উদ্যোগী শাহ্লা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীন সফরে শাহ্‌লা ইসলাম
চীন সফরে শাহ্‌লা ইসলাম

শাহ্লা ইসলাম পড়ছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব)-এর মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগে। 
শাহ্লা গত ২৩-২৪ মার্চ দুই দিনব্যাপী চিনের হাং হু শহরে অনুষ্ঠিত এশিয়া ইউরোপ ফাউন্ডেশন আয়োজিত এক সম্মেলনে অংশ নেন। এ সম্মেলনে এশিয়া ও ইউরোপের ৫১টি দেশের ৫১ জন শিক্ষানবিশ প্রতিনিধি অংশ নেন। যাঁদের মধ্যে শাহ্লা ছিলেন বাংলাদেশি প্রতিনিধি। 
সম্মেলনটি মূলত ছিল কীভাবে বিশ্ববিদ্যালয় ও ব্যবসায় প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে শিক্ষাব্যবস্থাকে আরও উন্নততর করা সম্ভব, সেই বিষয়ের ওপর। বিষয়বস্তুর দিক থেকে সম্মেলনটি তিনটি দলে বিভক্ত ছিল। প্রতিটি দলে ১৮-১৯ জন প্রতিনিধি ছিলেন, যাঁরা তাঁদের নিজ নিজ দেশের শিক্ষাব্যবস্থাকে তুলে ধরেন। 
শাহ্লা ছিলেন ‘শিল্পোদ্যোক্তা’ দলের অন্যতম প্রতিনিধি। তিনি বাংলাদেশের উদ্যোক্তা, বিশেষ করে তরুণ উদ্যোক্তাদের সম্পর্কে আলোচনা করেন এবং এশিয়া ও ইউরোপের অন্যান্য উন্নত দেশের উদ্যোক্তাদের বিপরীতে তাঁদের অবস্থান তুলে ধরেন। 
তিনি বলেন, ‘বাংলাদেশে অনেক তরুণ উদ্যোক্তা রয়েছেন এবং আগামী দিনে এ সংখ্যা আরও বাড়বে। তরুণ উদ্যোক্তাদের সংখ্যা যত বাড়বে, দেশের আর্থসামাজিক কাঠামো ততই পরিবর্তিত হবে এবং বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে।’ 
তিনি আরও মনে করেন, ছাত্রাবস্থায় উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করার সর্বোৎকৃষ্ট সময়। কারণ হিসেবে তিনি বলেন, ‘এই সময় একজন ব্যক্তির ওপর বিভিন্ন ধরনের চাপ কম থাকে, যা তাকে নতুন নতুন বিষয়ের প্রতি উদ্যোগী হতে সহায়তা করে।’ 
শাহ্লা আরও জানান, তরুণ উদ্যোক্তা গড়ার ক্ষেত্রে দেশের বিশ্ববিদ্যালয়গুলো বিভিন্ন তহবিল বা ব্যবসায় প্রতিষ্ঠানের যৌথ সহায়তার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, যা এশিয়া ও ইউরোপের অনেক উন্নত দেশের বিশ্ববিদ্যালয় করে আসছে। 
নানা গুণের গুণী শাহ্লা। এ সফর ছাড়াও শাহ্লা এ বছরই হংকং ইউনিভার্সিটির পলিটিক্যাল ইকোনমির ওপর একটি ইভেন্টে অংশ নেন। চলচ্চিত্র নিয়ে শাহ্লার আগ্রহ রয়েছে। তিনি ইতিমধ্যেই টুকটুকের চশমা এবং স্বপ্নযাত্রা নামে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন, যার জন্য তিনি যথাক্রমে ২০১০ সালে অনুষ্ঠিত তৃতীয় ‘আন্তর্জাতিক শিশু উৎসব’-এ প্রথম পুরস্কার লাভ করেন এবং ‘মীনা অ্যাওয়ার্ড’-এর জন্য মনোনীত হন।