উদ্বোধনের চার মাস পরও চালু হয়নি বাঘাইছড়ির তথ্যসেবাকেন্দ্র
উদ্বোধনের চার মাস পরও বাঘাইছড়ি উপজেলার আট ইউনিয়নের তথ্যসেবাকেন্দ্র চালু হয়নি। ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানেরা বলছেন, অপারেটরদের অদক্ষতা ও পর্যাপ্ত নেটওয়ার্ক না থাকায় তথ্যসেবাকেন্দ্র চালু করা যাচ্ছে না। সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ১১ নভেম্বর দেশে একযোগে তথ্যসেবা কার্যক্রম উদ্বোধন করেন। পরবর্তীকালে গত ২২ নভেম্বর বাঘাইছড়ি উপজেলার সাজেক ও বঙ্গলতলী ইউনিয়নে প্রধানমন্ত্রীর একান্ত সচিব মো. নজরুল ইসলাম খান তথ্যসেবাকেন্দ্র উদ্বোধন করেন। এসব কেন্দ্রে ইন্টারনেট, অল্প খরচে কম্পোজ, ছাপা (প্রিন্ট), ছবি তোলা ও স্ক্যানিংয়ের সুবিধা দেওয়ার কথা। এ ছাড়া প্রতিটি ইউনিয়নে একজন পুরুষ ও নারী অপারেটর নিয়োগ দেওয়া হয়। তাঁদের ১০ দিনের প্রশিক্ষণও দেওয়া হয়েছে। ১৫ মার্চ সারোয়াতলী ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে দেখা গেছে, কার্যালয়ের সামনে শুধু নির্দেশনাফলকটি (সাইনবোর্ড) টাঙানো আছে। কোনো অপারেটর নেই। ইউপি কার্যালয়টাও তালাবদ্ধ। সেখানে স্থানীয় বাসিন্দা অমূল্য রতন চাকমা অভিযোগ করেন, ‘এখানে কোনো তথ্যসেবা দেওয়া হয় না। আমাদের অনেক কাজ বাইরে করতে হচ্ছে। কোনো অপারেটর আসেন না।’ ল্যাপটপসহ যে সরঞ্জাম দেওয়া হয়েছে, সেগুলো অপারেটরের বাড়িতে রাখা হয় বলে তিনি জানান। উগলছড়ি গ্রামের সমর বিকাশ চাকমা অভিযোগ করেন, ‘শুনেছি সরকার ইউনিয়ন পরিষদে বিভিন্ন এলাকায় থাকা আত্মীয়স্বজনের ছবি দেখে কথা বলার যন্ত্র দিয়েছে। কিন্তু ছবি দেখে কথা বলা তো দূরে থাক, ই-মেইলও করা যায় না। উপজেলা সদরে গিয়ে ই-মেইল করতে হয়।’ তিনি আরও বলেন, অন্যান্য কম্পিউটার সেন্টারে গেলে নেটওয়ার্ক পাওয়া যায় এবং ইন্টারনেটও আছে। আর এঁরা বলেন এখানে নাকি নেটওয়ার্ক পাওয়া যায় না।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তথ্যসেবা কার্যক্রম উদ্বোধনের পর আমতলী ও সারোয়াতলী ইউনিয়নে রাঙামাটি জেলা প্রশাসন থেকে দুটি ল্যাপটপ, দুটি মডেম, একটি প্রিন্টার ও স্ক্যানার দেওয়া হয়। পরবর্তীকালে আরও ছয়টি ইউনিয়নে স্থানীয় সরকার পরিষদের এলজিএসপি প্রকল্পের মাধ্যমে প্রতিটিতে একটি ল্যাপটপ, একটি মডেম, একটি প্রিন্টার ও একটি স্ক্যানার দেওয়া হয়েছে। এখনো সেগুলোর কোনো ব্যবহার হচ্ছে না বলে জানা গেছে। বঙ্গলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উত্তরায়ণ চাকমা প্রথম আলোকে বলেন, ‘আমার ইউনিয়নে পর্যাপ্ত নেটওয়ার্ক না থাকায় তথ্যকেন্দ্র চালু করা যাচ্ছে না। তা ছাড়া অপারেটরও ভালোভাবে কাজ করতে পারেন না। তাঁরা এখনো শিখছেন।’ সাজেক ইউনিয়ন পরিষদের অপারেটর মরিয়ম বেগম বলেন, ‘মডেমের সমস্যার কারণে আমরা এখনো ইন্টারনেট চালু করতে পারিনি।’ বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিরণ বিকাশ চাকমা প্রথম আলোকে বলেন, ‘আমি উগলছড়ি উচ্চবিদ্যালয়ে একটি কক্ষ ভাড়া নিয়েছি। কেউ কাজ করতে আসেন না। আমাদের গ্রামীণের মডেম দেওয়া হয়েছে। এখানে গ্রামীণের নেটওয়ার্ক পাওয়া যায় না।’ অপারেটররা মাঝেমধ্যে তথ্যকেন্দ্র খোলেন বলে তিনি জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশিরুল হক ভূঁইয়া প্রথম আলোকে বলেন, তথ্যসেবা ঘোষণা করার পর প্রথম আমতলী ও সারোয়াতলীতে যাবতীয় সরঞ্জাম দেওয়া হয়। পরবর্তীকালে এলজিএসপি প্রকল্প থেকে বাকি ইউনিয়নগুলোতে দেওয়া হয়েছে