উদ্যোগ যশোরের আজিমের 'ব্যাপ' ব্র্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ব্যাপ’—এর উদ্যোক্তা যশোরের আজিম খান কর্মীদের কাজ দেখিয়ে দিচ্ছেন। ছবি: এহসান-উদ-দৌলা
‘ব্যাপ’—এর উদ্যোক্তা যশোরের আজিম খান কর্মীদের কাজ দেখিয়ে দিচ্ছেন। ছবি: এহসান-উদ-দৌলা

কিছু করে দেখানোর একটা স্বপ্ন ছিল। চাকরি করে সেই স্বপ্নের বাস্তবায়ন সম্ভব ছিল না। তাই ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েও হলেন পুরোদস্তুর উদ্যোক্তা। গড়ে তুললেন তৈরি পোশাকের কারখানা। সেই কারখানার পোশাক এখন জনপ্রিয় ব্র্যান্ড ‘ব্যাপ’ (বাংলাদেশ অ্যাপারেল প্রোডাক্টস) নামে দেশের বাজারে বিপণন হচ্ছে। ওই ব্র্যান্ডের উদ্যোক্তা যশোর শহরের তরুণ উদ্যোক্তা আজিম খান। শহরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কে ১২০০ বর্গফুটের নিজস্ব শোরুম রয়েছে ব্যাপের। রয়েছে দুটি নিজস্ব কারখানা। কারখানা দুটি শহরের নলডাঙ্গা সড়কে ও সদর উপজেলার পতেঙ্গালী গ্রামে। যেখানে ৫০ জন নারী-পুরুষের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। গত সোমবার নলডাঙ্গা সড়কের কারখানায় গিয়ে দেখা গেল, ছয় কক্ষের কারখানায় ১৯ জন নারী-পুরুষ মিলে তৈরি পোশাকের কাজ করছেন। উদ্যোক্তা আজিম খান তাঁদের কাজের তদারক করছেন। নিজে বসে থেকে কর্মীদের হাতেকলমে কাজ দেখিয়ে দিচ্ছেন। কারখানায় বসে কথা হলো আজিম খানের সঙ্গে। তিনি জানান, ব্যাপ ব্র্যান্ডটি জনপ্রিয় করতে নানা বাধা অতিক্রম করতে হয়েছে। যে কারণে ১২ হাজার টাকা দিয়ে শুরুর কারখানাটি আজ তিন কোটি টাকার কারখানায় পরিণত হয়েছে। কারখানার বয়োজ্যেষ্ঠ কারিগর আবদুল হাই জানান, দুই বছর ধরে তিনি এ কারখানায় প্যান্ট তৈরির কাজ করছেন। পণ্য উৎপাদন করে তিনি প্রতি মাসে ৮ থেকে ১০ হাজার টাকা রোজগার করতে পারেন। এতে তাঁর চারজনের সংসার ভালোভাবে চলে যাচ্ছে। ছেলেমেয়েদের লেখাপড়া করাচ্ছেন। নারী শ্রমিক আরজু বেগম বলেন, ‘পাঁচ বছর ধরে আমি এ কারখানায় টি-শার্ট কাটিং ও তৈরির কাজ করছি। এখন পাঁচ হাজার টাকা মাসিক বেতন পাচ্ছি। ওই টাকায় সংসার চলে যায়। একমাত্র ছেলেকে লেখাপড়াও করাচ্ছি।’ তিনি যখন এ কারখানায় আসেন, তখন কোনো ধরনের পোশাকের কাজ জানতেন না। তাঁর মতো অন্য নারী শ্রমিকেরাও অদক্ষ ছিলেন। এখানে এসে কাজ শিখে সবাই দক্ষ কারিগর হয়েছেন। তাঁরা এখন স্বাবলম্বী। ২০০৩ সালের ৪ ফেব্রুয়ারি মায়ের একটি সেলাই মেশিন আর ১২ হাজার টাকা নিয়ে আজিম খান ব্যবসা শুরু করেন। তিনি নিজে ছেলেদের শার্ট-প্যান্ট-পাঞ্জাবি আর টি-শার্ট তৈরি করে বাজারে বিক্রি করতেন। এসব পণ্যের গায়ে ব্যাপ নামের একটি সিল লাগিয়ে দিতেন। সেই থেকে ব্যবসা শুরু। মান ও গুণে দিন দিন ব্যাপের জনপ্রিয়তা বাড়তে থাকে। ব্যাংকঋণের জন্য তিনি যমুনা ব্যাংকের দ্বারস্থ হন। ব্যাংকের কর্মকর্তা যেদিন তাঁর কারখানা পরিদর্শনে আসেন, সেদিন একটি নাটকীয় ঘটনা ঘটে। যে ইজিবাইকে উঠে তাঁরা কারখানায় যান, ওই বাইকের চালকের গায়ের র্টি-শার্টটি ছিল ব্যাপ ব্র্যান্ডের। ওই কর্মকর্তা বিষয়টি দেখেই বুঝেছিলেন ব্যাপের কতটা জনপ্রিয়তা। যে কারণে ঋণ পেতে আর বেগ পেতে হয়নি। দেশের দক্ষিণাঞ্চলের পোশাক জগতে ব্যাপ এখন একটি জনপ্রিয় নাম। ব্যাপের পণ্য এখন যশোর জেলার গণ্ডি পেরিয়ে দক্ষিণের আরও তিন জেলার বাজারে যাচ্ছে। পাঁচজন পরিবেশকের (ডিলার) মাধ্যমে চুয়াডাঙ্গা, পাবনা ও সাতক্ষীরা জেলায় ব্যাপের পণ্য বাজারজাত করা হয়। ব্র্যান্ডটি জনপ্রিয় করার পেছনে কী কৌশল রয়েছে? এমন প্রশ্নে আজিম খান বলেন, ‘কম লাভে বেশি পণ্য বিক্রি’। এ ছাড়া, ব্যাপের প্রতিটি পণ্যে ছয় মাসের গ্যারান্টি দেওয়া হয়। এ সময়ের মধ্যে বিক্রীত পণ্যের কোনো ধরনের ত্রুটি দেখা দিলে পণ্যটি বদলে দেওয়া হয়। এতে ক্রেতারা আত্মবিশ্বাস নিয়ে ব্যাপের পণ্য কেনেন। আর এ কারণেই আমাদের পণ্যের শতভাগ মান ধরে রাখতে হয়। এটিই জনপ্রিয়তা অর্জনের মূল কারণ বলে আমরা বিশ্বাস করি।’ আজিম খান জানান, যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে স্নাতক ও ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে তিনি কিছুদিন ব্র্যাকের একটি প্রকল্পে চাকরি নেন। স্নাতক দ্বিতীয় বর্ষ থেকেই একটি স্বপ্ন ছিল নিজের মধ্যে, সেটি হচ্ছে ‘কিছু করে দেখানো’। কোনো বেসরকারি সংস্থায় চাকরি করে সেটা সম্ভব হবে না বুঝতে পেরে ঢাকার তৈরি পোশাকের বায়িং হাউসে চাকরি নেন। সেখানে পোশাক তৈরি ও বাজার ব্যবস্থাপনার কাজ শেখেন। এর মধ্যে দ্বিতীয় সন্তানের জন্ম হলে যশোরে ফিরে আসেন। তারপর নিজে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন নিয়ে তৈরি পোশাকের দোকান দেন। সেই স্বপ্ন আজ অনেকটা সত্যি হয়েছে। চাকরি করে মাসে ১২ হাজার টাকা আয় হতো। এখন খরচ বাদে মাসে অন্তত ৩৫ হাজার টাকার ওপরে আয় হয়। তা ছাড়া তাঁর কারখানায় যে অন্তত ৫০ জন মানুষের কর্মসংস্থান হয়েছে, এটি তাঁর জন্য সত্যিই খুব আনন্দের। দেশীয় পণ্য উৎপাদনের আনন্দ আরও বেশি। এখন ব্যাপের পণ্য ভারতে রপ্তানির চেষ্টা চালানো হচ্ছে বলেও তিনি জানান।