উদ্বোধনের অপেক্ষায় দোহাজারী পিকিং পাওয়ার প্লান্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ চট্টগ্রামের দোহাজারী ১০০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্লান্ট আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের কথা রয়েছে। তাঁর দপ্তর থেকে সময় পাওয়ার অপেক্ষা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। প্রকল্প সুত্র জানায়, গত বছর জানুয়ারি মাসে প্রকল্পের কাজ শুরু করা হয় এবং নভেম্বরের প্রথমদিকে সম্পন্ন হওয়ার পর পরীক্ষামূলক উৎপাদনে যায়। ডিসেম্বরের শেষদিকে প্রকল্পে পুরোদমে উৎপাদন শুরু হয়।জানা যায়, প্রতিদিন গড়ে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এবং জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। এ পর্যন্ত কোনো যান্ত্রিক ক্রুটি ধরা পড়েনি। প্রায় এক হাজার কোটি টাকা ব্যয়ে প্রকল্পটির নির্মাণকাজ করেছে চীনা প্রতিষ্ঠান ওয়াং ঢং এবং বাংলাদেশের পান্না ট্রেডার্স অ্যান্ড ন্যাশনাল ট্রেডিং। এটি হচ্ছে দক্ষিণ চট্টগ্রামের তৃতীয় বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র। ১৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন ছয়টি ইউনিটের সমন্বয়ে বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করা হয়। প্রকল্পটি প্রথমদিকে শুধু ফার্নেস অয়েল দিয়ে চালানোর নির্মাণ পরিকল্পনা ছিল। পরে সিদ্ধান্ত পরিবর্তন করে দ্বৈত জ্বালানিতে (গ্যাস ও ফার্নেস অয়েল) দিয়ে চালানোর উপযোগী করে নির্মাণ করা হয়। পিক আওয়ারে বিদ্যুৎ উৎপাদনে প্রতিদিন গ্যাস লাগবে ৩০ মিলিয়ন ঘন ফুট। ফার্নেস অয়েল লাগবে ২৫০ মেট্রিক টন। বর্তমানে ফার্নেস অয়েল দিয়ে জাতীয় গ্রিডের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন হবে। দোহাজারী পর্যন্ত এখনো গ্যাস লাইন না আসায় আপাতত প্রকল্পটি পুরোপুরি ফার্নেস অয়েল দিয়ে চালানো হচ্ছে। ফার্নেস অয়েল মজুদ করার জন্য দোহাজারী রেলওয়ে ষ্টেশনসংলগ্ন এলাকায় এক একরের মতো ভূমি রেলওয়ে থেকে অধিগ্রহণ করা জায়গায় নির্মাণ করা হয়েছে ওয়েল ট্যাংকার। চট্টগ্রাম থেকে রেল ভাওচার করে ফার্নেস অয়েল দোহাজারীতে নিয়ে এসে এই ওয়েল ট্যাংকারে ভর্তি করা হয়। এখান থেকে পাওয়ার প্লান্ট পর্যন্ত বসানো পাইপ লাইন দিয়ে ফার্নেস অয়েল পিকিং পাওয়ার প্লান্টে পাঠানো হচ্ছে। এ বিষয়ে প্রকল্প পরিচালক স্বপন কান্তি চক্রবর্ত্তী প্রথম আলোকে জানান, প্রকল্পের কাজ যথাসময়ে সম্পন্ন হয়েছে। এখন পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে যুক্ত করা হচ্ছে। প্রকল্পটি প্রধানমন্ত্রী উদ্বোধন করার কথা আছে।