উদ্যোক্তাদের সফলতা হাতের মুঠোয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবিসি রেডিওর স্টুডিওতে প্রথম আলো জবসের ‘হতে চাই পেতে চাই’ অনুষ্ঠানে ৪ জানুয়ারি এসেছিলেন আপট্রেন্ড ডিস্ট্রিবিউশন বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা গাজী মো. জাকির হোসেন। কথা বলেছেন কথাবন্ধু লিনার সঙ্গে। অনট্রপ্রনার অর্থাৎ উদ্যোক্তাদের নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছেকথাবন্ধু: শুরুতেই জানতে চাইব অনট্রপ্রনার বলতে কী বোঝায়?গাজী মো. জাকির হোসেন: অনট্রপ্রনার হচ্ছেন উদ্যোক্তা, এ ক্ষেত্রে যাঁরা নতুন কোনো উদ্যোগ নিতে চান বা ব্যবসা শুরু করতে চান, তাঁদেরই অনট্রপ্রনার বা উদ্যোক্তা বলা হয়। এ জন্য একটি উদ্যোগ এবং নির্দিষ্ট কিছু মূলধন থাকলেই তাঁরা উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করতে পারেন।কথাবন্ধু: আপট্রেন্ড ডিস্ট্রিবিউশন বাংলাদেশ লিমিটেডের কার্যক্রম কী কী?গাজী মো. জাকির হোসেন: আপট্রেন্ড ডিস্ট্রিবিউশন বাংলাদেশ লিমিটেড মূলত একটি ইলেকট্রনিক কমার্স (ই-কমার্স) নেটওয়ার্ক বিপণন প্রতিষ্ঠান। এটি আমাদের দেশে মূলত নেটওয়ার্ক মার্কেটিংয়ের একটি নতুন ধারা সৃষ্টির কাজ শুরু করেছে। প্রতিষ্ঠানটি মালয়েশিয়া ও বাংলাদেশের যৌথ অংশীদারির ভিত্তিতে কাজ করছে। এ ছাড়া আমরা প্রতিদিনই দেশের হাজার হাজার যুবকের উন্নয়নে কাজ করে যাচ্ছি। নেটওয়ার্ক মার্কেটিংয়ের মূল ধারাকে আরও বড় পরিসরে ছড়িয়ে দিতেই এ প্রতিষ্ঠানটিকে তৈরি করা।কথাবন্ধু: প্রতিষ্ঠানের নাম কীভাবে নিবন্ধন করতে হয়? এ ক্ষেত্রে কোনো লাইসেন্সের দরকার আছে কি?গাজী মো. জাকির হোসেন: হ্যাঁ, অবশ্যই ব্যবসা শুরু করার আগে প্রতিষ্ঠানের একটি নাম দিতে হবে। জয়েন্ট স্টক কোম্পানি এখন এ কাজটি অনলাইনে করে দেয়। তাই যে কেউ এখন অনলাইনে কোম্পানির নিবন্ধন করিয়ে নিতে পারে।কথাবন্ধু: জয়েন্ট ভেঞ্চার ও ফ্রেঞ্চাইজির মধ্যে তফাত কী? দেশের বাইরের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এটা কীভাবে করা যায়?গাজী মো. জাকির হোসেন: জয়েন্ট ভেঞ্চার ও ফ্রেঞ্চাইজি দুটি আলাদা বিষয়। জয়েন্ট ভেঞ্চার হচ্ছে বিদেশি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে দেশীয় কোনো প্রতিষ্ঠান সংযুক্ত হয়ে অর্থাৎ যৌথ অংশীদারির ভিত্তিতে কাজ করা। আর ফ্রেঞ্চাইজি হচ্ছে কোনো প্রতিষ্ঠানের স্থানীয় বা শাখাপ্রতিনিধি। যেমন—ম্যাকডোনাল্ডস, কেএফসি ইত্যাদি। ফ্রেঞ্চাইজি হচ্ছে ওই প্রতিষ্ঠানটির নিয়মকানুন পালন করে তার ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়া। আর দেশের বাইরের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ব্যবসা করতে হলে বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়া কিছু নিয়মকানুন জানতে হবে। সে ক্ষেত্রে শাখাপ্রতিনিধি হওয়ার জন্য একটি চুক্তিপত্র করতে হবে। কারণ জেএসসি (জয়েন্ট স্টক কোম্পানি) চুক্তিপত্র বা সনদপত্র ছাড়া কোনো লাইসেন্স বা অনুমতি প্রদান করে না।কথাবন্ধু: উদ্যোক্তা হতে হলে কী ধরনের শিক্ষাগত যোগ্যতা থাকা উচিত? এ ক্ষেত্রে বিশেষ প্রশিক্ষণ বা কোর্সের দরকার আছে কি?