তামাক পাতা চাষ নিয়ে উদ্বেগের শেষ নেই। তামাকের মাধ্যমে যুবসমাজের ক্ষতির আশঙ্কা প্রবল। কিন্তু এই তামাকজাত পাতা থেকে পোলিও টিকা উদ্ভাবনের দিকে এগিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। তামাকজাত পাতার রাসায়নিক রূপান্তর ঘটিয়ে তা থেকে পোলিও নিরোধক টিকার ‘কারখানা’ পাওয়ার আশা করছেন বিজ্ঞানীরা।
যুক্তরাজ্যের নরফকের জন ইন্স সেন্টারের একদল বিজ্ঞানী এই কাজ এগিয়ে নিয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় এই গবেষণাকাজ করা হচ্ছে। গবেষকেরা বলেন, উদ্ভিদ থেকে টিকা পাওয়ার এই কৌশল বেশ সহজ। কম খরচে দ্রুত সময়ের মধ্যে তা অর্জন সম্ভব। তাঁরা আশা করছেন, তাঁদের এই প্রচেষ্টার ফলে কেবল পোলিও নির্মূল হবে তা নয়, ইবোলা এবং জিকার মতো রোগের প্রাদুর্ভাবও প্রতিরোধ সম্ভব হবে।
জন ইন্স সেন্টারের অধ্যাপক জর্জ লোমোনোসফ বলেন, বিদ্যমান পোলিও টিকার পরিবর্তে নতুন টিকা চালুর জন্য এই উদ্যোগ নেওয়া
হয়েছে। এই প্রক্রিয়ায় তামাকজাত উদ্ভিদের মাঝে রাসায়নিক রূপান্তর ঘটিয়ে সেখান থেকে ‘ভাইরাস-কণা’ পাওয়া যায়। সেখান থেকে তৈরি হবে পোলিও টিকা।
যুক্তরাজ্যের ন্যাশনাল ইনস্টিটিউট ফর বায়োলজিক্যাল স্ট্যান্ডার্ডস অ্যান্ড কন্ট্রোলের মুখ্য বিজ্ঞানী অ্যান্ড্রু ম্যাকাডাম বলেন, বর্তমানে যে পোলিও টিকা দেওয়া হয়, তা তৈরি করা হয় জীবন্ত ভাইরাস থেকে। এর ফলে নতুন করে পোলিওতে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। তাই নতুন টিকার চিন্তা করা হচ্ছে। তিনি বলেন, এই গবেষণার ফলে আরও সস্তায় পাওয়া যাবে পোলিও টিকা এবং তা হবে ‘ভাইরাস-কণা’নির্ভর।