উদ্বোধনের ২৪ মাস পরও চালু হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ আট বছর বন্ধ থাকার পর ২৪ মাস আগে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত কেমিক্যাল কারখানা চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্স পুনরায় চালুর ঘোষণা দেওয়া হলেও এটি এখনো উৎপাদনে যায়নি। কারখানাটি কবে চালু হবে কিংবা আদৌ চালু হবে কি না তার কোনো নিশ্চয়তা নেই। বর্তমানে কারখানার কার্যক্রম স্থগিত রয়েছে। শুরুতে নিয়োগ দেওয়া ৩৪ জন শ্রমিকের মধ্যে ৩২ জনকে গত বছরের ডিসেম্বরে চাকরিচ্যুত করা হয়েছে। এর প্রতিবাদে এবং কমপ্লেক্সটি চালুসহ শ্রমিকদের চাকরিচ্যুতির প্রতিবাদে শ্রমিক-কর্মচারীরা বিভিন্ন সময়ে বিক্ষোভ-সমাবেশ করেছেন। কিন্তু সরকার কারখানাটি চালুর ব্যাপারে কোনো সিদ্ধান্ত এখনো নেয়নি। কারখানার প্রশাসনিক সূত্র জানায়, বিগত চারদলীয় জোট সরকার ২০০২ সালের ১৫ ডিসেম্বর দেশের অন্যতম রাসায়নিক দ্রব্য উৎপাদনকারী লাভজনক প্রতিষ্ঠান চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্সটি বন্ধ করে দেয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এটি চালু করার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেয়। এ উপলক্ষে একাধিক মন্ত্রী কমপ্লেক্সটি পরিদর্শনে আসেন। ২০০৯ সালের ২৪ এপ্রিল এক অনুষ্ঠানের মাধ্যমে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া কমপ্লেক্সটি পুনরায় চালুর কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় মন্ত্রী ঘোষণা করেন কারখানাটি ২০০৯ সালের ডিসেম্বরের মধ্যে উৎপাদনে যেতে পারবে। তার আগে কারখানার যেসব যন্ত্রাংশ অকেজো হয়ে গেছে তা সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। কারখানার জন্য ৩৪ জন শ্রমিক-কর্মচারী নিয়োগ দেওয়া হয়। চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্স পুনঃচালু সংগ্রাম পরিষদের আহ্বায়ক এস এম নাসির উদ্দিন জানান, ‘উদ্বোধনের ২৪ মাস পার হলেও কারখানাটি চালু করা হয়নি। ইতিমধ্যে নিয়োগ দেওয়া ৩৪ শ্রমিকের মধ্যে ৩২ জনকে ছাঁটাই করা হয়েছে।’চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান জানান, ‘কারখানা চালুর করার ব্যাপারে সরকারের কোনো নির্দেশনা নেই। কারখানাতে উৎপাদন করার মতো যন্ত্রাংশের সংস্কার হয়নি। তা ছাড়া অস্থায়ীভাবে যে শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছিল কারখানা চালু না হওয়ায় বিধি মোতাবেক তাঁদেরকে ছাঁটাই করা হয়েছে।’ সংশ্লিষ্ট সূত্র জানায়, বিসিআইসির (বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন) পরিচালনাধীন চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্স ২০০২ সালে বন্ধ হয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি শিল্প কারখানায় ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ে। কারখানাটি বন্ধ হয়ে যাওয়ার পর সংশ্লিষ্ট কেমিক্যাল ও কস্টিক সোডা প্রতিবেশী রাষ্ট্র থেকে চার গুণ বেশি দামে আমদানি করতে হচ্ছে। এসব দ্রব্যের গুণগত মানও অনেক নিচু। এ কারণে দেশের সরকারি-বেসরকারি শিল্পকারখানা রক্ষার লক্ষ্যে বিভিন্ন মহল থেকে কারখানাটি পুনরায় চালু করার জন্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছিল। নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র জানায়, কারখানাটি চালুর জন্য প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছিল ৩০ কোটি টাকা। কিন্তু টাকার সংস্থান এখনো হয়নি। ফলে এটি চালুর সিদ্ধান্ত কার্যকর করা যাচ্ছে না।