উদ্ভাবনের স্বত্ব নিয়ে বিপত্তি এড়াতে ওয়েবসাইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্যের উদ্ভাবনের স্বীকৃতি নিজের নামে দাবি করার ঘটনা নতুন নয়। এটা নিয়ে বিপত্তিও কম হয় না। এমন বিপত্তি এড়াতে যুক্তরাষ্ট্রে কৃতিস্বত্ব (পেটেন্ট) নিয়ে একটি ওয়েবসাইট চালু হতে যাচ্ছে।উদ্ভাবনের স্বীকৃতির দাবিতে যুক্তরাষ্ট্রের পেটেন্ট কার্যালয়ে প্রতি সপ্তাহে গড়ে কয়েক শ আবেদন আসে। এসবের বেশির ভাগই ভুয়া। এমন আবেদনও আসে যা মোটেও মৌলিক কিছু নয়। প্রতিটি আবেদন যাচাইয়ে তারা গড়ে ২৩ ঘণ্টার বেশি সময় দিতে পারে না। এর ফলে কৃতিস্বত্ব নিয়ে ছোটখাটো ভুলত্রুটি থেকে যায়।উদ্ভাবনের কৃতিস্বত্ব নিয়ে বিভ্রান্তি এড়াতে মার্কিন পেটেন্ট কার্যালয়কে সহায়তা করতে এগিয়ে এসেছে স্ট্যাক এক্সচেঞ্জ নামের একটি প্রতিষ্ঠান। প্রশ্ন ও উত্তর খোঁজা—জ্ঞানভিত্তিক ওয়েবসাইট পরিচালনার ক্ষেত্রে যথেষ্ট সুনাম রয়েছে এ প্রতিষ্ঠানটির। ওয়েবসাইটটির নাম ‘আস্ক পেটেন্টস’। এই ওয়েবসাইট মিথ্যা বা অসত্য পেটেন্ট দাবিদারকে খুঁজে বের করে মানুষকে সঠিক তথ্য দিতে সহায়তা করবে। চাইলে যে কেউ এ সাইটে কৃতিস্বত্ব-সংক্রান্ত তথ্য দিতে পারবে। কারও উদ্ভাবন নিয়ে সন্দেহ হলেও সে ব্যাপারেও তথ্যপ্রমাণ দাখিল করতে পারবে। স্ট্যাক এক্সচেঞ্জের প্রধান কর্ণধার জোয়েল স্পুলস্কাই বলেন, ‘আমাদের আশা, সাইটটি ভুলক্রমে যাদের পেটেন্ট দেওয়া হয়েছে, তা সংশোধন করবে। এ ছাড়া মৌলিক উদ্ভাবন নয়, এমন সব বিষয়ও তুলে ধরবে।’ বিবিসি।