উদ্বোধনের মাত্র আড়াই মাসের মাথায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সীতাকুণ্ড উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের হাজারীখীল-ফটিকছড়ি সংযোগ সড়কটি। স্থানীয় লোকজনের অভিযোগ, সড়কটি নির্মাণের সময় নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এ অবস্থা হয়েছে।সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২৬ নভেম্বর চার স্তরে ২০ কিলোমিটারের হাজারীখীল-ফটিকছড়ি সংযোগ সড়কের জন্য দরপত্র আহ্বান করা হয়। ওই সড়কের চার কিলোমিটার এলাকার প্রথম স্তরের কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান হারাধন এন্টারপ্রাইজ লিমিটেড। এতে ব্যয় ধরা হয় ৭০ লাখ টাকা। সাত মাসের চুক্তিতে ওই বছরের ডিসেম্বরে কার্যাদেশ পেয়ে ঠিকাদার সড়ক উন্নয়নের কাজ শুরু করেন। প্রায় এক বছর পর ২০১০ সালে কাজ শেষ হলেও সড়কটি উদ্বোধন করা হয় চলতি বছরের ১৭ এপ্রিল। উদ্বোধন করেন স্থানীয় সাংসদ এ বি এম আবুল কাশেম।১ জুলাই সরেজমিনে গিয়ে দেখা গেছে, তিন কিলোমিটার সড়কটির পিচ ও ইট এমনভাবে উঠে গেছে, দেখে মনে হবে না এই সড়কটি মাত্র আড়াই মাস আগে উদ্বোধন করা হয়েছে। দুই ভাগে সড়কটির কাজ করা হয়েছে। একটি অংশ ছিল পুরোনো সড়কের পুনর্নির্মাণ। অন্যটি নতুন করে কার্পেটিং করা। যে কাজটি নতুন হয়েছে তা পাহাড়বেষ্টিত হওয়ায় তার বেশির ভাগ অংশই ভেঙে পড়েছে। সড়কের দুই-তৃতীয়াংশ কার্পেটিং উঠে গেছে। কার্পেটিং নিম্নমানের হওয়ায় অনেক অংশে কার্পেটিং ফেটে সবুজ ঘাস উঠে গেছে। সড়কের বিভিন্ন স্থানে বালির বস্তা ফেলে ভাঙা অংশ রক্ষা করার চেষ্টা করেছেন ঠিকাদার। হাজারীখীল গ্রামের বাসিন্দা আবুল হোসেনের অভিযোগ, ‘ঠিকাদার নিম্নমানের ইট এনে তা খোয়া হিসেবে ব্যবহার করেছেন। মাটির ওপর বালু না দিয়ে নিম্নমানের ইট বসিয়ে যেনতেনভাবে কার্পেটিংয়ের কাজ করায় সড়কটি টেকসই হয়নি। ওই সময় এলাকাবাসী প্রতিবাদ করে। কিন্তু কোনো কাজ হয়নি।’সড়কের পাশের মাধবানন্দ সেবাশ্রমের পূজারি শংকর চক্রবর্তী বলেন, ‘রাস্তায় খোয়া ঠিকমতো দিতে দেখিনি। আর এমনভাবে কার্পেটিং করা হয়েছে, ভ্যান চলাচল করলেই সড়কটি দেবে যায়। রাস্তায় একেবারেই নিম্নমানের কাজ হয়েছে। গত এক সপ্তাহের বৃষ্টিতে অবস্থা আরও ভয়াবহ হয়েছে।’ বারৈয়াঢালা ইউনিয়নের চেয়ারম্যান রেহান উদ্দিন বলেন, ‘সড়কটি নির্মাণে নিম্নমানের কাজের জন্য অনেকে অভিযোগ করেছেন। কিন্তু কাজটি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের তত্ত্বাবধানে থাকায় তখন আমার করার কিছু ছিল না।’ এ প্রসঙ্গে ঠিকাদার বাবুল চৌধুরী বলেন, ‘রাস্তার কাজে একটুও অনিয়ম বা গাফিলতি হয়নি। দরপত্রে উল্লিখিত নিয়মে কাজ করা হয়েছে। পরিত্যক্ত খোয়া মিশিয়ে রাস্তায় দেওয়া হয়েছে কথাটি ঠিক নয়। কয়েক দিনের টানা বৃষ্টিতে সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে। আন্তরিকতা দিয়ে কাজ করে বরং লোকসান হয়েছে।’ চট্টগ্রাম সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপসহকারী বিভাগীয় প্রকৌশলী কিরণ চন্দ্র দাশ বলেন, ‘অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সড়কের পিচ উঠে যাচ্ছে। ঠিকাদার তা সংস্কারও করছে। সড়কটির আরও তিন স্তরের কাজ এখনো শেষ হয়নি। তবে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’এ প্রসঙ্গে সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া বলেন, ‘নিম্নমানের কাজের ব্যাপারে এলাকার মানুষ আমাকে বলেছেন। সংশ্লিষ্ট ব্যক্তিদের এ বিষয়ে তদারকি করার জন্য বলেছি।’