গাজী মো. জাকির হোসেন: বর্তমান সময়ে কমপক্ষে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা থাকা উচিত। তবে একজন সফল উদ্যোক্তা হতে হলে স্নাতক পর্যায় হচ্ছে সঠিক শিক্ষাগত যোগ্যতা। এ ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠান নানা ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকে। তবে নতুন কোনো উদ্যোগ নিতে হলে তাঁকে অবশ্যই সে বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে হবে। এ জন্য আমরা আমাদের উদ্যোক্তাদের জন্য বিশেষ প্রশিক্ষণেরও ব্যবস্থা করে থাকি। কথাবন্ধু: ব্যাংকের মাধ্যমে উদ্যোক্তারা কীভাবে সাহায্য পেতে পারেন?গাজী মো. জাকির হোসেন: একদম নতুন উদ্যোক্তাদের জন্য নতুন কোনো ধরনের স্কিম নেই। ব্যাংকগুলো উদ্যোক্তাদের মধ্যে যাঁরা বর্তমানে ভালো করছেন বা কিছুদিন ব্যবসা করেছেন, তাঁদেরই এসএমই (ক্ষুদ্র ও মাঝারি) বা বিভিন্ন খাতে ঋণ দিয়ে থাকে। তবে নতুন কোনো উদ্যোক্তা তাঁর ব্যবসার বিবরণ দিয়ে ব্যাংকে আবেদন করলে ব্যাংকগুলো এ ক্ষেত্রে একটা ব্যবস্থা গ্রহণ করতে পারে। ব্যাংকগুলো চাইলে আমাদের দেশে উদ্যোক্তাদের সংখ্যা অনেক বেড়ে যাবে।কথাবন্ধু: নতুন কোনো ব্যবসা শুরু করার আগে নিয়মকানুনগুলো কীভাবে বা কোথা থেকে জানা যাবে?গাজী মো. জাকির হোসেন: আমাদের দেশে ইতিমধ্যেই একটি ওয়েবসাইট খুলেছে আরজেএসসি (রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানি)। তারা যদি ওয়েবসাইটে এ নিয়মকানুনগুলো প্রকাশ করে, তাহলে উদ্যোক্তাদের জন্য অনেক সুবিধা হয়। তারপর মাঝেমধ্যে আরজেএসসি ও বাণিজ্য মন্ত্রণালয়ের এ সংক্রান্ত বিভাগগুলো পত্রিকার মাধ্যমে বিজ্ঞাপন দিতে পারে।কথাবন্ধু: একজন উদ্যোক্তা কীভাবে তাঁর হতাশা ও সমস্যার মোকাবিলা করবেন?গাজী মো. জাকির হোসেন: যুব উদ্যোক্তাদের এ জন্য চারটি বিষয় মাথায় রাখতে হবে। মূলধন, লাভ, ঝুঁকি এবং চার হচ্ছে দক্ষতা। এই চারটি বিষয় মাথায় রেখে কোনো উদ্যোক্তা যদি কাজ করতে পারেন, সে ক্ষেত্রে সব সমস্যার সমাধান সম্ভব। সফলতা থাকবে হাতের মুঠোয়।কথাবন্ধু: দেশের বাইরের উদ্যোক্তাদের সঙ্গে বাংলাদেশের উদ্যোক্তাদের মধ্যে তফাত কী?গাজী মো. জাকির হোসেন: বাইরের দেশের সরকার উদ্যোক্তাদের অনেক সাহায্য করে থাকে। তাদের নিয়মকানুনগুলো অনেক পরিষ্কার ও সঠিক। আমাদের দেশে যে যাঁর মতো করে উঠে আসেন। আর বাইরের দেশে সবাই নির্দিষ্ট নিয়মকানুন পর্যবেক্ষণ করে উদ্যোগ নেন।কথাবন্ধু: আপনার প্রতিষ্ঠানকে আরও বিস্তৃত করার জন্য ভবিষ্যৎ পরিকল্পনা কী?গাজী মো. জাকির হোসেন: আমাদের উদ্যোক্তাদের সফলতার জন্য আমরা অনেক প্রকল্প হাতে নিয়েছি। এরই মধ্যে আমরা কুমিল্লায় একটি ওয়াটার প্ল্যান্টের কাজ শুরু করেছি। এ ছাড়া বিদ্যুতের চাহিদা মেটানোর জন্য একটি পাওয়ার প্ল্যান্ট এবং একটি পাঁচ তারকা হোটেল করারও ইচ্ছে রয়েছে।কথাবন্ধু: যাঁরা ভবিষ্যতে উদ্যোক্তা হতে চান, তাঁদের উদ্দেশে আপনার দিকনির্দেশনা কী হবে?গাজী মো. জাকির হোসেন: যাঁরা ভবিষ্যতে উদ্যোক্তা হতে চান, তাঁদের আমি বলব, একজন সফল উদ্যোক্তা হতে হলে অবশ্যই তাঁকে দক্ষতাসম্পন্ন হতে হবে এবং অনেক জ্ঞান অর্জন করতে হবে। উদ্যোক্তাদের সফল হওয়ার চাবিকাঠি হচ্ছে দক্ষতা, জ্ঞান আর অভিজ্ঞতা। সফল আপনি হবেনই।গ্রন্থনা: সুদীপ দে