চিকিৎসক নেই, যন্ত্রপাতি নেই, নেই আসবাবপত্র। নেই কর্মকর্তা-কর্মচারী। আছে শুধু নামফলকসর্বস্ব তিনতলা ভবন। এ অবস্থায়ই গত ২৯ আগস্ট চট্টগ্রামের অন্যান্য প্রকল্পের সঙ্গে লোহাগাড়া ট্রমা সেন্টার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এলাকাবাসীর আশা ছিল, উদ্বোধনের পর এ ট্রমা সেন্টারে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাবেন সড়ক দুর্ঘটনা কিংবা অন্য কোনোভাবে আহত ব্যক্তিরা। কিন্তু উদ্বোধনের দুই মাস পার হতে চললেও সেন্টারের মূল ফটক এখনো তালাবদ্ধ। ফলে নানাভাবে আহত লোকজন এসে চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন হতাশ হয়ে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিভিন্ন অঞ্চল থেকে পর্যটন নগর কক্সবাজারে আসা-যাওয়ার পথে অনেকে দুর্ঘটনার শিকার হন। আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিতে অনেক সময় নষ্ট হয়। এদের সময়মতো চিকিৎসা দেওয়ার লক্ষ্যে লোহাগাড়ায় স্থাপন করা হয় ট্রমা সেন্টার। উপজেলা হাসপাতালসংলগ্ন জায়গায় ট্রমা সেন্টারটির নির্মাণকাজ শেষ হয় ২০১০ সালের মাঝামাঝি সময়ে। প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত তিনতলাবিশিষ্ট এ সেন্টারে রয়েছে দুটি ভিআইপি শয্যাসহ ২০টি শয্যা।
২৭ অক্টোবর সকাল ১১টায় উপজেলা হাসপাতালে গিয়ে জানা যায়, পদুয়া তেওয়ারিহাট থেকে লোহাগাড়া সদরে যাওয়ার পথে রাজঘাটা এলাকায় হরতাল সমর্থকদের ধাওয়া খেয়ে ট্রাক উল্টে গুরুতর আহত হন চালক মো. নুরুল আবছার। তাঁর মুখে, বুকে, মাথায় আঘাত লাগে। তাঁকে ট্রমা সেন্টারে এনে স্বজনেরা জানতে পারেন সেন্টারটি বন্ধ। পরে তাঁকে উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসান শাহরিয়ার জানান, ট্রমা সেন্টার উদ্বোধন হলেও জনবল, যন্ত্রপাতি ও আসবাবপত্র না থাকায় তা চালু করা যায়নি। তবে উপজেলা হাসপাতালে যতটুকু সম্ভব চিকিৎসা দেওয়া হয়। বিষয়টি চট্টগ্রামের সিভিল সার্জনকে জানানো হয়েছে এবং লোহাগাড়া উপজেলার সমন্বয় সভায় আলোচনা করা হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুন্নবী সরকার বলেন, গত তিন মাসে সাতকানিয়া ও লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় ছয় জন নিহত এবং প্রায় ২০ জন গুরুতর আহত হন। ট্রমা সেন্টারটি চালু থাকলে এসব লোকজন তাৎক্ষণিক সুচিকিৎসা পেতো।
সিভিল সার্জন মো. সরফরাজ চৌধুরী জনবল ও যন্ত্রপাতির অভাবের কথা স্বীকার করে প্রথম আলোকে জানান, অচিরেই ট্রমা সেন্টারটি চালুর উদ্যোগ নেওয়া হবে।