ফেনী জেলা নির্বাচন কার্যালয় ও সার্ভার স্টেশন উদ্বোধন করা হয় গত ৬ মার্চ। কিন্তু তিন মাস পার হতে চললেও কার্যালয়টি এখনো চালু হয়নি। কর্তৃপক্ষের কাছে ভবনই হস্তান্তর করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। তা ছাড়া এখনো দেওয়া হয়নি বিদ্যুৎ সংযোগ। ফলে ভবন নির্মিত হলেও থেমে আছে সাজসজ্জা ও প্রয়োজনীয় সরঞ্জাম বসানোর কাজ।
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ২০১১ সালে জেলা প্রশাসনের মাধ্যমে শহরের মিজান সড়কে সড়ক ও জনপথ বিভাগের ২০ শতক জমি নির্বাচন কমিশনকে হস্তান্তর করা হয়। সেখানে জেলা নির্বাচন কার্যালয় ও সার্ভার স্টেশন স্থাপনের সিদ্ধান্ত নেওয়ার পর গণপূর্ত বিভাগ দরপত্র আহ্বান করে। ২০১২ সালের ১ নভেম্বর ফেনীর ঠিকাদারি প্রতিষ্ঠান মিনিমেট ইন্টারন্যাশনালকে সর্বনিম্ন দরদাতা হিসেবে ভবন নির্মাণে কার্যাদেশ দেওয়া হয়। এক কোটি ৮৪ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে তিন তলার জেলা নির্বাচন ও সার্ভার স্টেশনটি নির্মাণের কাজের সময়সীমা শেষ হয় গত বছরের ১ নভেম্বর। তবে ঠিকাদারের আবেদনে পরিপ্রেক্ষিতে সময় আরও ছয় মাস বাড়ানো হয়।
এদিকে জেলা নির্বাচন কার্যালয় ভবন বুঝে না পেলেও নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী গত ৬ মার্চ উপজেলা নির্বাচন উপলক্ষে ফেনীতে এলে ভবন উদ্বোধন করেন।
সরেজমিনে দেখা গেছে, তিনতলা ভবনের নির্মাণকাজ শেষ। রঙের প্রলেপও দেওয়া হয়েছে। রয়েছে ১৩টি কক্ষ ও একটি মিলনায়তন। বিদ্যুৎসংযোগ ছাড়া কোনো কাজ বাকি নেই।
গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আমিনুর রহমান বলেন, বিদ্যুৎসংযোগের অভাবে ভবন এখনো হস্তান্তর বা বুঝে নেওয়া যাচ্ছে না। ফলে নির্বাচন কার্যালয়ও স্থানান্তর হয়নি। বিদ্যুৎসংযোগের জন্য আগে একবার আবেদন করা হয়ে ছিল। কিন্তু বিদ্যুৎ বিভাগ আবেদনকারীর ছবি ও জাতীয় পরিচয়পত্র দিতে বলেছে। সরকারি অফিসে এটা লাগার কথা নয়। কারণ, কর্মকর্তারা আজ আছেন তো কাল নেই। তার পরও নতুন নিয়মে গত বুধবার আবেদন জানানো হয়েছে। ঠিকাদার মো. ইউছুপ জানান, ইতিমধ্যে ভবন নির্মাণের কাজ শেষ হয়েছে। এক কিলোওয়াটের একটি সোলার প্যানেলও স্থাপন করা হয়েছে। কর্তৃপক্ষ ভবনটি বুঝে নিলে তিনি যেকোনো সময় হস্তান্তর করতে প্রস্তুত। বিদ্যুৎসংযোগ পাওয়া গেলে কার্যালয়টি চালু করতে আর কোনো অসুবিধা নেই।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহবুব আলম শাহ বলেন, ‘আমরা প্রস্তুত স্থানান্তরের জন্য। কিন্তু ভবন এখনো হস্তান্তর হচ্ছে না। তা ছাড়া বিদ্যুৎসংযোগের জন্য আবেদন করা হয়েছে।’
জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেন, নির্বাচন কার্যালয়ের নিজস্ব ভবন না থাকায় জেলা কালেক্টরেট ভবনের তিনটি কক্ষ তাদের ব্যবহার করার জন্য বরাদ্দ দেওয়া হয়। দীর্ঘদিন এগুলো ব্যবহার হয়ে আসছে। বর্তমানে কক্ষগুলো জেলা প্রশাসনের কাজের জন্য প্রয়োজন। কিন্তু বিদ্যুৎসংযোগ না থাকায় কার্যালয় স্থানান্তরে দেরি হচ্ছে। আমি নিজেও বিদ্যুৎ বিভাগকে দ্রুত সময়ের মধ্যে সংযোগ দিতে অনুরোধ করেছি।
এ প্রসঙ্গে ফেনী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিতরণ) নির্বাহী প্রকৌশলী মো. আবু জাফর বলেন, বিদ্যুৎসংযোগের জন্য যথাযথ নিয়মে আবেদনসহ প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া গেলে অবশ্যই বিদ্যুৎসংযোগ দেওয়া হবে।