বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা থেকে অপহূত মুঠোফোন কোম্পানি টেলিটকের কারিগরি সহায়তাদানকারী প্রতিষ্ঠান বি-টেকনোলজির প্রকৌশলীসহ পাঁচ কর্মীর স্বজনেরা উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। যত দিন যাচ্ছে, ততই প্রিয় মানুষটির চিন্তায় অসুস্থ হয়ে পড়ছেন তাঁরা। ওই পাঁচ কর্মীকে উদ্ধারের জন্য সেনাবাহিনী ও বিজিবি উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। অপহূত ব্যক্তিদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁদের প্রিয় মানুষগুলো এখনো উদ্ধার না হওয়া বা মুক্তি না পাওয়ায় তাঁদের পরিবারের সদস্যরা উৎকণ্ঠিত, ক্ষুব্ধ। প্রতিদিন খোঁজ নিয়ে কোনো সুখবর না পেয়ে অনেকে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছেন। কেউ কেউ অসুস্থ হয়ে পড়েছেন। অপহূত পাঁচজনের মধ্যে প্রকৌশলী মো. আক্তার হোসেন ঢাকা, টেকনিশিয়ান মো. হেমায়েত হোসেন ও মো. ইমরুল হোসেন নড়াইল এবং সুপারভাইজার মো. সুজাউদ্দিন ও মো. মুজিবুর রহমান খাগড়াছড়ির বাসিন্দা। মুজিবুর রহমান খাগড়াছড়ি সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র বলে জানা গেছে। অপহূত ইমরুলের বড় ভাই মো. রিপন বলেন, ‘ভাইয়ের চিন্তায় বাবা-মা দুজনই অসুস্থ হয়ে পড়েছেন। আমরা টেলিটকের সহায়তাকারী প্রতিষ্ঠান বি-টেকনোলজিকে চাপ দিচ্ছি, যাতে ভাইয়ের দ্রুত মুক্তির ব্যবস্থা করা হয়।’ মুজিবুর রহমানের বাবা মো. আবদুল খালেক বলেন, ‘আমাদের বাড়িতে এখন বিষাদের ছায়া। আমার স্ত্রী পাগলপ্রায়। কিছুক্ষণ পর পর কান্নাকাটি করছে। খাওয়া-দাওয়াও ছেড়ে দিয়েছে। টেলিটক কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি, যেকোনো কিছুর বিনিময়ে ছেলেকে ফেরত আনা হোক।’আক্তার হোসেনের বড় বোন আয়শা ওয়াহিমুন বলেন, ‘ভাই অপহূত হওয়ার পর বাড়িতে সবাই অসুস্থ হয়ে পড়েছে। আমাদের বাবা বিদেশ থেকে প্রতিদিন ফোন করে অগ্রগতি জানতে চান। কিন্তু তাঁকে দেওয়ার মতো জবাব আমাদের কাছে নেই।’উল্লেখ্য, অপহূত ব্যক্তিরা ৮ জুলাই বেলা দুইটার দিকে টেলিটকের কারিগরি সহায়তাদানকারী প্রতিষ্ঠান বি-টেকনোলজির বাঘাইছড়ির বারিবিন্দুঘাটে একটি টাওয়ারে কাজ করছিলেন। হঠাৎ তিনজন অস্ত্রধারী সন্ত্রাসী সেখানে উপস্থিত হয়ে কর্মীদের কাজ বন্ধ করতে বলে। পরে তাঁদের রূপকারী গ্রামের দিকে নিয়ে যায় সন্ত্রাসীরা। এর পর থেকে আর কোনো হদিস মেলেনি তাঁদের। পরে রাত আটটার দিকে খাগড়াছড়িতে অবস্থিত টেলিটক কর্মকর্তাকে পাঁচ কর্মীকে অপহরণের কথা জানিয়ে ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।বি-টেকনোলজি সূত্র জানায়, ১১ জুলাই খাগড়াছড়ি শহর থেকে ১০ কিলোমিটার দূরে বি-টেকনোলজির সঙ্গে গোপন বৈঠকে অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে তিন কোটি টাকা দাবি করে। ফলে, কোনো সিদ্ধান্ত ছাড়া বৈঠক ভেঙে যায়। এর পর থেকে অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায় তাদের।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানায়, অপহূত ব্যক্তিদের উদ্ধার ও অপহরণকারীদের ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে। ঘন ঘন স্থান বদলের কারণে তাদের ধরা সম্ভব হয়নি। তবে গত কয়েক দিনে তাদের আস্তানার কাছাকাছি যাওয়া সম্ভব হয়েছে।সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিওনের জি-২ ইন্টেলিজেন্সের মেজর মুহাম্মদ রুবায়াত জামিল প্রথম আলোকে বলেন, ‘সেনাবাহিনীর নজরদারি থাকায় অপহরণকারীরা বেশি দূরে যেতে পারেনি। বাঘাইহাট এলাকার আশপাশের জঙ্গলে রয়েছে তারা। সে জন্য ওই জঙ্গল ঘিরে রাখা হয়েছে। সাধারণ লোকজনের ক্ষতির আশঙ্কায় আমরা ধীরে-সুস্থে আস্তানার দিকে এগিয়ে যাচ্ছি।’বি-টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক এস এম ইউসুফ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘১২ জুলাইয়ের পর অনেক চেষ্টা করেও অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যাচ্ছে না। এখন শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ রাখছি। প্রতিদিন অপহূত ব্যক্তিদের স্বজনেরা আমাদের ওপর চাপ সৃষ্টি করছে। আমরা তাঁদের কোনো সুখবর দিতে পারছি না।’