বাসিন্দারা। দুশ্চিন্তায় আছেন ব্যবসায়ীরাও।গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম ও কক্সবাজারসহ দেশের ১০ জেলায় ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদেরা বলছেন, বুধবার রাতে বা বৃহস্পতিবার দিনের যেকোনো সময় এটি বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে। উত্তর বঙ্গোপসাগরের সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে এর গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার যা দমকা ও ঝোড়ো হাওয়ার বেগে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, ভোলা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলায় স্বাভাবিকের চেয়ে পাঁচ থেকে সাত ফুট উঁচু জোয়ার হতে পারে। জেলা প্রশাসন সূত্র জানায়, দুর্যোগকালে চট্টগ্রামে থাকা ৪৭৯টি আশ্রয়কেন্দ্রে সর্বোচ্চ তিন লাখ লোক আশ্রয় নিতে পারবে। তবে এসব কেন্দ্রের মধ্যে ৩৪টি ব্যবহার অনুপযোগী। দুর্যোগে চট্টগ্রামের উপকূলীয় এলাকায় ১০ লাখ লোক আশ্রয় প্রার্থী হতে পারে।সরেজমিনে দেখা যায়, গত কয়েক দিন ধরে পতেঙ্গা, কাট্টলী ও হালিশহর উপকূলে মাইকিং চলছে। মাইকিংয়ে লোকজনকে শুকনো খাবার ও মোমবাতি-দিয়াশলাই মজুদ রাখার পাশাপাশি মূল্যবান জিনিসপত্র নিয়ে আশ্রয়কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিতে আহ্বান জানানো হয়। জনমনেও ঘূর্ণিঝড় মহাসেন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। ১৯৯১ সালের ২৯ এপ্রিলের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের দুঃসহ স্মৃতি এখনো তাড়িয়ে বেড়ায় উপকূলের বাসিন্দাদের। পতেঙ্গার নারিকেলতলা এলাকার বাসিন্দা টিপু সুলতান বলেন, ‘বেড়িবাঁধের অবস্থা ভালো না। এখন যদি বড় ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস হয় তবে আমাদের এলাকার পাশাপাশি নগরের বিভিন্ন এলাকাও তলিয়ে যেতে পারে।’ খাতুনগঞ্জ ট্রেড ও ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সদস্য আলমগীর পারভেজ বলেন, ‘আমরা খুব আতঙ্কে আছি। চট্টগ্রামে আমদানি করা ভোগ্যপণ্য নগরের চাক্তাই, মঝিরঘাট ও পাহাড়তলীর বিভিন্ন গুদামে রক্ষিত আছে। ঘূর্ণিঝড় নগরে আঘাত হানলে পণ্যের বিরাট ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।’ প্রশাসন সূত্র জানায়, ঘূর্ণিঝড় মোকাবিলায় জেলা প্রশাসন পাঁচ হাজার কর্মী প্রস্তুত রেখেছে। জনগণকে সতর্ক করতে মসজিদের ইমাম, স্কুলশিক্ষক, জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিদের প্রচারণার কাজে অন্তর্ভুক্ত করা হয়েছে। রেডক্রিসেন্টের পক্ষ থেকেও নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। তাঁদের রয়েছে ছয় হাজার স্বেচ্ছাসেবক। স্থানীয় জনগণকে সতর্ক করতে পুলিশ সদস্যরাও মাঠে নেমেছেন।চট্টগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবদুল মালেক বলেন, প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আনোয়ারা, বাঁশখালী, সন্দ্বীপ, সীতাকুণ্ড ও মিরসরাই এই পাঁচ উপকূলীয় উপজেলায় ঝুঁকি বেশি। পাশাপাশি অন্যান্য উপজেলাতেও আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে। বিশুদ্ধ খাবার পানি ও শুকনো খাবারও মজুদ করা হয়েছে। তা ছাড়া উপকূলীয় এলাকার বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে (সাইক্লোন শেলটার) চলে আসার আহ্বান জানানো হচ্ছে।