উদ্যোক্তা আবদুল মান্নান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের প্রতিষ্ঠানে অন্যদের কাজ ​দেখিয়ে দিচ্ছেন আবদুল মান্নান l ছবি : প্রথম আলো
নিজের প্রতিষ্ঠানে অন্যদের কাজ ​দেখিয়ে দিচ্ছেন আবদুল মান্নান l ছবি : প্রথম আলো

ইউনিয়ন পর্যায়ে সেবা দিয়ে হয়েছেন দেশসেরা উদ্যোক্তা। পাশাপাশি ব্লগে লেখালেখি করে বাল্যবিবাহ বন্ধ, মাদক প্রতিরোধ, বিদ্যুৎ চুরি বন্ধসহ বিভিন্ন সামাজিক কাজেও পেয়েছেন একাধিক স্বীকৃতি। তিনি নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা আবদুল মান্নান। সেবা দিয়ে নিজে তো স্বাবলম্বী হয়েছেনই। করেছেন আটজনের কর্মসংস্থানের সুযোগ।
উদ্যোক্তা হওয়ার গল্প বলতে গিয়ে তিনি বলেন, পারিবারিক টানাপোড়েনে ২০০৮ সালে সম্মান শ্রেণিতে ভর্তি হয়ে যখন পড়াশোনার খরচ জোগাতে হিমশিম খেতে হচ্ছিল। তখন একটি ফটোকপির যন্ত্র, রিচার্জের তিনটি মোবাইল ও একটি কম্পিউটার ব্যবসায় নামি। কয়েক দিন যেতে না যেতেই ২০১১ সালে সরকার উদ্যোগ নেয় ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের (বর্তমানে ইউনিয়ন ডিজিটাল সেন্টার)। এর মধ্যে আদিয়াবাদ ইউনিয়নটি বাদ যায়নি। তখন আদিয়াবাদের উদ্যোক্তা ছিলেন স্থানীয় জুনায়েদ ভাই। তখন ব্যবসায় মন্দাভাব দেখা দেয়। তাই হাতে একটু সময় পেলেই সময় দিতে লাগলাম জুনায়েদ ভাইয়ের তথ্যসেবা কেন্দ্রে। চার-পাঁচ মাসের মাথায় জুনায়েদ ভাই বিদেশে পাড়ি জমালে তথ্যসেবা কেন্দ্রের হাল ধরার মতো কেউ ছিল না। গ্রাম পুলিশের পাহারায় তথ্যসেবা কেন্দ্রে তালা ঝুলতে থাকে দিনের পর দিন। নষ্ট হয়ে যাবে বলে কেউ কোনো যন্ত্রাংশে হাত পর্যন্ত দিত না। কেন্দ্র পরিচালনায় কোনো দিকনির্দেশনা আর ব্লগ মনিটরিং টুলে আইডি পাসওয়ার্ড না থাকায় আমার দোকানে বসে সরকারি সেবা দেওয়া সম্ভব হতো না।
এরই মধ্যে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একজন অফিস সহকারী মাসে একবার পরিদর্শনে আসতেন। তখন আমাকে নিয়ে নামমাত্র বসানো হতো। আবার লোকজন চলে গেলে ঝুলিয়ে দেওয়া হতো তালা। আয়ের দিক থেকে আদিয়াবাদ ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্র ছিল শূন্যের খাতায়। বিষয়টি জেলা প্রশাসক ওবায়দুল আজমের (তৎকালীন) নজরে এলে তিনি আমাকে নিয়মিত উদ্যোক্তা হতে উৎসাহিত করেন। ২০১২ সালের ১৮ জানুয়ারি উদ্যোক্তা হিসেবে চুক্তিবদ্ধ হই। তখন ইউডিসির সব যন্ত্রাংশ অকেজো অবস্থায় পাওয়া যায়। তখন নিজের কম্পিউটারটি নিয়ে এসে কাজ শুরু করলে প্রথম দিন আয় হয় মাত্র ৭০ টাকা। পরদিন দেড় শ টাকা। এভাবে কেটে গেল এক সপ্তাহ।
সেবার মান বাড়াতে না পারায় আয় স্থির হয়ে রইল। পরে একটি বেসরকারি এনজিও থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে যন্ত্রপাতি ঠিক করে কাজে মনোযোগ দিলাম। এরপর থেকে অনলাইনে জন্মনিবন্ধন, নাগরিক সেবা সনদ, জমির পর্চা, ই-মেইল, জন্ম ও মৃত্যু নিবন্ধন, পাসপোর্ট ফরম পূরণ, কম্পিউটার প্রশিক্ষণ, মোবাইল ব্যাংকিং, চাকরির তথ্য, স্কাইপের মাধ্যমে বিদেশে কথা বলার সেবা চালু করা হলো। পরের মাসে আয় হয় ২০ হাজার টাকা। আস্তে আস্তে সেবার পরিসর বাড়িয়ে বর্তমানে ৩৭টি সেবা চালু আছে। যা জেলার অন্য কোনো ইউডিসিতে নেই। এরই মধ্যে বছর শেষে ওই তথ্যকেন্দ্রে মাসিক আয় দাঁড়ায় ১ লাখ ২০ হাজার টাকা। জেলার ৭১টি ইউনিয়নে ১৪২ জন উদ্যোক্তা রয়েছেন।
ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা হিসেবে ২০১১ থেকে ২০১৫ পর্যন্ত জেলার সেরা উদ্যোক্তা নির্বাচিত হন। এ ছাড়া ২০১৪ ও ২০১৫ সালে জাতীয়ভাবে হন বর্ষসেরা উদ্যোক্তা। প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের কাছ থেকে ২০১৫ সালের মার্চ মাসে গ্রহণ করেন ‘বেসিস অ্যাওয়ার্ড’। একই বছর স্থানীয় কৃষকদের কৃষিতে তথ্যপ্রযুক্তি ব্যবহারের জন্য উৎসাহিত করার মাধ্যমে সেবা দিয়ে পেয়েছেন জাতীয় ‘কৃষি পদক’। সর্বশেষ গত ফেব্রুয়ারিতে কৃষি সম্প্রসারণ, গ্রামীণফোন ও বিআইআইডি যৌথ আয়োজনে উদ্ভাবনী প্রতিযোগিতায় ‘আগামীর কৃষক, ই-কৃষক’ বিশেষ সম্মাননা লাভ করেন।
জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান বলেন, ‘উদ্যোক্তা হিসেবে আবদুল মান্নান সবার অনুকরণীয় হতে পারেন। চাকরি না করেও কীভাবে একজন স্বাবলম্বী হতে পারেন, সেটা মান্নানকে না দেখলে বোঝার উপায় নেই। সেবা দিয়ে শুধু তিনি একা স্বাবলম্বী হননি, পাশাপাশি আটজনের কর্মসংস্থানের সুযোগও তৈরি করেছেন।’