উদ্যোগ, উদ্ভাবন, পুরস্কারের বছর

২০১৬ সালে ‘স্বপ্ন নিয়ে’র শেষ সংখ্যা এটি। এ বছর প্রায় প্রতিটি সংখ্যায় বাংলাদেশের উজ্জ্বল তরুণদের খবর প্রকাশ পেয়েছে। চলুন, নতুন বছরে পা ফেলার আগে একবার তাঁদের কীর্তিগুলো স্মরণ করে আরও একবার অনুপ্রাণিত হই।
বছরের প্রথম মাসেই সুখবর আসে বাংলাদেশি জ্যোতির্বিজ্ঞানী রুবাব খানের হাত ধরে। তাঁর নেতৃত্বে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার একদল গবেষক খুঁজে পেয়েছেন আরাধ্য পাঁচটি নক্ষত্র। তাঁকে নিয়ে স্বপ্ন নিয়ের পাতায় খবর প্রকাশিত হয়েছিল ১৭ জানুয়ারি সংখ্যায়। ওই মাসেই গ্রিসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ডিবেটিং চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার সুযোগ পেয়ে চমকে দিয়েছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একটি দল। ওদিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ছাত্র শাহরুখ নূর-এ-তমাল লবণ ছাড়া চামড়া সংরক্ষণের উপায় আবিষ্কারের পথ দেখিয়ে তরুণ বিজ্ঞানীর পুরস্কার জিতেছিলেন ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব লেদার টেকনোলজিস্ট অ্যান্ড কেমিস্ট সোসাইটিসের।

যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফোর্বস এশিয়ার অনূর্ধ্ব-৩০ বছরের সেরা তরুণ সামাজিক উদ্যোক্তাদের তালিকায় জায়গা করে নিয়েছিলেন ওসামা বিন নূর। এই তরুণ বছরজুড়ে ছিলেন আলোচিত। মার্চে দুটি বড় আন্তর্জাতিক প্রতিযোগিতার আসরে বাজিমাত করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। প্রতিযোগিতা দুটি ছিল চীনের ‘সিগন্যাল প্রসেসিং কাপ’ ও ভারতের ‘অ্যাজিওট্রপি’। এদিকে সারা বিশ্বের সহস্রাধিক তরুণের সঙ্গে প্রতিযোগিতা করে প্রথম জিস্ট টেক আই প্রতিযোগিতা থেকে প্রথম পুরস্কার নিয়ে ফিরেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ছাত্রী সামিনা সারওয়াত।
এই ধারাবাহিকতা ছিল বছরজুড়েই। বছরের শেষে এসেও যেমন বাংলাদেশের দুই তরুণ রাহাত হোসেন ও সাজিদ ইকবাল দিলেন আরেক সুখবর। এই দুই তরুণ যুক্তরাজ্যের রানির দ্য কুইন্স ইয়াং লিডারস অ্যাওয়ার্ড-২০১৭ জিতেছেন। শুধু পুরস্কারই নয়, বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়মিত আয়োজন করেছে সাংস্কৃতিক উৎসব, বিতর্ক উৎসব, ছায়া জাতিসংঘ সম্মেলন, উদ্ভাবনী ও শিক্ষাসংশ্লিষ্ট প্রতিযোগিতা।