উদ্বোধনের আগেই বালু ব্যবসায়ীদের দখলে সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়া উপজেলার হোসনাবাদ ইউনিয়নের নিচিন্তাপুর সড়কে সিলফলিয়া ছড়া সেতুর নির্মাণকাজ শেষ হয়েছে গত বছরের নভেম্বরে। আনুষ্ঠানিকভাবে সেতু এখনো উদ্বোধন হয়নি। এর মধ্যে সেতুটি খুলে দেওয়া হয় যানবাহন চলাচলের জন্য। কিন্তু চালু হওয়ার তিন মাস না পেরুতেই সেতুটি এখন চলে গেছে বালু ব্যবসায়ীদের দখলে। সেতু বালু রেখে চলছে বিক্রি।স্থানীয় লোকজন জানান, হোসনাবাদ ইউনিয়নের নিচিন্তাপুর গ্রামের প্রায় চার হাজার মানুষের চলাচলের একমাত্র সড়ক এটি। সড়কের মাঝখান দিয়ে প্রবাহিত সিলফলিয়া ছড়া। ১৯৫৬ সালে নির্মিত সেতুটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বোমার আঘাতে বিধ্বস্ত হয়। সেই থেকে সেতুটি বিধ্বস্ত অবস্থায় পড়ে ছিল। এলাকার মানুষ ছড়ার পানি ডিঙিয়ে বহু কষ্টে চলাফেরা করত। গত সংসদ নির্বাচনে প্রচারণার সময় বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ সেতুটি নির্মাণের প্রতিশ্রুতি দেন এবং তিনি তা পূরণ করেছেন। কিন্তু ক্ষমতাসীন দলের লোকজন সেতু দখল করে চালাচ্ছেন বালু ব্যবসা।সরেজমিনে দেখা গেছে, ছড়া থেকে বালু তুলে সেতুর এক প্রান্তে স্তূপ করে রাখা হচ্ছে। অন্য প্রান্তে রাখা হয়েছে শুকনো খড়। যেখান থেকে ক্রেতারা বালু ও খড় কিনে জিপ-ট্রাকভর্তি করে নিয়ে যাচ্ছেন। ফলে সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। স্থানীয় লোকজন হেঁটে যেতেও দুর্ভোগ পোহাচ্ছেন। হোসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা নাজিম উদ্দিন বলেন, স্থানীয় সরকার অধিদপ্তর এক কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মাণকাজ শুরু করে। ২০১২ সালের নভেম্বর মাসে নির্মাণকাজ শেষ হয়। এ সেতু নির্মিত হওয়ায় এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। কিন্তু সেতু এখন ক্ষমতাসীন দলের কিছু নেতার দখলে চলে গেছে। বিষয়টি স্বীকার করেন উপজেলা প্রকৌশলী হাসান আলীও। তিনি বলেন, এ ব্যাপারে এলাকাবাসীর আপত্তি করলেও দখলদাররা গ্রাহ্য করছেন না। জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী বলেন, সেতুটি জনসাধারণের বহু আকাঙ্ক্ষিত। সেতুটি নির্মাণ করায় এলাকার মানুষ খুশি। কতিপয় দখলদারের কারণে এ খুশি ম্লান হতে দেওয়া যাবে না। জরুরি ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে সেতুটি দখলমুক্ত করে দখলদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে।