উদ্বোধনের অপেক্ষায় আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আগুন লাগলে এত দিন ১৫ কিলোমিটার দূরে পটিয়া উপজেলা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি আসত। গাড়ি এসে পৌঁছানোর আগেই ক্ষয়-ক্ষতি যা হওয়ার তা হয়ে যেত। তাই উপজেলার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল এলাকায় একটি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের। অবশেষে পূরণ হয়েছে সে দাবি। শেষ হয়েছে ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের কাজ।
আনোয়ারায় সর্বশেষ আগুন লাগার ঘটনা ঘটে ৩ জানুয়ারি। উপজেলার কালাবিবির দীঘিরপাড়ের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগার পর পটিয়া থেকে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পৌঁছাতে ঘণ্টাখানেকেরও বেশি সময় লেগে যায়। ততক্ষণে আগুনে ১২টি দোকান পুড়ে যায়। এতে বিশ লাখ টাকার ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের।
কালাবিবির দীঘিরপাড়ে আগুনে পুড়ে যাওয়া বেশ কয়েকটি দোকানের মালিক আজাদ উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের খবরে স্বস্তির নিশ্বাস ফেলেছেন। তিনি বলেন, ‘আমার দোকানে আগুন লাগার পর পটিয়া থেকে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই ক্ষতি যা হওয়ার তা হয়ে গেছে। তবে শুনে ভালো লাগছে এখন আনোয়ারাতেই একটি ফায়ার সার্ভিস স্টেশন হয়েছে। এতে অগ্নিকাণ্ডে ক্ষয়-ক্ষতির পরিমাণ অনেক কমবে।’
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, আনোয়ারা সদরে ২০১১ সালে এক কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে ফায়ার সার্ভিস স্টেশনের নির্মাণের দায়িত্ব পায় চট্টগ্রামের মেসার্স হাওলাদার এজেন্সি নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। তিনতলা বিশিষ্ট এ ফায়ার স্টেশনে এখন চলছে ধোয়া-মোছার কাজ। দুটি গাড়ি ও ১৭ জন লোকবল থাকবে এই স্টেশনে। তাদের মধ্যে দুজন গাড়ি চালক ও ১৫ জন ফায়ারম্যান।
আনোয়ারা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল হোসেন বলেন, আগুনে আনোয়ারায় গত দশ বছরে আনোয়ারায় অন্তত ৫০ লাখ টাকারও বেশি সম্পদ নষ্ট হয়েছে। আনোয়ারায় ফায়ার সার্ভিস স্টেশন থাকলে এত ক্ষতি হতো না। এখন অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ অনেক কমবে।
আনোয়ারার উপজেলা প্রকৌশলী তাসলিমা জাহান বলেন, ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের উদ্যোগটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। আর নির্মাণকাজের তদারকি করছে গণপূর্ত মন্ত্রণালয় তাই।
জানতে চাইলে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিস স্টেশনের নির্মাণকাজ শেষ হয়েছে। আশা করি খুব শিগগিরই এর উদ্বোধন হবে।
আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, একটি ফায়ার সার্ভিসের অভাবে আনোয়ারাবাসী দীর্ঘদিন কষ্ট পেলেও এখন কষ্ট দূর হবে।