উদ্ভাবনে এগিয়ে চুয়েটের শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রত্যন্ত গ্রাম। খুবই দক্ষ এক চোর ট্রান্সফরমার চুরি করতে এসেছে। লোকজন নেই, এটা জেনেশুনেই এসেছে চোর। চোরের মনে তাই ধরা পড়ার ভয় নেই। কিন্তু চোর যখন নিশ্চিন্ত মনে কাজ সারতে ব্যস্ত, ঠিক তখনই ট্রান্সফরমারের খুঁটির সঙ্গে লাগানো একটি যন্ত্র থেকে মুঠোফোনে চলে গেল খুদে বার্তা (এসএমএস)। মুহূর্তেই চুরির ঘটনা জানতে পারল সংশ্লিষ্ট লোকজন। ঘটনাস্থলে লোকজনের হাজির হতে সময়ও লাগল না। এভাবে হতেনাতে ধরা পড়ল চোর। চোর ধরার এই গল্প সত্যি হতে চলেছে ট্রান্সফরমার সিকিউরিটি সিস্টেম নামের এই যন্ত্রের কল্যাণে। এই যন্ত্রের উদ্ভাবক চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কয়েকজন শিক্ষার্থী। গ্রামগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরিরোধে এই যন্ত্র কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদী চুয়েটের শিক্ষার্থীরা।এগিয়ে যাচ্ছে আরএমএ: ট্রান্সফরমার সিকিউরিটি সিস্টেমের উদ্ভাবকেরা রোবোটিকস-বিষয়ক সংগঠন রোবো মেকাট্রনিকস অ্যাসোসিয়েশনের (আরএমএ) সদস্য। বেশ কয়েক বছর আগে পথচলা শুরু হলেও গত বছরের মাঝামাঝি থেকে সক্রিয় হয়েছে সংগঠনটি। এই অল্প সময়ে বেশ কিছু লাগসই প্রযুক্তি উদ্ভাবন করেছেন আরএমএর সদস্যরা। রোবোটিকস-বিষয়ক এই সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন হুমায়ন কবির, আক্কাস উদ্দিন হক, হিমাদ্রি দেব, রেজাউর রহমান, জুয়েলচন্দ্র মজুমদার, মোহাম্মদ আবু রাহাত, মোহাম্মদ রুহুল আমিন, সাইদুর রহমান ও শাহ মোহাম্মদ ফুয়াদ।আরএমএ কাজ করে রোবোটিকস নিয়ে। প্রকৌশলবিদ্যার এই নতুন শাখাটি দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় বড় ভূমিকা রাখতে পারে। আরএমএর সদস্যরা সেই ভাবনা মাথায় রেখেই কাজ করে চলেছেন।কিছু উদ্ভাবনের কথাট্রেন দুর্ঘটনা প্রতিরোধ করতে আরএমএর সদস্যরা তৈরি করেছেন ট্রাফিক কনট্রোল সিস্টেম। যার ফলে কখনোই দুটি ট্রেন এক লাইনে চলবে না। ফলে হবে না কোনো ট্রেন দুর্ঘটনা।বর্তমান সময়ে পৃথিবীজুড়ে বেড়ে গেছে প্রাকৃতিক দুর্যোগ। ঘূর্ণিঝড় ও ভূমিকম্পের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে উদ্ধারকারী রোবট। যুদ্ধক্ষেত্রে শত্রুদের গতিবিধি জানার জন্য স্পাই রোবটও তৈরি করা হয়েছে। যা দূর থেকে নিয়ন্ত্রণ করা যাবে এবং প্রতিনিয়ত ঘটনাস্থলের ভিডিও পাঠাতে পারবে। আবার দূর থেকে শত্রুসেনার অবস্থান জানার জন্য তৈরি করা হয়েছে লেজার রেঞ্জ ফাইন্ডার। এ ছাড়াও সংগঠনটি তৈরি করেছে ভয়েস কমান্ড রোবোটিক আর্ম, মিসাইল গাইডিং সিস্টেম, ফুড প্রসেসিং সিস্টেমসহ নানা প্রযুক্তি।সবার জন্য রোবোটিকস কেবল উদ্ভাবন নয়, রোবোটিকসকে জনপ্রিয় করে তুলতেও কাজ করে যাচ্ছে আরএমএ। বিভিন্ন অনুষদের শিক্ষার্থীদের মধ্যে এ সংগঠন চালু করেছে শিক্ষাকার্যক্রম। এই কার্যক্রমের আওতায় বিভিন্ন বর্ষের প্রায় ৪০ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণও দেওয়া হচ্ছে।আরএমএর সদস্য চুয়েটের তৃতীয় বর্ষের ছাত্র হিমাদ্রি দেব বলেন, ‘রোবোটিকস বা রোবট বলতে আমরা শুধু হলিউডি সিনেমাতে দেখানো একদল কল্পগল্পই বুঝি। কিন্তু এটা রোবোটিকস নয়। যন্ত্রের মধ্যে কিছু বুদ্ধিমত্তা যোগ করে তা আরও দক্ষ করে তোলাই রোবোটিকসের কাজ। আমরা এমন যন্ত্র উদ্ভাবন করে দেশের অগ্রগতিতে অবদান রাখতে চাই।’