উদ্বোধনের পর থেকে তালাবদ্ধ বিএসপিআই ছাত্রীনিবাস
উদ্বোধনের পর থেকে তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের (বিএসপিআই) ছাত্রীনিবাস। ফলে কাপ্তাইয়ের বিভিন্ন এলাকার বাসা-বাড়িতে ভাড়াটিয়া হিসেবে কষ্টের মধ্যে বসবাস করতে হচ্ছে দূর-দূরান্ত থেকে আসা ছাত্রীদের। ২০১১ সালের অক্টোবরে পার্বত্য উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৫০ লাখ টাকা ব্যয়ে তিনতলা বিশিষ্ট ৩২ আসনের ছাত্রীনিবাসটি নির্মাণ করা হয়। ২০১১ সালের অক্টোবরে এটি উদ্বোধন করা হয়। জানা গেছে, ছাত্রীনিবাসের ফি নিয়ে মতবিরোধের কারণে অনেকে থাকতে অপারগতা জানানোর কারণে এটি চালু করা যাচ্ছে না। তিন পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ির একমাত্র কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বিএসপিআই। এ ছাড়াও, ঢাকা, বরিশাল, ঠাকুরগাঁও, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন এলাকা থেকে এসে অনেক ছাত্রী এখানে বিভিন্ন বিভাগে পড়ালেখা করেন। ৫০ বছরের পুরোনো এই প্রতিষ্ঠানে বর্তমানে দুই পালায় শিক্ষার্থী রয়েছেন এক হাজার সাত শ। এর মধ্যে ছাত্রীর সংখ্যা প্রায় তিন শ। শিক্ষক-শিক্ষার্থীরা জানান, বিএসপিআইয়ে থাকার কোনো ব্যবস্থা না থাকায় দূর দূরান্ত থেকে আসা ছাত্রীদের আশপাশের বিভিন্ন লোকজনের ভাড়া বাসায় মেস করে থাকতে হয়। এসব বাসায় থাকা-খাওয়া ও লেখাপড়ার পরিবেশ নেই বললেই চলে। ছাত্রীদের সুবিধার্থে বিএসপিআইয়ে একটি ছাত্রীনিবাস নির্মাণ করার জন্য ভুক্তভোগী শিক্ষার্থী এবং শিক্ষকেরা দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছিলেন। এ ব্যাপারে পার্বত্য প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারের কাছেও আবেদন জানানো হয়। সূত্র জানায়, প্রতিমন্ত্রীর উদ্যোগে ২০১১ সালে পার্বত্য উন্নয়ন বোর্ড ছাত্রী নিবাসটি নির্মাণ করে। প্রায় দেড় বছর আগে উদ্বোধন করা হলেও নানা কারণে এটি এখনো খুলে দেওয়া হয়নি।বিএসপিআইয়ের কম্পিউটার বিভাগের ছাত্রী ফেরদৌস আক্তার, কুলছুম বেগম ও নুরুন নাহার প্রথম আলোকে জানান, উদ্বোধনের পর থেকেই ছাত্রীনিবাসের প্রধান ফটক তালাবদ্ধ অবস্থায় দেখা যাচ্ছে। এটির সামনে গরু ছাগল বিচরণ করে। ফেনী থেকে আসা নাহিদা আরজু বলেন, ‘আমরা থাকার জায়গা না পেয়ে কষ্টের মধ্যে এমন ঘরে ভাড়ায় থাকছি, যেখানে ঠিকমত লেখাপড়ার পরিবেশ নেই।’ বিএসপিআইয়ের অধ্যক্ষ মো. আব্দুল মালেক প্রথম আলোকে বলেন, ‘এটি চালু করতে হলে প্রয়োজনীয় বাবুর্চি, আয়া, নিরাপত্তা প্রহরী ইত্যাদি নিয়োগ দিতে হবে।’ অধ্যক্ষ জানান, এসবের খরচ ছাত্রীনিবাসে বসবাসকারী ছাত্রীদের কাছ থেকে নেওয়ার কথা। থাকা-খাওয়ার খরচ এক হাজার আট শ টাকা নির্ধারণ করা হলেও অনেকে এ টাকা দিয়ে ছাত্রীনিবাসে উঠতে অপারগতা জানায়। বিষয়টি কারিগরি শিক্ষা বোর্ডের মহাপরিচালককে জানানো হয়েছে। এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে কারিগরি শিক্ষা বোর্ডের মহাপরিচালক (ডিজি) মো. শাহজাহান বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। বোর্ডে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ পার্বত্য প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার প্রথম আলোকে বিস্ময় প্রকাশ করে বলেন, ‘উদ্বোধনের দেড় বছর পরও এটি ব্যবহার করা হচ্ছে না তা আমার জানা ছিল না!’ তিনি যথাসম্ভব দ্রুত ছাত্রীনিবাসটি চালু করার ব্যবস্থা নিতে বিএসপিআই কর্তৃপক্ষকে নির্দেশ দেন।