উদ্বোধনের ছয় মাস না যেতেই ফাটল, ধসে গেছে সড়কের একাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম হ্রদ মিরসরাইয়ের ‘মহামায়া সেচ প্রকল্প’ উদ্বোধনের ছয় মাস না যেতেই হ্রদের বাঁধে ফাটল দেখা দিয়েছে। ধসে গেছে বাঁধের সংযোগ সড়কের একাংশ। অনেক জায়গায় বাঁধ তৈরিতে দেওয়া পাথরের ব্লকগুলো নিচের দিকে দেবে যাচ্ছে। অভিযোগ উঠেছে, প্রকল্পের কাজ করার সময় এঁটেল মাটির পরিবর্তে পাহাড়ি মাটি ব্যবহারের ফলে বর্ষার শুরুতেই প্রকল্পের বিভিন্ন স্থানে ফাটল ও ভাঙন দেখা দেয়। গত ২৯ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিরসরাইয়ের ঠাকুরদীঘি থেকে এক কিলোমিটার পূর্বদিকে পাহাড়ি ঝরনা ঘিরে তৈরি এ প্রকল্পের উদ্বোধন করেন। দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন বিপুলসংখ্যক পর্যটক প্রকল্প এলাকায় ভিড় জমাচ্ছেন। প্রকল্প এলাকায় গিয়ে দেখা গেছে, প্রায় ৩২ কোটি টাকা ব্যয়ে নির্মিত বাঁধের উত্তরাংশ ও মহামায়া প্রকল্পের বাঁধে প্রবেশপথের পূর্বাংশ ধসে গেছে। বাঁধ ও সড়কের মাঝখানে বড় রকমের ফাটল দেখা দিয়েছে। ড্যামের জন্য মাটির বাঁধ ও সড়ক নির্মাণে এঁটেল মাটি ব্যবহার না করে পার্শ্ববর্তী পাহাড় কেটে পাহাড়ি মাটি ব্যবহার করা হয়েছে। হ্রদে বৃষ্টি ও পাহাড়ি ঝরনার পানি বাড়তে থাকায় বাঁধের ওপর দেওয়া পাথরের তৈরি ব্লকগুলো দেবে যাচ্ছে। জানা গেছে, মহামায়া সেচ প্রকল্পের জন্য সরকার ১৯৯৮-৯৯ অর্থবছরে একটি রাবার ড্যাম ও দুইটি স্লুইস গেট নির্মাণের জন্য ১২ কোটি টাকা বরাদ্দ দেয়। ২০০৪ সালে ঘড়িয়াইশ এলাকায় ছড়ার মধ্যে রাবার ড্যাম, স্লুইস গেট ও ওচিমিয়া সেতু এলাকায় একটি স্লুইস গেট নির্মাণের প্রাথমিক কাজ শেষ হয়। এরপর ২০০৭-০৮ অর্থবছরে মহামায়া সেচ প্রকল্পের জন্য ৩০ কিলোমিটার ছড়া সংস্কার, ১১ বর্গকিলোমিটার মাটির ড্যাম, সংযোগ সড়ক ও স্পিলওয়ে, ইনফ্রাস্ট্রাকচার নির্মাণের জন্য ২৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পের উদ্দেশ্য ছিল বর্ষা ও পাহাড়ি ঝরনার পানি রাবার ড্যামে জমা রেখে শুষ্ক মৌসুমে মিরসরাই-সীতাকুণ্ডের ১২ হাজার একর অনাবাদি জমি বোরো চাষাবাদের আওতায় আনা। এ ছাড়া মহামায়া প্রকল্পকে পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলা। এদিকে, গত ফেব্রুয়ারিতে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ মহামায়া পরিদর্শনকালে প্রকল্প এলাকায় ইকো ট্যুরিজম গড়ে তোলার পরিকল্পনার কথা জানান। তিনি পর্যটকদের জন্য প্রকল্প এলাকায় পাঁচটি পিনকিন স্পট, পাঁচটি শৌচাগার, গাড়ি পার্কিং ও ইবাদতখানা নির্মাণের স্থান পরিদর্শন করেন। ইতিমধ্যে পানিসম্পদ মন্ত্রণালয় এবং বন ও পরিবেশ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ইকো ট্যুরিজম বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু হয়েছে। তবে প্রকল্পটি উদ্বোধনের ছয় মাস না যেতেই প্রকল্পের বিভিন্ন স্থানে ফাটল ও ভাঙন দেখা দেওয়ায় পুরো বাঁধটির ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন এলাকার সচেতন নাগরিকেরা।মিরসরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান জাফর উদ্দিন আহম্মদ চৌধুরী বলেন, ‘প্রকল্পটি বাস্তবায়নের সময় পাহাড়ি মাটি ব্যবহার ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিষয়ে কর্তৃপক্ষের কাছে একাধিকবার অভিযোগ দিয়েও কোনো লাভ হয়নি।’ তিনি জানান, প্রকল্পটির পূর্ব, উত্তর ও দক্ষিণে পাহাড় এবং পশ্চিমে রেল ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, মিরসরাই সদর ইউনিয়নের ঘড়িয়াইশ গ্রাম, দুর্গাপুর ইউনিয়নের হরিয়রপুর, পূর্ব দুর্গাপুর গ্রাম রয়েছে।দু-এক দিনের বৃষ্টিতে প্রকল্পের বিভিন্ন স্থানে যেভাবে ফাটল দেখা দিয়েছে, তাতে পুরো বাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এতে আশপাশের এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।পানি উন্নয়ন বোর্ডের চট্টগ্রাম বিভাগীয় প্রধান নির্বাহী প্রকৌশলী আশরাফ জামান জানান, প্রকল্প এলাকার বিভিন্ন অংশে মাটি সরে যাওয়ার বিষয়টি তাঁরা জানেন। অতিবৃষ্টির কারণে এমনটি হয়েছে মন্তব্য করে করে তিনি বলেন, ‘ইতিমধ্যে সরে যাওয়া মাটির স্থানে বালির বাঁধ বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।তবে বিষয়টি বাঁধের জন্য তেমন ঝুঁকিপূর্ণ নয়। এত বড় প্রকল্পে সামান্য ত্রুটি-বিচ্যুতি থাকতেই পারে।’