নগরের গণপরিবহন-ব্যবস্থাকে শৃঙ্খলায় আনতে অবশেষে কাউন্টারভিত্তিক বাস সার্ভিস আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। গতকাল সকালে নিউমার্কেট মোড়ে সিটি মেয়র এম মন্জুর আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলামসহ যানবাহন মালিক সমিতি ও পরিবহন শ্রমিক নেতারা উপস্থিত থেকে এ সার্ভিস চালু করেন। তবে এ ব্যবস্থার সুফল যাত্রীরা পাবেন কি না, তা নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের মনে সংশয় রয়েছে। উদ্বোধনের পরও নগরের বিভিন্ন রুটে গতকালও আগের মতো যেখানে-সেখানে বাস থামিয়ে যাত্রী তুলতে দেখা গেছে। যাত্রীদের টিকিট পরীক্ষার পরিবর্তে বাসের ভেতরে ভাড়া আদায় করতে দেখা গেছে।পরিবহন মালিকদের সংগঠন চট্টলা পরিবহনের সাধারণ সম্পাদক গোলাম রসুল প্রথম আলোকে বলেন, ব্যাপক হারে কাউন্টারভিত্তিক বাসের সেবা শুরু হলে পরিবহন চলাচলের মধ্যে একটা শৃঙ্খলা ফিরে আসবে। পুলিশের হয়রানি কমে যাবে। যানজটও অনেকাংশে নিরসন হবে। কিন্তু এ জন্য যাত্রীদের সচেতনতা দরকার। চট্টগ্রামে দেখা যায়, একটি কাউন্টার ব্যবহার না করে যেকোনো জায়গা থেকে যাত্রীরা গাড়িতে উঠে যেতে চান। এ ধরনের মনোভাব ত্যাগ না করলে কাউন্টারভিত্তিক সেবা কার্যক্রম সফল হবে না। আগামী দু-এক দিনের মধ্যে কাউন্টারভিত্তিক সেবা পুরোদমে শুরু করা সম্ভব হবে।পরিবহন মালিক সূত্রে জানা যায়, গণপরিবহনে যাত্রীদের সেবা দেওয়ার জন্য নগরে ২০৭টি কাউন্টার বসানো হয়েছে। এসব কাউন্টার ব্যবহার করবে প্রায় এক হাজার ৪০০ বাস, মিনিবাস ও হিউম্যান হলার। সকাল সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত একটানা এ সেবা দেবে পরিবহন সংস্থাগুলো।নগর পুলিশের যানবাহন বিভাগের সহকারী কমিশনার (এসি) নবজ্যোতি খীসা প্রথম আলোকে বলেন, ‘যাত্রীসেবা নিতে পুরোপুরি প্রস্তুত ১৭টি কাউন্টারে পুলিশের পাহারা দেওয়া হয়েছে। যাত্রী কিংবা যানবাহন মালিক-শ্রমিকদের কেউ যাতে গোলযোগ পাকাতে না পারে, সে জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে।’ উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র এম মন্জুর আলম পরিবহন-ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যাত্রীদের সেবা নিশ্চিত করতে পরিবহন মালিক ও চালকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘কেবল মুনাফা নয়, সেবার বিষয়টিও সবাইকে মাথায় রাখতে হবে এবং দুর্ঘটনা রোধে চালকদের আরও মনোযোগী হতে হবে।’ জানা যায়, এর আগেও চট্টগ্রামে কাউন্টারভিত্তিক সেবা কার্যক্রম শুরুর জন্য অন্তত তিন দফায় দিনক্ষণ ঠিক করা হয়েছিল। কিন্তু সংশ্লিষ্ট সব পক্ষের প্রস্তুতি সম্পন্ন না করায় সেটা সম্ভব হয়নি। বিক্ষিপ্তভাবে কোনো রুটে আংশিকভাবে কাউন্টার সার্ভিস চালু হয়। কিন্তু শেষ পর্যন্ত তা ধরে রাখা সম্ভব হয়নি।একাধিক বাসযাত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, কাউন্টার সার্ভিস চালু করতে হলে দীর্ঘ লাইন ধরে টিকিট কাটার সুব্যবস্থা রাখতে হবে। রোদ-বৃষ্টি-ঝড়ে যাত্রীরা যাতে কিছু সময় দাঁড়াতে পারেন, সে জন্য রাস্তার পাশে উপযুক্ত যাত্রীছাউনি তৈরি করতে হবে। এ ছাড়া থাকতে হবে পরিবহন মালিকদের জন্য কাউন্টার। এই কাউন্টারে নগদ টাকা জমা রাখার সুযোগ-সুবিধা তৈরি করতে হবে। সর্বোপরি যাত্রীদের ইচ্ছামতো জায়গা থেকে গাড়িতে ওঠার মানসিকতা ত্যাগ করতে হবে। এসব পরিপূর্ণভাবে কার্যকর না হওয়া পর্যন্ত কাউন্টারভিত্তিক বাস চলাচল ব্যবস্থায় সাফল্য আসবে না বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন। এ ব্যাপারে সিটি বাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ‘সবাই সহযোগিতা করলে এবার আমরা সফল হতে পারব বলে বিশ্বাস করি।’ সিটি করপোরেশন সূত্রে জানা যায়, জুলাই মাসের শুরুতে চট্টগ্রামের বিভিন্ন পরিবহন মালিক ও পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করেন মেয়র। এ বৈঠকে কাউন্টারভিত্তিক বাস সার্ভিস পুনরায় শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সিদ্ধান্ত গতকাল থেকে বাস্তবায়ন শুরু হয়েছে।